২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের দুষছেন ভারত অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে বিধ্বস্ত হওয়ায় ভীষণ হতাশ ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দু্ই ম্যাচেই ব্যর্থতার জন্য ব্যাটসম্যানদের দুষেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিবেদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 02:45 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ৩০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২৮ রানে অলআউট হয়ে যায় ভারত। পরের ম্যাচে ২০০ রানে গুটিয়ে যাওয়ায় লড়াইয়ের পুঁজি পায়নি অতিথি বোলাররা।

বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ৯ ওভার বাকি থাকতে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ধোনি স্বীকার করেন দুই ম্যাচেই বিধ্বস্ত হয়েছে ভারত।

“এটা খুব হতাশাজনক। আমরা দুই ম্যাচেই বিধ্বস্ত হয়েছি আর ভালো একটি উইকেটে যথেষ্ট রান করতে পারিনি।”

৪৩ রানে ৬ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান গুঁড়িয়ে দেন অতিথিদের। তবে নাসির হোসেন ও রুবেল হোসেনের কাছ থেকে বেশ সহায়তাও পেয়েছেন তিনি। টানা দুই ম্যাচে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় হতাশ ভারতের অধিনায়ক।

“উইকেট হারালে হিসেবি ঝুঁকি নেওয়া কঠিন হয়ে যায়। তাই আমরা লড়াই করার মতো রান করতে পারিনি। এটা খুব হতাশাজনক কিন্তু এখানেই সব শেষ নয়।”

ভারতের বিপক্ষে ওয়ানডেতে সব মিলিয়ে পাঁচটি জয় পেয়েছে বাংলাদেশ। এর সবকটিতে দলে ছিলেন ধোনি।

তবে এবারের সিরিজ হার নয়, ধোনিকে সবচেয়ে বেশি পোড়ায় ২০০৭ সালের বিশ্বকাপের হারটি। ওয়েস্ট ইন্ডিজে হওয়া সেই আসরে বাংলাদেশের কাছে হারা ভারত বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই।

পুরনো খবর:

মুস্তাফিজকে নিয়ে সাবধানী স্ট্রিক
আরও ক্ষুধার্ত বাংলাদেশ দল!
ধোনিকে বেদির যোগ ব্যায়ামের পরামর্শ
তরুণ পেসারদের ওপর হিথ স্ট্রিকের আস্থা
মুস্তাফিজকে নিয়ে উচ্ছ্বাস কোচের
কৃতিত্ব ক্রিকেটারদের দিলেন পেস বোলিং কোচ