১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নাদিম হত্যায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের উদ্বেগ

সাংবাদিকদের উপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে এই জোট।

সাংবাদিক নাদিম হত্যায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের উদ্বেগ

গোলাম রব্বানি নাদিম

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 06:13 PM

Updated : 22 Jun 2023, 06:56 PM

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যা পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন-এমএফসি।

বাংলাদেশের মিডিয়া পর্যবেক্ষণে গঠিত উন্নয়ন সহযোগী দেশগুলোর জোটটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, “গোলাম রব্বানী নাদিমের উপর ভয়াবহ হামলার ঘটনায় আমরা, বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন।”

গত ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে নাদিমের উপর হামলা করা হয় বলে অভিযোগ উঠে। অভিযোগের মুখে বরখাস্ত হওয়ার পর গ্রেপ্তার হয়েছে বাবু, ধরা পড়েছে তার ১২ সহযোগীও।

নাদিমের পরিবারের অভিযোগ, প্রকাশিত সংবাদের জের ধরে নাদিমকে পেটানো হয়েছিল, সেখানে ইউপি চেয়ারম্যান বাবু নিজেও উপস্থিত ছিলেন।

এ ঘটনায় নাদিমের পরিবার এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এমএফসি বলেছে, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিয়েছে জেনে আমরা গৃহীত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছি।” 

বিবৃতিতে বলা হয়, “কঠিন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে, ঘটনার বিবরণ প্রকাশ করে এবং তথ্যর অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

“মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বাংলাদেশের সমাজে দায়িত্বশীল সকলকে সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের উপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানায়।”

বিবৃতিদাতা দূতাবাস ও হাই কমিশনের মধ্যে আছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস।

পুরনো খবর

পুরানো খবর:

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে মামলা
নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার
সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড
নাদিম হত্যাকারীরা ‘চিহ্নিত’, গ্রেপ্তার ১০: জামালপুরের এসপি
নাদিমের খুনিদের গ্রেপ্তারে রাজপথে সাংবাদিকরা
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সাংবাদিক নাদিম
জামালপুরে নাদিম হত্যার নেপথ্যে ‘ইউপি চেয়ারম্যানের সংবাদ প্রকাশ’
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যায় ৪ জন আটক
জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু
জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গুরুতর আহত