২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাগুনের রং বইয়ের মেলায়

“এল বনান্তে পাগল বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে, চঞ্চল তরুণ দূরন্ত”-কবি নজরুলের সেই চঞ্চল তারুণ্যের দীপ্ত পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল অমর একুশে বইমেলা প্রাঙ্গন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 09:22 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

বসন্ত উৎসবের ডামোডালে সোমবার বিকালে বইমেলায় ছিল তারুণ্যের একচ্ছত্র প্রাধাণ্য। বাসন্তী রঙা শাড়ি আর লাল-হলুদ পাঞ্জাবিতে সেজে উঠা তরুণ-তরুণীদের অংশগ্রহণে মেলা হয়ে উঠে এক ‘অভূতপূর্ব প্রাণের উৎসব’।

উৎসবে এসে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, “বসন্তের আবহে, ফাগুনের প্রথম দিনে বইমেলা। দুটোই আমাদের প্রাণের উৎসব। এই অভূতপূর্ব ক্ষণকে বলা যেতে পারে মণিকাঞ্চনযোগ। এই উৎসব বাঙালির এক মহান সার্বজনীন উৎসব।”

বিকাল ৩টায় যখন বইমেলার দুয়ার খুলে, তখন প্রিয় বইয়ের খোঁজে হামলে পড়ল তরুণের দল। সকালে বসন্ত উৎসবে নাচে-গানে মুখর তরুণীটি প্রিয় বইয়ের খোঁজে হন্যে হয়ে ঘুরলেন স্টল থেকে স্টলে।

শুধুই কী তরুণ!  অফিস ফেরত সরকারি কর্মকর্তা, ব্যস্ততম নারী উদ্যোক্তা আর বিশ্ববিদ্যালয়ে পাঠদান করে আসা শিক্ষক-সবাই সেজেছেন বাসন্তী সাজে। ফাগুনের প্রথম বিকালে প্রিয়জনের হাত ধরে তারা এলেন বইমেলায়। নিজের জন্য কিংবা প্রিয় মানুষের জন্য বইটি কিনে তারা ফের মেতে উঠেছিলেন বসন্ত উদযাপনে।

 

বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিংয়ের (বিপিএল) স্টলে বই কিনতে এসেছিলেন তরুণ আজগর হোসাইন।

তিনি বলেন, “এবারের বইমেলায় চারবার এসেছি। কিন্তু আজকের দিন খুব স্পেশাল।” –তার কথায় সায় দিলেন বন্ধু রাসেল, হুসনা ও সানা।

ইকো, অনিক ও শুভ এসেছিলেন লিটল ম্যাগ চত্বরে। অনিক শাহরিয়ারের অনুবাদ উপন্যাস ‘এরাইভাল’ এসেছে এবারের বইমেলায়। বসন্ত উৎসবে এসে বন্ধু ইকো আর শুভ সেই বইটি কিনে নিলেন।

অনিক বলেন, “বসন্ত উৎসব বইমেলায় এক অন্যমাত্রা যোগ করে। এত প্রাণের উৎসব দিকে দিকে। সত্যি দারুণ!”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিতের ছাত্রী দীপার ছুটি মেলা ভার। গবেষণার কাজে সারাক্ষণ ব্যতিব্যস্ত দীপার মন ‘আইঢাই’ করছিল কখন আসবেন বইমেলায়।

“আমি সব জনপ্রিয় লেখকদের রচনা সংগ্রহ করছি। বইয়ের র‌্যাকে কার কার বই নেই, তার তালিকা নিয়ে এসেছি। এবার সেসব বই কালেক্ট করব। কাজের ফাঁকে সবগুলো বই পড়ব।”

 

একই বিশ্ববিদ্যালয়ের গণিতের ছাত্র ইন্দ্রজিৎ কুমার পাল জানান, সারাবেলা বসন্ত উৎসব উদযাপন শেষে মেলায় এসেছেন ইতিহাস ও প্রবন্ধের খোঁজে।

তরুণ আইনজীবী বনি আমিন, নাবিলা দম্পতিকে পাওয়া গেল বাংলা একাডেমির নজরুল মঞ্চের পাশে। তাদের সঙ্গে এসেছেন বন্ধু সৈয়দ আকতারুল ইসলাম ও তানিয়া।

নাবিলা বলেন, “সারাক্ষণ পড়াশোনার মধ্যেই থাকতে হয় আমাদের। তবুও তার ফাঁকে একটু সাহিত্য হলে মন্দ কী! আমরা প্রামাণ্য দলিল, রাজনৈতিক ইতিহাসের বইগুলো খুঁজছি।”

বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সুরিদ এসেছেন দলবল নিয়ে।

বই কেনার ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ব্যস্ত শিডিউলের ফাঁকে আজই ফুরসত মিলেছে। আজ খুব উপভোগ করলাম।”

 

‘প্রাণের বইমেলার’ টানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছুটে এসেছেন নৃবিজ্ঞানের ছাত্র ধনরত্ন। বন্ধু আলো আর রুকুকে নিয়ে এই আদিবাসী তরুণ সারাবেলা ঘুরেছেন ঢাক বিশ্ববিদ্যালয় এলাকার বসন্ত উৎসবে।

“এই ফাগুন উপলক্ষে আমি বইমেলায় আসি। একইসঙ্গে বসন্ত উৎসব আর বইমেলা, এই সুযোগ কি মিস করা যায়?”

চারুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী হুমায়ূন কবীর বলেন, “বরাবরের মতোই বসন্ত উৎসবের দিনে মেলায় বিক্রি বেশ ভালো। আজ তরুণরা নানা ধরণের বই কিনছেন। কবিতার দিকে ঝোঁক একটু বেশি।”

র‌্যামন পাবলিশার্সের ব্যবস্থাপক গফুর হোসেন বলেন, “আজ মেলায় এসে তরুণরা শুধু বই দেখেনি, কিনেছেও। প্রতিদিন যেন এমনই যায়।”

মদনমোহন তর্কালঙ্কারকে স্মরণ

জন্মদ্বিশতবার্ষিকী উপলক্ষে গ্রন্থমেলার মূলমঞ্চে স্মরণ করা হয় উনিশ শতকের কবি মদনমোহন তর্কালঙ্কারকে।

‘কবি রত্নাকর’ উপাধিপ্রাপ্ত এই কবির স্মরণে বইমেলার মূলমঞ্চে হয় আলোচনা সভা, যাতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শফিউল আলম। আলোচনায় অংশ নেন ড. সফিউদ্দিন আহমদ এবং ড. রতন সিদ্দিকী। সভাপতিত্ব করেন প্রাবন্ধিক-গবেষক সৈয়দ আবুল মকসুদ।

শফিউল আলম বলেন, মদনমোহন তর্কালঙ্কার ছিলেন আপাদমস্তক একজন মানবতাবাদী ব্যক্তিত্ব।

 

তিনি জানান, বাংলা সাহিত্যের ‘বিস্মৃতপ্রায়’ একজন কবি, বাংলা ভাষা-ভাষী শিশুদের জন্য তিন খণ্ড ‘শিশুশিক্ষা প্রণয়নকারী, নারীশিক্ষার প্রবক্তা, বিধবা-বিবাহের সক্রিয় সমর্থক, কুসংস্কারমুক্ত মানুষ ছিলেন মদনমোহন তর্কালঙ্কার।

মদনমোহন যখন সংস্কৃত কলেজে অধ্যয়নরত তার কাব্যপ্রতিভায় মুগ্ধ হয়ে অধ্যাপকমণ্ডলী তাকে উপাধি দিয়েছিলেন ‘কবি রত্নাকর’, তার বন্ধুরা উপাধি দিয়েছিল ‘তর্কালঙ্কার। তিনি কলকাতায় থাকতে মহাত্মা ডিরোজিওর দ্বারা প্রভাবিত হয়েছিলেন বলে জানা যায়।

সভাপতির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ বলেন, “উনিশ শতকের প্রথম দিকে বাংলায় যে নবজাগরণের সূচনা হয় তাদের অন্যতম মদনমোহন তর্কালঙ্কার। সবমিলিয়ে তিনি একজন রেনেসাঁ-মানব।”

নতুন বই

অমর একুশে গ্রন্থমেলার তেরতম দিনে নতুন বই এসেছে ৭১টি, যার মধ্যে ১৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।    

পেলে থেকে মেসি: সর্বকালের সেরা ১৫ ফুটবলার

পেলে নাকি ডিয়েগো ম্যারাদোনা? ফুটবল-শ্রেষ্ঠত্বের চিরকালীন বিতর্ক। লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? সমকালীন শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে এই দুজনের তর্কটাও তীব্র। সেই অসম্ভবকে সম্ভব করার চেষ্টার নাম ‘পেলে থেকে মেসি’।

 

ফুটবল ইতিহাসের সেরা ১৫ জনকে বেছে নেওয়া একটি বই; তাও আবার ক্রম অনুসারে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নির্মোহ বিশ্লেষণে এই বাছাই। পেলে-ম্যারাডোনা থেকে হালফিলের মেসি-রোনালদো- সবাই এখানে এক মোহনায়, অভিন্ন ক্যানভাসে।

নোমান মোহাম্মদের গ্রন্থনা এবং মোস্তফা মামুনের সম্পাদনায় ‘পেলে থেকে মেসি’ বইটি প্রকাশ পেয়েছে এবারের বইমেলায় আলোঘর প্রকাশনা থেকে। প্রচ্ছদ এঁকেছেন শতাব্দী জাহিদ। মূল্য ৪০০ টাকা।

১৬৯ পৃষ্ঠার এই বইটির মাঝে আলাদা করে রয়েছে সর্বকালের সেরা ১৫ ফুটবলারের রঙিন পোস্টার এবং তাদের মূল্যায়নের মার্কশিট। তাতে বইটির মোট পরিধি ১৮৫ পৃষ্ঠা। বইমেলায় ২১৯-২২০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ব্যতিক্রমী বইটি।

কবি মাশুক চৌধুরীর ‘স্বর্গের রেপি¬কা’

 

অমর একুশে গ্রন্থমেলায় কবি ও সাংবাদিক মাশুক চৌধুরীর সপ্তম কাব্যগ্রন্থ ‘স্বর্গের রেপি¬কা’ প্রকাশ পেয়েছে। ‘সাহস পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত বইটি গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৩৬৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

কবি মাশুক চৌধুরী জীবনভর সংযুক্ত রয়েছেন সাংবাদিকতায়। বর্তমানে তিনি ‘বাংলাদেশ প্রতিদিন’ এর প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব রয়েছেন। তবে তার কবি সত্ত্বা বেশ সক্রিয়। রাজনীতি এবং প্রেম তার কবিতার ‘প্রধান উপজীব্য’ বলে জানান তিনি।