২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃতিত্ব ক্রিকেটারদের দিলেন পেস বোলিং কোচ

চলতি বছর ওয়ানডেতে জয়ের অনুপাতে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পরের স্থানটিতে আছে বাংলাদেশ। দেশের মাটিতে টানা দশ ওয়ানডে জেতা দলটি জিতেছে টানা তিনটি সিরিজ। এর জন্য ক্রিকেটারদেরই কৃতিত্ব দিলেন পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 07:36 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

বাংলাদেশের বদলে যাওয়া আর আক্রমণাত্মক ক্রিকেট খেলার পেছনে কোচদের ভূমিকাকে বড় করে দেখেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্য ক্রিকেটাররাও বরাবরই কোচদের অবদানের কথা বলে এসেছেন। তবে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক মনে করেন, আসল কাজটা করছেন ক্রিকেটাররাই।  
 
“কোচিং ইউনিট হিসেবে আমরা খুশি কিন্তু কৃতিত্ব অবশ্যই দিতে হবে ক্রিকেটারদের। জিম্বাবুয়ে সিরিজ এবং বিশ্বকাপ থেকে আমরা দেখছি দলের শক্তি শুধু বাড়ছেই।”
 
গত বছর জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে টেস্ট ও ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারায় বাংলাদেশ। এরপর প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় তারা।
 
বিশ্বকাপের পর আরও দুটি প্রথম উপহার দেন মাশরাফিরা, পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয়। পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ওয়ানডে ও ১-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারায় স্বাগতিকরা। আর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে তারা। 
 
জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার হিথ স্ট্রিক মনে করেন, বাংলাদেশের অর্জনের এটা কেবল শুরু। তাদের পাড়ি দিতে হবে আরও লম্বা পথ। 
 
“আমার মনে হয়, বাংলাদেশ দল তাদের সামর্থ্য অনুযায়ী অর্জন করতে পারেনি। এখন তারা নিজেদের সত্যিকারের সম্ভাবনা বুঝতে শুরু করেছে।”