২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজকে নিয়ে উচ্ছ্বাস কোচের

মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে মুগ্ধ বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক। জিম্বাবুয়ের সাবেক এই পেসার জানিয়েছেন, প্রথম দেখাতেই মুস্তাফিজকে মনে ধরেছিল তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 07:43 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে নতুন ইতিহাস গড়েছেন মুস্তাফিজ। শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেওয়া বোলিং করে গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তরুণ এই বাঁহাতি পেসার।

নতুন শিষ্যকে নিয়ে উচ্ছ্বসিত হিথ স্ট্রিকও। সোমবার টিম হোটেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের বোলিং কোচ জানালেন সেই মুগ্ধতার কথা।

“আমি খুবই খুশি। মুস্তাফিজ অসাধারণ বোলিং করেছে। অভিষেকে ৫ উইকেটই দারুণ অর্জন। সেখানে টানা দুই ম্যাচে এমন কিছু করা সত্যিই স্পেশাল।”

স্ট্রিক জানালেন, প্রথম দেখাতেই আলাদা করে তার নজর কেড়েছিলেন মুস্তাফিজ।

“মুস্তাফিজকে আমি প্রথম দেখি গত বছর। ‘এ’ দলের হয়ে তখন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছিল। ওই সময়ই ওকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। এজন্যই আমরা চেষ্টা করেছি ওকে একটা সিস্টেমের মধ্যে রাখতে।”

অনূর্ধ্ব-১৯ দলে খেলার আগে সেভাবে বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলিতে খেলা হয়নি মুস্তাফিজের। পরে গত বছর ‘এ’ দলের হয়ে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। বছরখানেক ধরে জাতীয় দলের নেটেও নিয়মিত বল করেছেন মুস্তাফিজ।