২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলা ঘুরে প্রিয়জনের জন‌্য বই হাতে ঘরে ফেরা

কর্মব্যস্ত দিনের ধকল সামলে মধ্যবয়সী কর্মকর্তা স্ত্রীকে নিয়ে চলে এলেন বইমেলায়; বাবার হাত ধরে এসেছে দুরন্ত কিশোরী, পড়ুয়া মাকে নিয়ে শেষ বিকালে ঢুঁ মেরে গেলেন তরুণ। যাওয়ার সময় তাদের সবার হাতে বই।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 10:27 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

ঠিক সন্ধ্যা নামার আগে প্রিয় মানুষের জন্য পছন্দের বই কিনে নিয়ে নানা বয়সী এই পাঠকের দল অন‌্যদেরও মেলায় এসে প্রিয়জনকে উপহার দিতে বই কেনার আহ্বান জানান।

সপ্তাহের শেষ কর্মদিবসে নানাবয়সী পাঠকের আনাগোণায় মুখর হয়ে উঠেছিল অমর একুশে বইমেলা। অনেকেই কিনে নিলেন তাদের পছন্দের বই।

রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা এরশাদুল ইসলাম আসেন তার দশম শ্রেণি পড়ুয়া ছেলে অনিককে নিয়ে।

এরশাদুল বলেন, “আমাদের পরিবারে বই পড়ার চল নেই। তবুও আমার ছেলেটি ভীষণ বইপড়ুয়া। পড়ার বইয়ের পাশাপাশি তাকে মুক্তিযুদ্ধ, ইতিহাস এমনকি রাজনীতির নানা বইও কিনে দিচ্ছি। সিলেবাসের বাইরে এসে সে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে।”

শিশুসাহিত্যিক ইদ্রিস সরকার এসেছিলেন তার নাতি ফাহিম সরকারকে নিয়ে।

ফাহিম বলেন, “দাদার কাছ থেকে আমি বই পড়ার অভ্যাস রপ্ত করেছি। দাদা সুযোগ পেলেই বই কিনে দেন। আমি মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্রের লেখা খুব পছন্দ করি।”

ইদ্রিস সরকার বলেন, “বই উপহার দেওয়ার চল তো এখন নেই বললেই চলে। তবে এই প্রজন্ম কিন্তু পড়তে চায়, সাহিত্য-ইতিহাস সম্পর্কে জানতে চায়। এটা সেটা উপহার না দিয়ে বই উপহার দিলে ওরা বড় বেশি উপকৃত হয়।”

একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ফাহিমুল হক স্ত্রী রওশন আরাকে নিয়ে মেলায় আসেন। আলাপচারিতায় তারা জানান, দুজনই পড়তে ভালোবাসেন।

ফাহিমুল বলেন, “বইমেলা ছাড়া কখনও বই কেনা হয় না। বলা ভালো, সময় হয় না আমার। আমার স্ত্রী অনুবাদ সাহিত্য পড়তে ভীষণ পছন্দ করে। তাকে পছন্দের বইটি উপহার দিতে মেলায় চলে এলাম।”

প্রবাসী লেখক তৌফিক মুজতাবাকে পাওয়া গেল আগামী প্রকাশনীর সামনে। লন্ডনপ্রবাসী এই লেখকের সঙ্গে এসেছেন তার স্ত্রী রিতা মুজতাবা।

রিতা বললেন, “আমি বাংলা ভালো পড়তে পারি না। কিন্তু বই পড়ার অভ্যাসটা কিন্তু আমার আছে। আমি এখানে এসে অনুবাদের বই খুঁজছি।”

এবার বইমেলায় আবিষ্কার প্রকাশনী থেকে এসেছে তৌফিক মুজতাবার ছোট গল্প সংকলন ‘আঙরা’।

প্রবাসে বাঙালি কমিউনিটির মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যচর্চা থাকলেও তা ‘পশ্চিমবঙ্গমুখী’ বলে আফসোস করেন তিনি।

“ওখানে ছেলে-মেয়েরা সব ভারতীয় রাইটারদের বই পড়ে। অথচ বাংলাদেশের সাহিত্য কত সমৃদ্ধ! ওরা তো বাংলা পড়তে পারে না, বুঝেও না ঠিকমতো। ওদের জন্য অনুবাদকর্মে আরও বেশি জোর দেওয়া উচিত।”

এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানও এক সভায় অনুবাদ সাহিত্যের ‘বেহাল দশায়’ হতাশা প্রকাশ করেছিলেন।

নীলফামারী থেকে মেলায় আসেন একটি গবেষণা প্রতিষ্ঠানের পরামর্শক আজমল হোসেন মণ্ডল। পাঁচবিবি শিক্ষার্থী সমিতির কোনো এক অনুষ্ঠানে শিশুদের বই উপহার দেবেন তিনি। বইমেলা ঘুরে তিনি শিশু-কিশোরদের জন্য কবিতা, গল্পসমগ্র কিনেছেন।

তিনি বলেন, “আমাদের ছেলে-মেয়েদের জানায় অনেক ঘাটতি রয়ে গেছে। ওদের ভালো লেখকের বই পড়াতে হবে। ভালো লেখকের বই পড়লে ওরা আরও সৃষ্টিশীল হয়ে গড়ে উঠবে।”

বইমেলা নিয়ে উচ্ছ্বসিত আফরিন আলম নামে একজন বলেন, “এবারের মেলা অন্যবারের চেয়ে আলাদা। পরিসর বেড়েছে মেলার। নান্দনিকতার দিক থেকেও ঠিকঠাক। আমি তো স্বজনদের বলেছি, মেলায় আসুন। প্রিয়জনকে বই উপহার দিন।”

