ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ অধিনায়কের
গত বছরটা ভীষণ বাজে কাটছিল বাংলাদেশের; তবে বছরের শেষ দিকে জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। এরপর থেকে নিয়মিত সাফল্যই পাচ্ছে টাইগাররা। আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
রোববার ভারতকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে দেশের মাটিতে টানা ১০ ওয়ানডে জেতে বাংলাদেশ। দলের এই ধারাবাহিকতা ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন মাশরাফি।
“ধারাবাহিকতা না থাকা ছিল আমাদের সবচেয়ে বড় সমস্যা। সেটা যেমন ব্যক্তিগতভাবে তেমনি দলীয়ভাবেও। এখন সব কিছুই আমাদের পক্ষে যাচ্ছে, আশা করি এটা অব্যাহত থাকবে।”
এখন জয়ের মধ্যে থাকলেও বাংলাদেশের অধিনায়ক ভুলছেন না গত বছরে টানা হারের দুঃসহ স্মৃতি। সে সময় কী হয়নি, জিততে জিততে হার, শেষ বলে গিয়ে হার; নিজেদের সর্বোচ্চ বা প্রতিপক্ষকে সর্বনিম্ন (বাংলাদেশের বিপক্ষে) রানে অলআউট করেও হেরে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের।
এশিয়া কাপে ওয়ানডেতে আফগানিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের মতো দলের কাছেও গত বছর হেরেছে বাংলাদেশ। বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ায় মাশরাফির দল।
প্রথম টেস্টে কোনোমতে জয় পাওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি বাংলাদেশকে। টানা তিন টেস্ট জেতার পর ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজও জেতে তারা।
বিশ্বকাপে দাপটের সঙ্গে খেলে প্রখমবারের মতো কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। শেষ আটের লড়াই থেকে হেরে ফিরলেও নিজেদের ঠিকই সমীহ আদায় করে নেন মাশরাফিরা।
বিশ্বকাপের পর পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ওয়ানডে ও ১-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশ। এরপর ভারতের সঙ্গে প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা। পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও প্রথমবারের মতো সিরিজ জিতে মাশরাফিরা।
“ক্রিকেটে ‘মোমেন্টাম’ খুব গুরুত্বপূর্ণ। আশা করি, ছেলেরা এটা ধরে রাখবে। আমি চাই ওরা এমন ক্রিকেট খেলা অব্যাহত রাখুক।”
মাশরাফি জানান, গত ১৫ বছরে বাংলাদেশের ক্রিকেটকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ভারত সিরিজও তেমনটি একটি চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জে জয় বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় অর্জন বলে মনে করেন দেশসেরা পেসার।
অধিনায়ক স্বীকার করেন, গত বছরটা ভালো না কাটায় চলতি বছর দারুণ চাপের শঙ্কা ছিল তাদের। কারণ, এই বছরে বিশ্বকাপতো ছিলই, সঙ্গে বাংলাদেশের খেলা ভারত, পাকিস্তান.দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে।
“এই বছরটা আরও চাপের হবে মনে করেছিলাম। কিন্তু জানতাম, বিশ্বকাপে যদি ভালো খেলি তাহলে এই বছরের প্রত্যেকটা ঘরোয়া সিরিজে ভালো করব।”
