আমাদের ক্রিকেটের অনেক বড় প্রাপ্তি: ফারুক
ফারুক আহমেদ প্রথম দফায় প্রধান নির্বাচক ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। সে সময় বাংলাদেশ বিশ্বকাপের ‘সুপার এইট’ খেলেছে। উপহার পেয়েছে সাকিব-তামিম-মুশফিকের মতো একগাদা ক্রিকেটার, যারা এখন বাংলাদেশ দলের প্রাণ। দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েছেন ২০১৩ সালের ডিসেম্বরে। এবার শুরুর কয়েক মাস ভালো না কাটলেও গত ৮ মাসে বাংলাদেশ ক্রিকেটে চলছে সাফল্যের বাঁধভাঙা জোয়ার। এই সাফল্য-ব্যর্থতার আখ্যান নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুখোমুখি হলেন প্রধান নির্বাচক।
অনুভূতির কথাই শুরুতে বলুন, কেমন লাগছে?
ফারুক আহমেদ: আসলে বলে বোঝানো কঠিন। এই ভালো লাগার তো শেষ নেই। ভারতকে হারাতে পারার চেয়েও বড় কথা হলো ধারাবাহিকতা ধরে রাখতে পারা। আগে এটাই আমাদের বড় সমস্যা ছিল। কিন্তু এখন আমরা টানা জিতে চলেছি, বিশ্বকাপ সাফল্যের পর পাকিস্তান-ভারতের মত দলকে এভাবে হারাচ্ছি…এসব আসলে অনেক বড় আনন্দের, অনেক তৃপ্তির।
র্যাঙ্কিংয়ের দুই নম্বর দলকে এভাবে উড়িয়ে দেওয়া…আপনার কি মনে হয় এটাই বাংলাদেশ ক্রিকেটের এখনও পর্যন্ত সেরা সাফল্য?
ফারুক: সেভাবে বললে তো বটেই। আমরা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলেছি, নিউ জিল্যান্ডকে দুইবার হোয়াইটওয়াশ করেছি, এশিয়া কাপের ফাইনাল খেলেছি, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছি। তবে র্যাঙ্কিংয়ের দুই নম্বর দলকে এভাবে হারানো অনেক বড় প্রাপ্তি। আমরা যেভাবে খেলছি, শরীরী ভাষায় যে আত্মবিশ্বাস, সেটিও বড় প্রাপ্তি।
এই বদলে যাওয়া শরীরী ভাষার কৃতিত্ব মাশরাফিকেই বেশি দেওয়া হয়….
ফারুক: সেটাই তো ঠিক। মাশরাফি নেতৃত্ব পাওয়ার দিনই আমি বলেছিলাম, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। মাশরাফি হলো ‘বর্ন লিডার।’ নেতৃত্ব ওর সহজাত গুণ। সামনে থেকে নেতৃত্ব দেয়। নিজেই যেহেতু এক যোদ্ধা, দলের সবার কাছ থেকে তাই সম্মান আদায় করে নিতে পারে। সবার সেরা খেলাটাও বের করে আনতে পারে। সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশে, হাসি-মজা করে। আবার প্রয়োজন ও দায়িত্বের ব্যাপারে কাউকেই ছাড় দেয় না। এজন্যই সে এত সফল।
এখানে কোচকেও কৃতিত্ব দিতে হবে। তার গেম প্ল্যান সফল হয়েছে দারুণ। সাপোর্ট স্টাফের বাকিদেরও কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের কথা বলতেই হবে আলাদা করে।
মুস্তাফিজকে দলে নেওয়ার সময় আপনি বলেছিলেন, বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতেই তাকে নেওয়া। বৈচিত্র দিয়েই বাজিমাত করল মুম্তাফিজ!