 

‘মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ’

‘মানুষ দৃষ্টিহীন বলে অন্ধ নয়, মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ’-বাংলা একাডেমি চত্বরে স্পর্শ ব্রেইল প্রকাশনার স্টলের এমন বিজ্ঞাপনে ক্ষণিক থমকে দাঁড়ান পাঠক।

দৃষ্টিহীনদের সাহিত্যচর্চার জন্য ২০০৯ সাল থেকে কাজ করে আসা স্পর্শ ব্রেইল এবারের মেলায় নিয়ে আসছে সাতটি ব্রেইল বই, সঙ্গে থাকছে একটি অডিও সিডি।

স্পর্শ ব্রেইলের প্রতিষ্ঠাতা নাজিয়া জাবীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যখন শুরু করেছিলাম, তখন ছোটদের জন্য ছড়া, কবিতা লিখতাম। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আসা দৃষ্টিহীনরা বলল, ‘আমরা কি মুক্তিযুদ্ধ, ইতিহাস,উপন্যাস, কবিতার বই এসব পড়ব না? সেই থেকে নতুন করে ভাবনা আমাদের।”

তিনি জানান, ২১ ফেব্রুয়ারির পর মেলায় ব্রেইলের নতুন প্রকাশনাগুলো আসবে। তাদের স্টলে নিবন্ধন করে যাওয়া দৃষ্টিশক্তিহীন পাঠকদের জন্য সেই বইগুলো বিনামূল্যে পাঠানো হবে।

 

জাতীয় গ্রন্থকেন্দ্রে নতুন বই এসেছে মাত্র ৬০টি!

গ্রন্থমেলায় স্টল না পেলে সেসব প্রকাশনীর জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে বই বিক্রির সুযোগ ছিল। কিন্তু তার ব্যতয় করে, তারা বইগুলো দিয়েছেন অন্য প্রকাশনীর স্টলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে উঠে আসে মেলার নীতিমালা ভঙ্গের এই দিকটি।

জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে কর্মরত শিশু সাহিত্যিক সাদিয়া খন্দকার রেখা জানান, মেলার নবম দিন পর্যন্ত তাদের স্টলে এসেছে মাত্র ৬০টি নতুন বই।

মেলার নীতিমালা ভঙ্গের বিষয়ে গ্রন্থমেলা পরিচালনা কমিটিকে আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলা শুরুর আগে আমরা পত্রিকায় বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছিলাম। কিন্তু সেই প্রকাশকরা বিজ্ঞাপনের তোয়াক্কা করেননি। নীতিমালা ভেঙ্গেছে তারা, সেই সাথে যারা তাদের বই বিক্রি করছেন তারাও।”

“তাদের ব্যাপারে একটি শক্ত ভিজিলেন্স টিম থাকা দরকার বাংলা একাডেমির। ভবিষ্যতে এমন কাজ বন্ধ করতে হবে।”

জমে উঠেছে লিটল ম্যাগ চত্বর

সময় গড়াতে জমে উঠেছে বইমেলার লিটল ম্যাগ চত্বর।

বুধবার লিটল ম্যাগ চত্বরে মেঘফুল থেকে প্রকাশিত হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্লগ সম্পাদক আইরিন সুলতানার ‘জীবিতের বা মৃতের সহিত সম্পর্কহীন’, ইকবাল মাহমুদ ইকুর ‘বিষবৃক্ষ’। আলোক থেকে প্রকাশিত হয়েছে সায়েন্স ফিকশন ‘জিরো থেকে হিরো’, সাঝের বাড়ি প্রকাশনী থেকে এসেছে মাহদী হাসান খানের গদ্য হাটকুর সংকলন ‘ঘুণাক্ষর’, মোনাব্বার মোনায়েমের ‘যৌবনবর্ষা’।

মেঘফুলের কর্ণধার মেহেদী হাসান বলেন, “সময়ের সাথে সাথে লিটল ম্যাগ চত্বরে আসতে শুরু করেছেন পাঠকরা। লিটল ম্যাগের পরিচিত এক শ্রেণির পাঠক রয়েছে, তারাই মূলত আসছেন।”

নতুন বই

গ্রন্থমেলার নবম দিনে মেলায় নতুন বই এসেছে ১২৫টি, যার মধ্যে ১৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এর মধ্যে গল্প ২৪টি, উপন্যাস ২৭টি, প্রবন্ধ ৭টি, কবিতা ২৮টি, গবেষণা ২টি, ছড়া ৫টি, শিশুসাহিত্য ১টি, জীবনী ৩টি, মুক্তিযুদ্ধবিষয়ক ২টি, নাট ২টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ১টি, ইতিহাস ২টি, চিকিৎসা/স্বাস্থ্যবিষয়ক ২টি, সায়েন্স ফিকশন ১টি,       অন্যান্য বিষয়ে ১৭ টি বই রয়েছে।

এর মধ্যে অনিন্দ্য প্রকাশ থেকে এসেছে মোশতাক আহমেদের ‘নীল মৃত্যু’, পলাশ মাহবুবের ‘বই খুললেই ভূত’, আহমেদ রফিকের ‘সংঘাতময় বিশ্বরাজনীতি’ ও ‘বহুমাত্রিক রবীন্দ্রনাথ’, খালেদ হোসাইনের ‘এ আমি অন্য কেউ’, আগামী প্রকাশনী এনেছে আহমদ শরীফের ‘স্মরণীয় ব্যক্তিত্ব’ ও ‘ডায়েরি’, জান্নাতুন নাইম প্রীতির ‘প্রেমিক’ উপন্যাস এনেছে শব্দশৈলী।