শিক্ষার্থী প্রতিনিধি মাহফুজ আলমসহ ৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কারের পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়।
বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়নের জন্য সংবিধান সংস্কারে সরকারের কাছে সুপারিশ দিতে ৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়েছে।
ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক ও লেখক অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে গঠিত এ কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপনে কমিশনের বাকি আট সদস্যকে দায়িত্ব দেয়।
কমিশনের অন্যান্য সদস্য হলেন
>> ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক সুমাইয়া খায়ের
>> ব্যারিস্টার ইমরান সিদ্দিকী
>> ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক
>> সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া
>> ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী
>> লেখক ফিরোজ আহমেদ
>> লেখক ও মানবাধিকার কর্মী মো. মুস্তাইন বিল্লাহ
>> শিক্ষার্থী প্রতিনিধি মো. মাহফুজ আলম
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কারের পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়।
অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে এসব কমিশন গঠন করে। প্রতিটি কমিশনে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়েছে।
কমিশন প্রধানসহ পুলিশ ছাড়া বাকি সংস্কার কমিশনে আটজন করে সদস্য রাখা হয়েছে। পুলিশ ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য সংখ্যা নয়জন।
অন্যান্য কমিশনের মত সংবিধান সংস্কার কমিশনকে ৬ অক্টোবর থেকে তাদের কাজ শুরুর সময় নির্ধারণ করে সবার মতামতের ভিত্তিতে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে সময় ঠিক করে দেওয়া হয়েছে।
কমিশনগুলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করবে।
সংবিধান সংস্কারের পূর্ণাঙ্গ কমিশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা দেবে ।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার এক মাস পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গত ১১ সেপ্টেম্বর মুহাম্মদ ইউনূস বলেছিলেন, কমিশন পরবর্তী তিন মাসের মধ্যে তাদের কাজ শেষ করবে। সেদিন তিনি ছয় কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেছিলেন।
তবে পরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আইনজীবী শাহদীন মালিকের বদলে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়।
