প্রয়োজনে নেতৃত্ব ছাড়তে প্রস্তুত ধোনি
বাংলাদেশের কাছে সিরিজ হারের পর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ভারতীয় গণমাধ্যমে। তার ভবিষ্যত পরিকল্পনা জানতে চেয়েছে দেশটির সাংবাদিকরা। সমালোচনা উড়িয়ে দিয়ে বিরক্ত ধোনি জানিয়েছেন, ভারতের ক্রিকেটের ভালোর জন্য নেতৃত্ব ছাড়তেও প্রস্তুত তিনি।
রোববার দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের হারে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ খোয়ায় ভারত। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা ধোনিকে সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে তার অধিনায়কত্ব ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জবাব দিতে হয়।
“আমি আমার ক্রিকেট উপভোগ করছি। যদি আমাকে সরিয়ে দিলে ভারতের ক্রিকেট ভালো হয়, যদি ভারতের ক্রিকেটে খারাপ যা হচ্ছে তার কারণ আমি হয়ে থাকি, অবশ্যই আমি সরে দাঁড়িয়ে একজন খেলোয়াড় হিসেবে খেলে যাব।”
ধোনি জানান, নেতৃত্ব ধরে রাখার কোনো ইচ্ছে তার নেই। বোর্ড চাইলেই সরে যাবেন তিনি।
“শেষ কথা হচ্ছে ভারত জিতুক, অধিনায়ক কে তা কোনো ব্যাপার নয়। অধিনায়কত্ব আমার কাছে একটা কাজ, একটা দায়িত্ব। এটা আমাকে দেওয়া হয়েছে। যদি তারা (বিসিসিআই) এটা নিয়ে নিতে চায় আমি খুশি হয়ে দিয়ে দেব।”
ধোনি মনে করিয়ে দেন, ক্রিকেটে কঠিন সময় আসে। প্রতিটি সিরিজ জেতা কখনও সম্ভব হয় না। তিনি জানান, সামনের বছরগুলোর জন্য পরিকল্পনা ঠিক করেছেন তিনি।
