২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মওকা মওকা’ নিয়ে মুখ খুললেন ধোনি

গত বিশ্বকাপে স্টার স্পোর্টসের তুমুল আলোচিত-সমালোচিত ‘মওকা মওকা’ বিজ্ঞাপন বাংলাদেশ সফরে এসে বারবার শুনতে বাধ্য হয়ে অবশেষে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়কের বক্তব্য, এই বিজ্ঞাপন তো ভারতীয় দল বা বোর্ড বানায়নি!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 03:26 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতকে যখন গুঁড়িয়ে দিচ্ছিল বাংলাদেশ, তখন গ্যালারিতে সমর্থকেরাও ধোনিদের ব্যঙ্গ করে গেয়ে উঠেছেন ‘মওকা মওকা’। দুই ম্যাচেই পুরো সময় জুড়ে গ্যালারিতে শোনা গেছে ‘মওকা মওকা’ সুরে গান, স্লোগান, চিৎকার। পুরস্কার বিতরণীর সময় ধোনি উপস্থাপকের সঙ্গে কথা বলার সময়ও এই ‌‘মওকা মওকা’ ধ্বনিতে কেঁপে উঠেছে চারপাশ। এমনকি স্টেডিয়ামের অফিসিয়াল ডিজে ‘মওকা মওকা’ সুর তুলেছেন শব্দযন্ত্রে।

দ্বিতীয় ম্যাচ শেষে ধোনি যখন সংবাদ সম্মেলন কক্ষে আসছিলেন, খুব কাছ থেকে তখন গ্যালারিতে চিৎকার, ‘মওকা মওকা’।

ভারতীয় অধিনায়ক দেখছিলেন এর মজার দিকটাই। সংবাদ সম্মেলনে আসার সময় ‘মওকা মওকা’ শুনে হাসছিলেন ধোনি। সংবাদ সম্মেলনে কলকাতার এক সাংবাদিক প্রশ্নও করলেন এটা নিয়ে। ধোনির মুখে তখনও হাসি।

“এই অ্যাড তো আমরা বানাইনি! এটা আমাদের বিজ্ঞাপন নয়…এটা নিয়ে আমি কিছু বলতে পারি না। কিছুই বলার নেই। আমরা এসব নিয়ে চিন্তাও করি না।”

হিন্দি ‘মওকা’ শব্দের মানে সুযোগ। বিশ্বকাপে ভারতকে একবারও হারাতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গত বিশ্বকাপের আগে স্টার স্পোর্টস তাই এটিকে ভিত্তি করে বিজ্ঞাপন বানিয়েছিল ‘মওকা মওকা।’ মানে এবার পাকিস্তানের সুযোগ। বিজ্ঞাপনটি আলোচিত হওয়ায় পরে ভারতের প্রতিটি ম্যাচের আগেই বানানো হয়েছিল নতুন নতুন ‘মওকা মওকা’ বিজ্ঞাপন।

পুরনো খবর:

মুস্তাফিজকে নিয়ে সাবধানী স্ট্রিক
আরও ক্ষুধার্ত বাংলাদেশ দল!
ধোনিকে বেদির যোগ ব্যায়ামের পরামর্শ
তরুণ পেসারদের ওপর হিথ স্ট্রিকের আস্থা
মুস্তাফিজকে নিয়ে উচ্ছ্বাস কোচের
কৃতিত্ব ক্রিকেটারদের দিলেন পেস বোলিং কোচ