মুশফিককে হারাতে চায় না বাংলাদেশ
দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এ জন্যই তার জায়গায় লিটন দাসকে কিপিংয়ের দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি জানান, বিশ্রামের সুযোগ দিতেই মুশফিককে দ্বিতীয় ওয়ানডেতে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলান তারা।
“মুশফিকের আঙুলে কিছুটা ব্যথা আছে। সে কারণেই আমরা চেয়েছিলাম, সে বিশ্রাম নিক; যেন স্বাভাবিকভাবে ব্যাট করতে পারে। আমরা তাকে হারাতে চাই না, এটাই মূল ব্যাপার।”
গত কয়েক বছর ধরেই বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসা মুশফিক। রোববার ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৬ উইকেটে জেতা দ্বিতীয় ওয়ানডেতেও ৩১ রানের কার্যকর এক ইনিংস খেলেন তিনি। সাকিব আল হাসানের সঙ্গে তার ৫৪ রানের জুটি জয়ের পথে নিয়ে যায় স্বাগতিকদের।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ডানহাতের অনামিকায় চোট পান মুশফিক। সেই চোট নিয়ে দ্বিতীয় টেস্টে কিপিং করেন তিনি। তবে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই।
মুশফিকের চোটে ফতুল্লা টেস্টে কিপিং করেন লিটন। টেস্ট শেষে মুশফিক জানান, ওয়ানডে সিরিজে কিপিং করার জন্য তিনি প্রস্তুত। প্রথম ওয়ানডেতে উইকেটের পেছনে তিনিই দাঁড়ান।
শিখর ধাওয়ানের দুটি ক্যাচ হাতছাড়া করলেও পরে পাঁচটি ক্যাচ গ্লাভসবন্দি করে দলের ৭৯ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুশফিক। দ্বিতীয় ম্যাচে তার জায়গায় কিপিং করে লিটনও ভালো করেন। চারটি ক্যাচ ধরেন এই তরুণ। পরে ব্যাটিংয়ে ৩৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন তিনি।