ফারুক: মুস্তাফিজকে আমরা গতবছর ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়েছিলাম ‘এ’ দলের হয়ে। আসলে আমরা একজন ভালো বাঁহাতি পেসার খুঁজছিলাম। মুস্তাফিজ অনূর্ধ্ব-১৯ দলের আগে কিন্তু সেভাবে আমাদের বয়সভিত্তিক দলগুলোতে খেলেনি। তার পরও ওর বোলিং চোখে পড়েছিল বলেই নিয়েছিলাম। এরপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেললাম। ভালোই করল। এবার মনে হলো, আরেকটু বড় ক্রিকেটের জন্য সে প্রস্তুত। নেটে ওকে দেখে কোচ-অধিনায়কেরও পছন্দ হয়েছিল।
দলে নেওয়ার সময় কি ভেবেছিলেন যে মুস্তাফিজ খেলবেই, নাকি ভেবেছিলেন দলের সঙ্গে থেকে কিছু শিখুক?
ফারুক: দলে যখন নিয়েছি, খেলবে ধরে নিয়েই নিতে হয়েছে। এতটা ভালো কল্পনা করা তো কঠিন। তবে আস্থা ছিল। কোচ হিথ স্ট্রিকের সঙ্গেও কিছু কাজ করেছে। ভালো লাগছে, মুস্তাফিজ আস্থার প্রতিদান দিয়েছে।
এই প্রসঙ্গেই বলা, দল নির্বাচনের পর তো আপনাদের কিছু করার নেই। মাঠে খেলে ক্রিকেটাররা। তাদের পারফরম্যান্সেই নির্ভর করে আপনাদের সাফল্য-ব্যর্থতা। এই টেনশনটা কেমন?
ফারুক: টেনশন কিছু তো হয়ই। তবে আমরা খুব ভেবে-চিন্তে দল নির্বাচন করি। সবসময়ই আপনি সফল হবেন না অবশ্যই। কিন্তু ভেবেচিন্তে নির্বাচন করলে বেশিরভাগ সময়ই সফল হওয়া যায়। আমরা এমন ক্রিকেটারকেই নির্বাচন করার চেষ্টা করি, যারা সফল হতে পারে।
নির্বাচকের কাজ তো প্রায় ‘থ্যাংকলেস জব।’ বাংলাদেশের মতো দেশে, যেখানে বলা হয় কোটি কোটি ক্রিকেটপ্রেমীর সবাই একেকজন নির্বাচক। সমালোচনা হয় প্রবল। কতটা কঠিন মানিয়ে নেওয়া?
ফারুক: একদমই থ্যাংকলেস জব। কোনা দলই সব মানুষের পছন্দ হয় না নিশ্চিত। সমালোচনা হয় তাই সবসময়ই। এই তো, এবারই আমরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ৬-৮ মাস দল ভালো করছিল না ততটা। তখন কিন্তু সমালোচনা কম হয়নি। তো এসব নিয়েই আমাদের চলতে হয়, কাজ করতে হয়। দল ভালো করলেই আমাদের তৃপ্তি।
আপনি প্রথম দফায় প্রধান নির্বাচক থাকার সময় বাংলাদেশ ২০০৭ বিশ্বকাপের সুপার এইট খেলেছে। এই দফার দায়িত্বে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলল, পাকিস্তান-ভারতকে সিরিজ হারাল।
ফারুক: শুধু আমাকে বললে অন্যায় হবে। তখনও আমার সঙ্গে অন্য নির্বাচকেরা ছিলেন, এবারও দুজন দক্ষ নির্বাচক আছেন সঙ্গে (মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার)। তাদের কথাও বলতে হবে।
আর শুধু দলের সাফল্যই শেষ কথা নয়। কতজন ভালো ক্রিকেটার আমরা দলকে বের করে দিতে পারলাম, সেটাও গুরুত্বপূর্ণ। এই দলের ৭-৮ জন ক্রিকেটারকে কিন্তু আমাদের এই নির্বাচক কমিটিই সুযোগ দিয়েছে। তাদের ভালো করতে দেখাটা তৃপ্তির। ইনজুরির কারণে মাহমুদউল্লাহ এই সিরিজ খেলতে পারল না; অভাবটাই কিন্তু বোঝা যায়নি। এটাই এই দলের শক্তি যে ২-৩ জন ক্রিকেটার চোট পেলেও অভাব বোঝা যায় না। যে-ই দলে আসে, ভালো করে। এটাই আসলে সবচেয়ে বড় তৃপ্তি।
