২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণামূলক প্রবন্ধ নিয়ে হতাশা দুই অধ্যাপকের

এক শ্রেণির পাঠকের মধ্যে প্রবন্ধ-গবেষণামূলক বইয়ের চাহিদা থাকলেও সে অনুযায়ী ‘মানসম্পন্ন’ বই না প্রকাশ হওয়ায় হতাশ প্রকাশ করেছেন দুই অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও যতীন সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2017, 01:07 AM

Updated : 11 Oct 2022, 01:29 PM

পুরনো খবর:

মুখরিত বইমেলার শিশু প্রহর
মেলার প্রথম দিনেই এলো শতাধিক নতুন বই
তরুণদের আগ্রহে সায়েন্স ফিকশন
‘অমর একুশে’ প্রি-পেইড কার্ডে বই কেনা
বইমেলায় ভালোবাসার ছোঁয়া
ফাগুনের রং বইয়ের মেলায়
মেলা ঘুরে প্রিয়জনের জন‌্য বই হাতে ঘরে ফেরা
বইয়ের খবরও নিচ্ছে বাংলা একাডেমি
বইমেলার শুরুতে অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

প্রয়োজনের তুলনায় গবেষণামূলক প্রবন্ধ ‘নিতান্ত কম’ প্রকাশিত হচ্ছে বলে মনে করেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, “আমার মনে হয়, চাহিদা অনুযায়ী প্রকাশকরাও পাঠকদের প্রবন্ধ সরবরাহ করতে পারছেন না।

চিত্রটি বড় হতাশাব্যঞ্জক।

“গবেষণা কমে যাওয়া মানে আমাদের দুর্দশা আর দুর্দিন ঘনিয়ে আসছে। গবেষণা হল আমাদের এগোবার দরজা। সেই গবেষণাই যদি না হল, গবেষণামূলক বই যদি না আসল, তবে তা নিয়ে সত্যি গবেষণা করা উচিত।”

Image
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

প্রবন্ধ সাহিত্যের বাজার নিয়ে ‘দ্বিধাগ্রস্ত’ প্রাবন্ধিক মফিদুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।

লেখক-অধ্যাপক যতীন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইমেলা উপলক্ষে সবচেয়ে বেশি ছাপা হয় কবিতা, তারপর উপন্যাস আর তারপরই কিন্তু প্রবন্ধ। সেই প্রবন্ধ সত্যি মানসম্পন্ন হচ্ছে কি না –এ প্রশ্নে দ্বিধা এতদিনেও রয়ে গেল?”

পাঠকরা যখন ‘উৎসাহী’ হয়ে উঠছে, তখন প্রবন্ধের বাজারটি প্রকাশকরা আরও বাড়াবেন বলে মনে করেন তিনি।

তিনি বলেন, “তরুণদের একটি অংশ যখন প্রবন্ধের খোঁজ করতে আসছে, তখন আমার মতো মনে হয় পাঠক সত্যি সিরিয়াস হয়ে উঠছে। পাঠক নেই, তরুণরা বই পড়ে না-কথাগুলো তখন আর বিশ্বাস হতে চায় না।”

তরুণ প্রাবন্ধিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি তো ৫০ বছর বয়সে এসে প্রবন্ধ লেখা শুরু করেছিলাম। অনেক পড়াশোনা আর গবেষণা ছাড়া প্রবন্ধ লেখা উচিত হবে না। নতুবা মানসম্পন্ন প্রবন্ধ হবে কেমন করে?”

প্রকাশকরা জানান, এবারের বইমেলায় প্রবন্ধের পাঠকের আগ্রহের শীর্ষে ছিলেন সরদার ফজলুল করিম, সৈয়দ আবুল মকসুদ, সিরাজুল ইসলাম চৌধুরী, যতীন সরকার ও মফিদুল হক।

বইমেলায় প্রবন্ধের বই খুঁজতে আসাদের দলে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আসছে সেমিস্টারে থিসিস করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্রী তিশাকে। মেলায় এসে খুঁজছিলেন সমাজতত্ত্ব, দর্শন আর রাজনীতির বই। রেফারেন্স বইয়ের মতো এসব বই তার অভিসন্দর্ভকে সমৃদ্ধ করবে বলে আশাবাদী তিশা।

ইতিহাস, সভ্যতা আর চলতি সময়ের উপর প্রবন্ধ খুঁজেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসা ইতিহাসের ছাত্র মাজনুন।

তিনি বলেন, “উপন্যাস, গল্প সাহিত্যে মন তো ভরে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এই প্রবন্ধ সাহিত্যই কাজে আসে। বইমেলায় একসঙ্গে অনেকগুলো প্রকাশনীকে পেয়ে যাই বলে আমার জন্য কাজটি সোজা হয়ে যায়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সাব্বির গাজীর বন্ধুরা যখন রহস্যরোমাঞ্চ আর গল্পে ঝুঁকছে তিনি তখন খুঁজে বেড়ান গবেষণামূলক প্রবন্ধ।

Image
অধ্যাপক যতীন সরকার

অধ্যাপক যতীন সরকার

তিনি বলেন, “অগ্রণী লেখকদের লেখায় এমন কিছু তথ্য পেয়ে যাই যা ভীষণভাবে কাজে লেগে যায়। হ্যাঁ, এসব বই আমার বন্ধুরা পড়তে চায় না। আমাকে দেখে বলে আমি নাকি আঁতেল। অথচ গল্প, রোমাঞ্চ পড়ে কি লাভ হয় আমি বুঝি না।”

প্রবন্ধ সাহিত্যের খোঁজে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল ও মাহমুদ, সাংবাদিক সাদিয়া ইসলাম বৃষ্টি ও ঝুমি রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের ছাত্র ইন্দ্রজিৎ ও দীপা, বুয়েটের যন্ত্রপ্রকৌশলের ছাত্র প্রণব, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র উজ্জ্বল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরান শিশির।

মধ্যবয়সী পাঠকদেরও খুঁজতে দেখা গেল প্রবন্ধের বই।

তাদের একজন তানভীর আলম বলেন, “প্রবন্ধ, তুলনামূলক সাহিত্যই বেশি পড়া হয়। মেলায় এসেছি পছন্দের লেখকদের কোনো নতুন বই এলো কি না, তাই দেখতে।”

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া সাদী বলেন, “প্রবন্ধ সাহিত্যের খোঁজেই মূলত মেলায় আসা। রিসার্চ আর ক্লাস লেকচার তৈরি, দুটোতেই এসব বই মাঝেমধ্যে দারুণভাবে কাজে লাগে।”

বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় গবেষণামূলক বই এসেছে ৯৬টি। এসব বইয়ের মধ্যে রয়েছে- আগামী প্রকাশনী থেকে ‘শেখ হাসিনা: নির্বাচিত প্রবন্ধ’, আহমদ শরীফের ‘ডায়েরি ভাব-বুদ্বুদ’, ‘আলাপচারী’, ‘সাক্ষাৎকারে সময়কাল’।

অন্যদিকে রোদেলা থেকে প্রকাশিত হয়েছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘পুঁজিবাদের দুঃশাসন’, সনজীদা খাতুনের ‘রবীন্দ্র বিশ্বাসে মানব অভ্যুদয়’ এনেছে নবযুগ প্রকাশন, সৈয়দ শামসুল হকের ‘ফিরে এসো বাংলাদেশ’ এনেছে একুশে বাংলা প্রকাশন, নজরুল ইসলাম মঞ্জুর ‘বাঙালির ইতিহাস চর্চার ধারা’ এনেছে উৎস প্রকাশন, মুহম্মদ আলীম উদ্দিনের ‘ভাবনা বিচিত্রা’ এনেছে কৃষ্ণচূড়া, ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে এসেছে ড. ফজলুল হক সৈকতের ‘ব্যবহারিক বাংলা’, অনন্যা এনেছে সুব্রত বড়ুয়ার ‘সাহিত্যে সমাজ ও বিজ্ঞান’, মাওলা ব্রাদার্স থেকে এসেছে সামিয়া রহমানের ‘আঁধাখিচড়ে গল্প’, ভাষাপ্রকাশ থেকে আবুল কাশেম ফজলুল হকের প্রবন্ধ ‘যুগলক্রান্তি ও নীতিজিজ্ঞাসা’।

