১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেন বন্ধে একদিনে কমলাপুরে ক্ষতি সোয়া কোটি টাকা

“যেহেতু সবগুলো ট্রেন বন্ধ ছিল সে কারণে টিকেটের টাকা যাত্রীদের ফেরত দিতে হয়েছে, ফলে রেলের ওই টাকাটা ক্ষতি হয়েছে।“

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 12:43 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে প্রায় ৩০ ঘণ্টা ট্রেন বন্ধ থাকায় রাজধানীর কমলাপুর স্টেশনের প্রায় সোয়া কোটি টাকার মত আর্থিক ক্ষতি হয়েছে।

কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, "কমলাপুর স্টেশনের টিকেট বিক্রি থেকে দৈনিক ১ কোটি ১৫ লাখ থেকে ১ কোটি ২০ লাখ টাকা আয় হয়। তো কাল যেহেতু সবগুলো ট্রেন বন্ধ ছিল সে কারণে টিকেটের টাকা যাত্রীদের ফেরত দিতে হয়েছে। ফলে রেলের ওই টাকাটা ক্ষতি হয়েছে।"

ঢাকার কমলাপুর থেকে প্রতিদিন ৪২ জোড়া আন্তঃনগর এবং ২৫ জোড়া লোকাল, মেইল, কমিউটার ট্রেন চলাচল করে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন রানিং স্টাফরা। তাতে মঙ্গলবার সারাদিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। 

নজিরবিহীন এই পরিস্থিতিতে স্টেশনে এসে ভোগান্তিতে পড়তে হয় আগাম টিকেটের যাত্রীদের। তখন যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেয় রেলওয়ে।

রেলকর্মীদের বুঝিয়ে কাজে ফেরাতে মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠক করেও সমঝোতার পথ বের করতে পারেননি রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। রানিং স্টাফদের নেতা মজিবুর রহমানকে খুঁজে না পাওয়ায় বিষয়টি আটকে থাকে।

এই চেষ্টায় যুক্ত হন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসও। কিন্তু তিনিও কোনো সমাধান দিতে পারেননি।

শেষ পর্যন্ত গভীর রাতে রাজধানীর মিন্টো রোডে যোগাযোগ ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠকের পর চলমান কর্মবিরতি প্রত্যাহার করে ট্রেন চলাচল শুরুর ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

সোমবার সন্ধ্যার পর থেকে প্রকাশ্যে না থাকা রানিং স্টাফদের নেতা মজিবুর রাত আড়াইটায় প্রেস বিফ্রিংয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, “আমাদের সমস্যা আগামীকালের (বুধবার) মধ্যে সমাধান করবেন উপদেষ্টা মহোদয়। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি। এখন থেকে কর্মবিরতি প্রত্যাহার করলাম।

“মিডিয়ার মাধ্যমে কর্মী ভাইদের বলতে চাই আপনার কাজে ফিরুন। উপদেষ্টা বলেছেন, আগের মত আমরা যা পেয়ে আসছি তা পাব।”

উপদেষ্টা মুহাম্মদ ফাওজল কবির খান সাংবাদিকদের বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এটা (তাদের দাবি পূরণ) করতে সক্ষম হব। বিদ্যমান সুবিধাদি বহাল থাকবে। আগে থেকে যেসব সুবিধা চলে আসছে তা পরিবর্তন হবে না।”

গভীর রাতের ওই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও অংশ নেন।

বৈঠক শেষে বিফ্রিংয়ে মজিবুর বলেন, “উপদেষ্টা বলেছেন দ্রুত কালকের (বুধবার) মধ্যে সমস্যার সমাধান করবে। আগের সুবিধা বিদ্যমান থাকবে, আগের ন্যায় পাব। আর ২০২২ সালের পরের নিয়োগপ্রাপ্তদের বিষয়ে কালকের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রজ্ঞাপন দেবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।"

গার্ড, লোকামাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকো মাস্টার এবং টিটিইরা রেলের রানিং স্টাফ। এরা ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত। সারাদেশে রেলওয়েতে ১৭ শর বেশি রানিং স্টাফ কাজ করেন।

দৈনিক কর্মঘণ্টা ৮ ঘণ্টা হলেও রানিং স্টাফদের গড়ে ১৫–১৮ ঘণ্টা কাজ করতে হয়। সেজন্য তাদের আগে দেওয়া হত বিশেষ আর্থিক সুবিধা, যাকে রেলওয়ের ভাষায় বলা হয় মাইলেজ। মাইলেজ রানিং স্টাফদের বেতনেরই অংশ।

প্রতি ১০০ কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের এক দিনের বেসিকের সমপরিমাণ টাকা অতিরিক্ত পেতেন। ৮ ঘণ্টায় এক দিনের কর্মদিবস ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে কাজ দাঁড়ায় আড়াই বা তিন মাসের সমপরিমাণ। তাদের বেতনও সেভাবেই দেওয়া হত।

এ ছাড়া মূল বেতনের হিসাবে অবসরকালীন ভাতা যা হয়, তার সঙ্গে অতিরিক্ত আরও ৭৫ শতাংশ টাকা বেশি দিয়ে তাদের পেনশন দেওয়া হত।

২০২২ সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের সেই সুবিধা বাতিল করা হয়। এরপর থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছিলেন।

আরও পড়ুন

কর্মবিরতির পর রেল সূচিতে গড়বড়

কর্মবিরতি প্রত্যাহার: ৩০ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

রেল যোগাযোগহীন নজিরবিহীন দুর্ভোগের একদিন

মজিবুরে 'আটকে আছে' রেলের চাকা

বুধবার সকাল ৯টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল

রেল বন্ধে দিনভর ভোগান্তি, চট্টগ্রামে বিআরটিসির বাসে গেছেন কেউ কেউ

খুলনা স্টেশনে দুর্ভোগে যাত্রীরা, কেউ কেউ ফিরেছেন বিকল্প পথে

ট্রেন বন্ধের সুযোগে বাস ভাড়া বৃদ্ধি, ক্ষুব্ধ যাত্রীরা

ট্রেন বন্ধে নারায়ণগঞ্জে ভোগান্তিতে যাত্রীরা

ট্রেন বন্ধ: বিভিন্ন স্টেশন থেকে ছেড়েছে বিআরটিসির ২৯ বাস

কর্মবিরতি চলবে, আলোচনার পথও খোলা: গার্ড কাউন্সিল সভাপতি

ময়মনসিংহে যাত্রীভর্তি ট্রেন রেখে পালিয়েছে চালক, অবরুদ্ধ স্টেশন সুপার

রানিং স্টাফদের দাবি পূরণ 'অর্থ বিভাগের হাতে', আলোচনার দরজা খোলা:

ট্রেন বন্ধ: রাজশাহী স্টেশনে ভাঙচুর যাত্রীদের

রেল কর্তৃপক্ষ আগে ব্যবস্থা নেয়নি কেন? ক্ষোভ যাত্রীদের

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা