২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুখরিত বইমেলার শিশু প্রহর

সাড়ে তিন বছরের লুবাবা এবারই প্রথম এসেছে একুশের বইমেলায়। অক্ষর চেনেনা; মায়ের কাছে রূপকথা-উপকথার গল্প শুনে মনের কোণে এঁকেছে নানা ছবি। মেলায় এসে খুঁজছে রূপকথার বই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 04:33 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

কেমন লাগছে জানতে চাইলে মুখটিপে হেসে বলল, “আমি এই এত্তগুলো গল্প জানি। শুনবে?”

লুবাবার মত কয়েকশ’ শিশু-কিশোর আর তাদের অভিভাবকদের আনাগোনায় শুক্রবারের প্রথম দুই ঘণ্টা মুখর ছিল অমর একুশে গ্রন্থমেলা।

‘শিশু প্রহর’ নামে ঘোষিত এই সময়ে শিশুতোষ বইপ্রকাশেরও তোড়জোর দেখা গেছে। শিশুদের আগমনে বইমেলা আগের দুইদিনের চেয়ে বেশি প্রাণচঞ্চল ছিল, বিক্রিও ‘ভালো’ হয়েছে বলে জানালেন প্রকাশকরা।

এদিন বেশিরভাগে শিশুরই ঝোঁক দেখা গেছে সিসিমপুরের স্টলের দিকে। শিশুদের মাতিয়ে রাখতে জনপ্রিয় এ কার্টুন সিরিজের ‘টুকটুকি’, ‘হালুম’, ‘শিপু’ আর ‘ইকরি’ও হাজির ছিল। মঞ্চে তাদের নানা উপস্থাপনা শিশুদের আনন্দ বাড়িয়ে দেয়।

Image
আকর্ষণের কেন্দ্র সিসিমপুরের স্টল

আকর্ষণের কেন্দ্র সিসিমপুরের স্টল

বাবার হাত ধরে বংশাল থেকে এসেছে মায়ান; বলল, “আমি রোজ সিসিমপুর দেখি। সিসিমপুরের বই কিনব বলে বাবাকে বলে রেখেছিলাম।”

চিকিৎসক সাবেরা পারভিন এসেছেন তার ছেলে সৈয়দ রাইয়ানকে নিয়ে। জুনিয়র ল্যাবরেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাইয়ানকে তিনি কিনে দিয়েছেন প্রবাদ প্রবচনের বই।

তিনি বলেন, “ই-বুক রিডার এসেছে, স্মার্ট ফোনে নানা অ্যাপস এসেছে। ছেলেমেয়েরা স্কুলের বইয়ের বাইরে কিছু পড়তে চায় না। কিন্তু গল্পের বই পড়েও আমাদের জগৎটাকে আরও ভালোভাবে জানা যায়। আমি চাই, ছেলেটা পড়ুয়া হোক।”

কানাডা থেকে মাত্র ক’দিন হল দেশে ফিরেছেন রুবায়েত রহমান। শুক্রবারই চার বছরের মেয়ে মেহেরিন রুবায়েতকে সঙ্গে নিয়ে এসেছেন মেলায়।

বললেন, প্রবাসে থাকা মেয়েকে বাংলা শেখায় উৎসাহ দিতেই তার আসা।

“প্রবাসে আমার মেয়েটা বাংলা বলতে পারলেও বাংলা বর্ণমালা একেবারেই শিখতে চায় না। ওকে বইমেলায় নিয়ে এসেছি, ও দেখুক বাংলা বর্ণমালার জন্য কত শিশু এসেছে। নানা রঙ-বেরঙের ফুল-পাখি আঁকা ছবি দেখে সে বায়না করছে নতুন বইয়ের। ওর জন্য প্রবাদ-প্রবচনের বই কিনেছি। এসব দেখে মেয়েটা যদি বাংলা শেখে।”

Image
আকর্ষণের কেন্দ্র সিসিমপুরের স্টল

আকর্ষণের কেন্দ্র সিসিমপুরের স্টল

মেলায় দেখা মিলল দুই জমজ বোন সামিয়া-লামিয়া’র। শেরে বাংলা নগর বালিকা বিদ্যালয়ের এই দুই শিক্ষার্থী এসেছে বাবার সাথে। কিনেছে কমিকস আর গল্পের ৮টি বই।