আগামী প্রকাশনীর মালিক ওসমান গণি বলেন, “প্রবন্ধের কিন্তু একটি নির্দিষ্ট পাঠকশ্রেণি থাকে। তাদের পাশাপাশি এবার মেলায় এসে তরুণ পাঠকরা প্রবন্ধ খুঁজছে। এটা বড় ইতিবাচক।”

মান নিয়ে দুই অধ্যাপকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “মানসম্পন্ন বই না এলে কি তরুণরা প্রবন্ধের দিকে ঝুঁকে? যে শ্রেণির পাঠক এসব বই কিনছে, তারা মান বিবেচনা করে কিনে নিয়ে যাচ্ছেন।”

মাওলা ব্রাদার্সের ব্যবস্থাপক অনুপ দত্ত বলেন, “প্রবন্ধের পাঠক সীমিত, নির্দিষ্ট- এ ধারণা এবার বদলে যাচ্ছে।”

বাংলাপ্রকাশের মালিক হুমায়ূন কবীর ঢালী বলেন, “সময় গড়ানোর সাথে সাথে পাঠকের রুচির বড় পরিবর্তন হচ্ছে। তারা যখন প্রবন্ধ খুঁজতে আসেন, তখন তাদের চাহিদাও আমাদের অবাক করে।”

নতুন বই

বইমেলার ষোড়শ দিনে নতুন বই এসেছে ১০২টি। এদিন মোড়ক উন্মোচন হয় ২৯টি বইয়ের। মেলায় আসা উল্লেখযোগ্য নতুন বইয়ের মধ্যে রয়েছে- অন্যপ্রকাশ থেকে হাসান আজিজুল হকের উপন্যাস ‘ছোবল’ এবং হুমায়ূন আহমেদের ‘মুক্তিযুদ্ধের বাছাই গল্প’, মাওলা ব্রাদার্স থেকে মহাদেব সাহার কাব্য ‘আমার কবিতাগ্রাম’, গ্রন্থকুটীর থেকে হুমায়ুন কবীর ঢালীর গল্প ‘আয় ফিরে যাই’ এবং হামীম কামরুল হকের ‘অক্ষর পুরুষ ও অন্যান্য গল্প’, অনিন্দ্য প্রকাশ থেকে মাসুদা ভাট্টির গল্প ‘মেয়েটি কখনো কোনো কৃষককে ভালোবাসেনি’, পরিবার পাবলিকেশন্স থেকে আহমেদ মাওলার প্রবন্ধ ‘ভাষা আন্দোলনের সাহিত্য’ ইত্যাদি।

মূলমঞ্চের আয়োজন

বৃহস্পতিবার বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘সত্তর দশকের কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কবি মুজিবুল হক কবীর। আলোচনায় অংশগ্রহণ করেন কবি ইকবাল হাসান ও ড. খালেদ হোসাইন। সভাপতিত্ব করেন কবি অসীম সাহা।

সভাপতির বক্তব্যে কবি অসীম সাহা বলেন, “স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর আমাদের ভেতরে তীব্র আবেগ জেগে উঠেছিল; তারই প্রেরণায় কবিতাজগতেও বিপুল সাড়া জেগেছিল। কিন্তু এই আবেগের তীব্রতা বাস্তবের কষাঘাতে দ্রুতই স্তিমিত হয়ে আসে।

“তবে এ সময়ের কবিদের মধ্যে অনেকেই বিস্ময়কর সব পংক্তি রচনা করেছেন, যা আজো আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে। ”