২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে ‘মাগা’ নন বলে দাবি করা মাস্কের পুরনো কিছু ছবি

জনপরিসরে মাস্কের যে পরিচিতি তাতে গত কয়েক দশকে তার বলা প্রায় প্রতিটি কথা বা টুইট মুহূর্তেই সবার নজরে ও রেকর্ডে চলে আসে।

নিজেকে ‘মাগা’ নন বলে দাবি করা মাস্কের পুরনো কিছু ছবি

২০২৪ সালে ট্রাম্প সমর্থকদের এক সমাবেশে মাস্ক বলেছিলেন, “আমি কেবল মাগা নই; আমি ডার্ক, গথিক মাগা।” ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 06:11 PM

Updated : 21 Nov 2026, 06:10 PM

২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর প্রথমবার এক সাক্ষাৎকারে নিজেকে ‘মাগা’ নন বলে দাবি করেছেন ইলন মাস্ক।

অথচ অতীতে নানা সময়ে তিনি নিজেকে মাগা বলেছেন ও বিভিন্ন রঙের মাগা টুপিও পরেছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

মার্কিন রাজনীতিতে MAGA-র পূর্ণ মানে হচ্ছে ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’। এটি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রাজনৈতিক স্লোগান।

এ মাসের শুরুতে অনুষ্ঠিত ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর প্রথমবারের মতো দেওয়া ওই সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্পের রাজনৈতিক আন্দোলনের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন মাস্ক।

Image

ডনাল্ড ট্রাম্পের রাজনৈতিক আন্দোলনের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন মাস্ক। ছবি: রয়টার্স

ওই নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থীদের পেছনে আনুমানিক ৪৪ কোটি ৬০ লাখ ডলার ঢেলেছিলেন। তবে তাদের অধিকাংশই নির্বাচনি দৌড়ে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন।

নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ‘ডিলবুক সামিট’-এ অংশ নিয়ে মাস্ক দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, “আমি মাগা নই।”

চীনের এক হোটেল থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন মাস্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফরে সঙ্গী হওয়া কয়েকজন শীর্ষ মার্কিন ব্যবসায়ী নির্বাহীর মধ্যে তিনিও রয়েছেন।

প্রযুক্তি জগতের অন্যতম পরিচিত ও সবচেয়ে বেশি ক্যামেরাবন্দি হওয়া এই নির্বাহী বলেছেন, “মাগা বলতে ঠিক কী বোঝায়, সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে এর মানে যদি হয় রিপাবলিকান পার্টির একগুচ্ছ নীতির প্রতি এক ধরনের অন্ধ আনুগত্য তাহলে আমার মধ্যে তা নিশ্চিতভাবেই নেই।”

Image

প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফরে সঙ্গী হওয়া কয়েকজন শীর্ষ মার্কিন ব্যবসায়ী নির্বাহীর মধ্যে তিনিও রয়েছেন। ছবি: রয়টার্স

তবে এটা নেহাতই কাকতালীয় ঘটনা যে, এই স্লোগান লেখা পোশাক কেবল মাস্কের সংগ্রহেই রয়েছে তা নয়, বরং নিয়মিতই তাকে সেসব গায়ে জড়াতেও দেখা যায়।

জনপরিসরে মাস্কের যে পরিচিতি তাতে গত কয়েক দশকে তার বলা প্রায় প্রতিটি কথা বা টুইট মুহূর্তেই সবার নজরে ও রেকর্ডে চলে আসে।

Image

মাস্ক একসময় মার্কিন ফেডারেল সংস্থার কার্যত প্রধান ছিলেন। ছবি: রয়টার্স

সেই মাস্কই ২০২৪ সালে ট্রাম্প সমর্থকদের এক সমাবেশে বলেছিলেন, “আমি কেবল মাগা নই; আমি ডার্ক, গথিক মাগা।” এর বিপরীতে এখন পাঠকদের মনে রাখতে হবে যে তিনি ‘মাগা’ নন; আর এর মানে কী, তা-ও তিনি জানেন না!

মাস্ক একসময় ট্রাম্প প্রশাসনে মার্কিন ফেডারেল সংস্থার প্রধান ছিলেন।

২০২৪ সালে ডনাল্ড ট্রাম্পের নির্বাচনি বিজয় উদ্‌যাপনের এক বক্তৃতায় তিনি একবার নয়, বরং দুবার নাৎসি স্যালুট দিয়েছিলেন এবং সেখানে তাকে তিনটি ভিন্ন রঙের ‘মাগা’ টুপি পরা অবস্থায় দেখা গেছে।