“বইমেলা শুরু হলেই বাবা নিয়ে আসে আমাদের। মেলার শুরুতে নতুন বই কিনতে না পারলে তো বন্ধুদের থেকে পিছিয়ে পড়ব। এসময় নতুন বইয়ের গন্ধ না শুঁকে রাতে ঘুমই আসে না,” উচ্ছ্বাস খেলছিল সামিয়ার কণ্ঠে।

তাসকিয়া আমাতুল্লাহ সাফা এসেছে মাকে নিয়ে। পরীক্ষা শেষ হলেই গল্পের বই নিয়ে বসে পড়া তার চাইই চাই।

রিডিং রুম ভর্তি আছে কমিকস, গোয়েন্দা গল্প আর গল্পগুচ্ছ দিয়ে। এবার এসেছে আহসান হাবীব, ইমদাদুল হক মিলন আর জাফর ইকবালের বই কিনতে।

জানালো বই কেনার পর স্কুলে গিয়ে নতুন বইয়ের গল্প বলবে বন্ধুদের।

সাফার মা সাইকা ইয়াসমিন বলেন, ছেলেমেয়েরা বই পড়ছে না, এমন অভিযোগের কোনো ভিত্তিই নেই।  

Image
পছন্দের বইয়ের খোঁজে

পছন্দের বইয়ের খোঁজে

“দেখুন তো, ওরা তো ঠিকই নতুন বইয়ের টানে ঠিকই ছুটে এসেছে। ওরাই ধরে নিয়ে এসেছে আমাদের। ওদের যদি আমরা বইয়ের সাথে পরিচয় করিয়ে না দিই, তবে কেমন করে পড়ুয়া হবে ওরা।”

আয়োজকরা বলেছেন, এবার প্রথম ‘শিশু প্রহরে’ শিশুদের জন্য ৬২টি নতুন বই বেরিয়েছে।

এর মধ্যে শিশুপ্রকাশ থেকে বেরিয়েছে ছয়টি বই; যার মধ্যে ইমদাদুল হক মিলনের ‘ছোটদের নানারকম গল্প’, তৌহিদ উল ইসলামের ‘একুশের মিছিল’ এবং রহীম শাহর ‘ছোটদের বিজ্ঞান জগত’ আছে।

শিশুকিশোর প্রকাশনা থেকে চারটি, ঢাকা কমিক্স থেকে ২৫টি বই, বইপড়ি থেকে তিনটি বই এসেছে।

পঙ্খিরাজ প্রকাশনীর তিনটি বইয়ের মধ্যে আছে দেওয়ান আজিজের ‘গল্পগুলো আমাদের’, মাহমুদ বিক্রমের ‘ঝুমঝুমি টুমটুমি’।

Image
আকর্ষণের কেন্দ্র সিসিমপুরের স্টল

আকর্ষণের কেন্দ্র সিসিমপুরের স্টল

আদিগন্ত প্রকাশনী বের করেছে ইমদাদুল হক মিলনের পাঁচটি বই। ঝিঙ্গেফুল থেকে বেরিয়েছে ছয়টি, শব্দশিল্প থেকে তিনটি; রেজা পাবলিকেশন্স থেকেও ছয়টি বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে আছে ‘বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য’, ‘বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন’ এর মতো শিক্ষণীয় বেশ কয়েকটি বই।

শিশুরাজ্য থেকে প্রকাশিত ছয়টি বইয়ের মধ্যে আছে আহসান হাবীবের কমিকস বই ‘ভয়ঙ্কর পোকা’, মমতাজ আহমেদের অনুবাদগ্রন্থ ‘ছোটদের মজার গল্প’।

প্রগতি পাবলিশার্সও ছোটদের জন্য দুইট বই এনেছে, এখানে পাওয়া যাবে আহসান হাবীবের ‘গদ্যভূত’ বইটিও।

গত কয়েকবছরের মত এবারও প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর‌্যন্ত মেলায় ‘শিশু প্রহর’ চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।