অফস্পিনার নাসিরে মাশরাফির আস্থা
‘দ্য ফিনিশার’ নাসির হোসেনে বরাবরই মুগ্ধ মাশরাফি বিন মুর্তজা। তবে বোলার নাসির অধিনায়কের মুগ্ধতা আরও বাড়িয়েছে। তার কাছে নাসির বাংলাদেশের অন্যতম সেরা অফস্পিনার, যার যেকোনো দলের সঙ্গে ১০ ওভার বল করার সামর্থ্য আছে।
ভারতের বিপক্ষে জেতা দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করেন নাসির। ৩৩ রানে দুই উইকেট নেন তিনি। বিরাট কোহলিকে আউট করে অতিথিদের সবচেয়ে বড় জুটি ভাঙেন তিনি। ফেরান ভারতের একমাত্র অর্ধশতক করা শিখর ধাওয়ানকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, সিরিজের শুরু থেকেই নাসিরকে দিয়ে পুরো ১০ ওভার বল করানোর পরিকল্পনা ছিল তার।
“ভারত সিরিজের আগে আমি পরিসংখ্যান দেখেছি। গত এক বছরের বেশি সময় ধরে ওরা অফস্পিনের বিপক্ষে ভুগছে। ওরা অফস্পিনারের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট হারিয়েছে। সেই জায়গা থেকে আমি ঠিক করি নাসিরকে দিয়ে বল করাব।”
ইংল্যান্ড সফরে অফস্পিনার মইন আলির বিপক্ষে ভুগতে হয় ভারতের ব্যাটসম্যানদের। সেই কথা মাথায় রেখে ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে প্রথম ১০ ওভারের মধ্যে নাসিরকে বোলিংয়ে আনেন মাশরাফি।
“আমি মনে করি, আমার দলের অন্যতম সেরা অফস্পিনার নাসির। অনেকে ওকে অনিয়মিত স্পিনার হিসেবে দেখতে পারেন, কিন্তু আমার কাছে ওয়ানডের জন্য সে বাংলাদেশ দলের অন্যতম সেরা অফস্পিনার। আমি সবসময় তাকে দিয়ে ১০ ওভার করাতে চেয়েছি।”
২০১১ সালে অভিষেকের পর তিন ধরনের ক্রিকেটেই নিয়মিত হয়ে উঠেন নাসির। গত বছর হঠাৎ ছন্দ পতনে দলের বাইরে চলে যেতে হয় তাকে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চমৎকার পারফরম্যান্স আবার দলে ফেরায় তাকে।
ব্যাটসম্যান নাসিরের সামর্থ্য নিয়ে কোনো দ্বিধা নেই মাশরাফির। তার বিশ্বাস, বোলিংয়ে ভালো করলে ব্যাটিংয়ে সাফল্য পাওয়া সহজ হবে নাসিরের জন্য।
“ছন্দ সাময়িক, উত্থান-পতন থাকেই। ও যদি বোলিংয়ে ভালো করে তাহলে ওর ব্যাটিং করাটা আরও সহজ হবে। আমার ভালো লেগেছে, এখন সেও বিশ্বাস করে, যে কোনো দলের বিপক্ষে ১০ ওভার বল সে করতে পারে। আমার মনে হয়, এটা ওকে আরও ওপরে নিয়ে যেতে সাহায্য করবে।”
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র একটি বল খেলার সুযোগ হয় নাসিরের। ভারতের বিপক্ষে দুই ম্যাচে খেলেন মাত্র ২৭ বল। ব্যাটিংয়ের খুব একটা সুযোগ না মিললেও মাশরাফির বিশ্বাস, প্রয়োজনের সময় ঠিকই নিজের সেরাটা দেবেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
“আমি বিশ্বাস করি, এই মুহূর্তে ব্যাটিংয়ে সে খুব ভালো করছে। প্রথম ওয়ানডেতে সে দ্বিতীয় বলে এগিয়ে এসে ছক্কা হাঁকিয়েছে। এটা কিন্তু ইতিবাচক দিক। আমি চাই সে এটা ধরে রাখুক।”
