২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় ভালোবাসার ছোঁয়া

পরণে রঙিন শাড়ি, খোপায় ফুল- এক হাত খুঁজে পেয়েছে প্রিয়জনের আরেকটি হাত, তারও পরণে পাঞ্জাবি; ভ্যালেন্টাইন’স ডে তে এভাবে জুটিবদ্ধ হয়ে বইমেলায় ঘুরতে দেখা যায় অনেককে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 11:10 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

ব্যস্ত নগর জীবনে উৎসব পেলেই সেজেগুজে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী হওয়া অনেকের এদিন শেষ ঠিকানা হয় বইমেলা।

আর তাতেই ব্যতিক্রমী চেহারা নেয় মেলাপ্রাঙ্গন। নগরের প্রেক্ষাগৃহগুলোতে যে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ চলছে তারই খানিকটা যেন চিত্রিত হয় মঙ্গলবারের বইমেলায়।

সানি-নওশীন দম্পতির সাত বছরের প্রেম সম্প্রতি পেয়েছে পরিণতি। বিয়ের পর মঙ্গলবারই এলেন বইমেলায়। সানির পছন্দ গোয়েন্দা, অনুবাদের বই। অন্যদিকে নওশীনের ভালো লাগা হুমায়ূন সাহিত্য।

সানি বলেন, “প্রেমে পড়ার পর বইমেলা মিস হয়নি কখনও। এবার একটু দেরি হয়ে গেল। আজ ভালোবাসা দিবস। ভাগ্যিস ছুটির দিনে পড়েনি বইমেলা। মওকা বুঝে তাই নওশীনকে নিয়ে চলে এলাম।”

নওশীন বলেন, “সানি প্রতিবারই আমার ভালো লাগার বইগুলো কিনে দেয়। এবারও বায়না করছি।”

পছন্দের বইয়ের খোঁজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন আশরাফুল, সঙ্গে তার প্রেমিকা আইরিন। আইরিনের পছন্দের সায়েন্স ফিকশনের খোঁজে  সারা বিকেল স্টল থেকে স্টলে ঘোরেন দুজন।

খিলগাঁও থেকে আসা শামীম-আয়েশা দম্পতি জানালেন, প্রতি বছর এই দিনেই বইমেলায় আসেন তারা। এবার কবিতাসমগ্রের পাশাপাশি কিনেছেন প্রবন্ধের বই।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষেই মন দেওয়া-নেওয়ার পর্বটি সেরেছেন রাকিব ও লতা। ভালোবাসার চিরকুট পাঠাতে রাকিব আশ্রয় নিতেন নির্মলেন্দু গুণের কবিতার। সেই পংক্তির উত্তরে লতাও লিখতেন কবিতা।‘ভালোবাসা দিবসে’ এসে তারা খুঁজে গেলেন রোমান্টিক কবিতার বই। লতা অবশ্য কিনেছেন জাফর ইকবালের সায়েন্স ফিকশন।

তরুণ পলাশ ও তার প্রেমিকা অহনার ভালোলাগা হুমায়ূন আহমেদ ও জাফর ইকবালের বই।

নিউমার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহীম ও মোহাম্মদ আসলাম এসেছিলেন সপরিবারে। ‘ভালোবাসা দিবসের’ নানা আয়োজনে যোগ দিয়ে সন্ধ্যায় তারা আসেন বইমেলা প্রাঙ্গনে।ছেলে-মেয়েদের জন্য বই কিনেছেন, আবদার মিটিয়েছেন স্ত্রীর।

মেয়ে দিশাকে নিয়ে বইমেলায় আসা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সাঈদুল ইসলাম বলেন, “ভালোবাসা দিবসে ভালোলাগার বইগুলো কিনে নেব বলে মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি। আমার মেয়েরা অবশ্য আজকাল বইটই খুব পড়ে না। পেপারে ফিচার বা ভালো গল্প ছাপা হলে তাই পড়ে।”

কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা শামীম আরা খান আসেন তার বন্ধু অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আয়েশা বেগমকে নিয়ে। তারা দুজনেই কিনেছেন প্রবন্ধের বই।

তবে ‘ভালোবাসা দিবসে’ বইমেলায় আসা তরুণ-তরুণীদের বড় অংশই বই কেনেনি। প্রেমিকার হাত ধরে এদিক ওদিক ঘুরে বেড়ানো আর সেলফি তোলা–এতেই কাটে ব্যস্ত সময়।

বই কিনেছেন-প্রশ্নের জবাবে এক তরুণীর তড়িৎ জবাব: “বই-টই পড়ি না। ঘুরতে ঘুরতে মেলায় এসে গেছি। রাতে ফেইসবুকে ছবি আপলোড করব!”