তরুণদের আগ্রহে সায়েন্স ফিকশন
দ্বিতীয় দিনে জমে উঠে বইমেলা,দর্শনার্থীদের সমাগমের পাশাপাশি বেড়েছে বইবিক্রি।
মেলায় আসা তরুণ পাঠকদের অনেকেইবললেনসায়েন্স ফিকশনের প্রতি আগ্রহের কথা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ রাসেল বলেন, “আমি জাফর ইকবালসহ বাংলাদেশের বেশকয়েকজন লেখকের সায়েন্স ফিকশন পড়ে ফেলেছি। এবার আইজ্যাক আজিমভ, আর্থার সি ক্লার্কদের সায়েন্স ফিকশনগুলো পড়ে দেখার পালা।”
একই বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিক্স বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল মামুনেরও আগ্রহ সায়েন্স ফিকশনে। পাশাপাশি তিনি কিনেছেন থ্রিলারধর্মী উপন্যাস।
সায়েন্স ফিকশনের পাশাপাশি এদিন মেলায়বিক্রিতে এগিয়ে থাকে উপন্যাস, প্রবন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র রাসেল মাহমুদ সমাজকর্ম নিয়ে গবেষণাধর্মী বই খোঁজার কথা জানান।
তরুণ লেখক সাদিয়া ইসলাম বৃষ্টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলার দর্শক এখনও স্টলকেন্দ্রিক রয়ে গেছে। আগে থেকেই তারা সিদ্ধান্ত নিয়ে রাখছে, কোন প্রকাশনী থেকে বই কিনবে। অথচ পাশের স্টলেই যে তাদের পছন্দসই বইটি মিলবে, তা তারা জানে না।”
মেলায় প্রথম দিনের অব্যবস্থাপনার ছাপ ছিল এদিনও। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসব সমস্যারসমাধান হবে বলে আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষের ভাষ্য।
নীতিমালা মেনে প্রকাশনা সংস্থাগুলোস্টল নির্মাণের কাজ শেষ করলেও মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশেরবিভিন্ন জায়গায় দেখা যায় স্টল নির্মাণের অবশিষ্ট বালু ও মটির স্তূপ। ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা। চালু হয়নি সোহরাওয়ার্দী উদ্যান অংশের তথ্যকেন্দ্র। এখানকার প্রবেশপথ নির্মাণের কাজও শেষ হয়নি।
এ বিষয়ে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, “প্রস্তুতি আছে বলেই মেলা ঠিকঠাকভাবে চলছে। প্রস্তুতি না থাকলে আরও পিছিয়ে যেতে পারত। যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে তা শীঘ্রই ঠিক হয়ে যাবে।”
এদিন মেলার তথ্যকেন্দ্রে নতুন মাত্র পাঁচটি বই আসার কথা জানা গেছে। তবে মেলায় খোঁজ নিয়ে জানা যায়, প্রথম দিনের মতো বৃহস্পতিবারও মেলায় এসেছে শতাধিক নতুন বই।
ধর্ম, সংকলন, উপন্যাস, গবেষণা-প্রবন্ধ, গল্প, ভ্রমণ, আত্মজীবনী, স্মৃতিকথা, সাক্ষাৎকার, জীবনী, কবিতা, মুক্তিযুদ্ধ, দর্শন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, সাহিত্য অভিধান, নন্দনতত্ত্ব, শিশু ক্ল্যাসিক ক্যাটাগরিতে অর্ধশত বই এনেছে প্রকাশনা সংস্থা অবসর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান আলোকচিত্রী মুস্তাফিজ মামুনের ভ্রমণ বিষয়ক বই ‘দেখুন বাংলাদেশ’ বইটিও প্রকাশ করেছে তারা।
অঙ্কুর প্রকাশনী থেকে মেলায় এসেছে ১৫টি নতুন বই। ১৬টি নতুন বই এনেছে উৎস প্রকাশ, তাদের বইয়ের মধ্যে রয়েছে প্রশান্ত মৃধার ‘গল্পসমগ্র: প্রভাব ও প্রতিঘাত’, তুলসী দাশের ‘মহাবিশ্ব মানুষ ও অন্নদাতা’, সুফি কবি আফজল শাহ’র লোকসাহিত্য গ্রন্থ ‘রিসালায়ে মারিফাত’, ব্রজেন্দ্রনাথ অর্জুনের ‘অগ্নিযুগের ইতিকথা’।
