১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহদীন মালিকের বদলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ

এ কমিশনের প্রধান হিসেবে শাহদীন মালিকের নাম ঘোষণার ১০ দিনের মাথায় তা পরিবর্তন করা হল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 09:41 AM

Updated : 10 Sep 2026, 12:17 PM

সরকারের পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে পরির্বতন এসেছে; আইনজীবী শাহদীন মালিকের জায়গায় এ দায়িত্ব দেওয়া হয়েছে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজকে।

মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে শাহদীন মালিকের নাম ঘোষণার ১০ দিনের মাথায় তা পরিবর্তন করা হল।

‘সংবিধান সংস্কার কমিশন প্রধানের নাম পরিবর্তন’ সংক্রান্ত চিঠি এদিন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন, কার্যপরিধি নির্ধারণ এবং কমিশনকে সাচিবিক সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংস্কার নিয়ে ৬ কমিশন গঠনের ঘোষণা প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রে 'ডিসটিংগুইশড প্রফেসর' হলেন আলী রীয়াজ

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিসটিংগুইশড প্রফেসর আলী রীয়াজ দীর্ঘদিন থেকে রাষ্ট্র ও সরকার নিয়ে গবেষণা ও লেখালেখি করছেন। তিনি আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) সভাপতি ও আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক আলী রীয়াজ প্রথমে যুক্তরাজ্য ও পরে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য যান। পরবর্তীতে ইস্ট-ওয়েস্ট সেন্টার ফেলোশিপে যুক্তরাষ্ট্রের হাওয়াই ইউনিভার্সিটি থেকে ১৯৯৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করেন।

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ১১ সেপ্টেম্বর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন ও কমিশন প্রধানের নাম ঘোষণা করেন। এতে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল আইনজীবি শাহদীন মালিক।

এ দায়িত্বে না থাকার বিষয়ে শাহদীন মালিকের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

সরকারের পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে কমিশন গঠন করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। 

সেদিন জাতির উদ্দেশে ভাষণে ছয়জন বিশিষ্ট নাগরিককে এসব খাতের সংস্কার কমিশনের প্রধান করার ঘোষণাও দেন তিনি।