বইয়ের খবরও নিচ্ছে বাংলা একাডেমি
একুশের বইমেলায় প্রকাশনা সংস্থাগুলো কী ধরনের বই আনছে, কোন বইগুলোতে পাঠক আগ্রহ দেখাচ্ছে, তা জানতে কাজে নামছে বাংলা একাডেমি।
মেলার পঞ্চম দিনে রোববার গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার গুণগত মানের দিকে আমরা কড়া নজর রাখছি। এবারের মেলার মূল লক্ষ্যই গুণগত মানসম্পন্ন বই।
“বইমেলায় সিরিয়াস বই বিক্রি হচ্ছে, না কি হালকা বই বিক্রি হচ্ছে; পাঠক কি সৃজনশীল বই বেশি কিনছে, না কি রহস্য-রোমাঞ্চ বই বেশি কিনছে, এ বিষয়গুলোও আমরা লক্ষ্য রাখছি।”
২০১৬ সালের বইমেলায় ৪০ কোটি টাকার বই বিক্রি হয়েছিল জানিয়ে বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, “মেলায় প্রতিদিন কী পরিমাণ বই বিক্রি হচ্ছে, তার পরিসংখ্যান রাখছি আমরা।
“মেলায় অনেক প্রকাশনী এবার তিন, চারটি ইউনিট আর প্যাভিলিয়ন পেয়েছে। তারা সত্যি কি ভালো লেখকের বই এনেছে- তা নজরদারি করব আমরা।”
মেলার অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, “যেটুকু অব্যবস্থাপনা ছিল, তা সোমবারের মধ্যে কাটিয়ে উঠতে পারব বলে আশা করি।”
তবে যেসব অভিযোগ উঠেছে এগুলো ‘খুব একটা সমস্যা নয়’বলে মনে করেন মেলার আয়োজক সংস্থার এই পরিচালক।
নতুন বই
গ্রন্থমেলার পঞ্চম দিনে এসেছে ৮৭টি নতুন বই। এর মধ্যে গল্প ১৪টি, উপন্যাস ১২টি, প্রবন্ধ ৫টি, গবেষণা ১টি, ছড়া ২টি, শিশুসাহিত্য ৩টি, জীবনী ১টি, রচনাবলী ১টি, মুক্তিযুদ্ধ ৪, বিজ্ঞান ২টি, ভ্রমণ ১টি, ধর্মীয় ১টি, সায়েন্স ফিকশন ৫টি ও অন্যান্য বিষয়ে এসেছে ১০টি।
সময় প্রকাশনী এনেছে মুনতাসির মামুনের ‘ঊনিশ শতকের পূর্ববঙ্গের থিয়েটার ও নাটক’, অন্যপ্রকাশ এনেছে ‘হুমায়ূন আহমেদ রচনাবলী-নবম খণ্ড’, ‘হুমায়ূন আহমেদের কথামালা’, শাহাবুদ্দীন নাগরীর মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ‘আকবর রাজাকার হয়েছিল’, মোশতাক আহমেদের ‘সেরা ৫ সায়েন্স ফিকশন’ এবং মোস্তফা কামালের ‘রূপবতী’, উৎস এনেছে সাহাদাত পারভেজের ‘গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য’, পার্ল পাবলিকেশন্স থেকে এসেছে মুহাম্মদ জাফর ইকবালের কিশোর অ্যাডভেঞ্চার ‘আবারো টুনটুনি ও আবারো ছোটাচ্চু’, অনন্যা থেকে এসেছে ইমদাদুল হক মিলনের কিশোর উপন্যাস ‘ভূতের নাম রমাকান্ত’, আ লিটল বিট থেকে প্রকাশিত হয়েছে আবু সাঈদ তুলুর ‘পাতার বাঁশি’, প্রতীক এনেছে ধ্রুব এষের ‘ভয় পাবে তুমি’ এবং আহসান হাবীবের ‘হূমায়ূন হিউমার এবং নিজস্ব’, নুজহাত চৌধুরীর ‘এ লড়াই অনিবার্য ছিল’ এনেছে মাওলা ব্রাদার্স, মাওলা ব্রাদার্স আরও এনেছে ‘শ্রেষ্ঠ মিসির আলি’, ঐতিহ্য এনেছে শারমিন আহমেদের ‘মুক্তির কাণ্ডারী তাজউদ্দীন কন্যার অভিবাদন’।
সন্তুষ্টি লেখক-সাহিত্যিকদের
বইমেলার আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন লেখক-অধ্যাপক মুনতাসির মামুনও।
তবে তার আফসোস, বইমেলায় যত দর্শক আসছে, তার অর্ধেকও বই কিনছে না।
“পাঠক যদি বই না কিনে, তবে কী করে আর এই বইমেলার মুখ্য উদ্দেশ্য ঠিক থাকল?”
মেরিট ফেয়ার থেকে প্রকাশিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের ‘বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ’। সংবাদপত্রে লেখা বিভিন্ন কলাম থেকে সংকলিত হয়েছে এই বইটি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলার প্রথম দিকে এত তরুণ দর্শক-প্রকাশকদের আশাবাদী করে তুলে। বিচিত্রতার দিকটি মাথায় রেখে প্রকাশকরা নানা সম্ভার এনেছেন। জানা-বোঝার পালায় তরুণদের এই উৎসাহ আশাব্যঞ্জক।”
শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তরুণদের বড় অংশ এই বইমেলাকে ঘিরে পড়ুয়া হয়ে উঠতে চায়। অভিভাবকদের এক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে।”
গ্রন্থমেলা আয়োজনে একটি ‘স্থায়ী জায়গা’ বরাদ্দের পক্ষে বললেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন।
“বইমেলা এই এবড়োথেবড়ো মাঠে না করে একটি পার্মামেন্ট মাঠে হলে তা বাংলা একাডেমির জন্য সাশ্রয়ী হবে।”
শহীদ বুদ্ধিজীবীকন্যা নুজহাত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইমেলায় এই তরুণ প্রাণের জোয়ার দেখলে মনে পড়ে বঙ্গবন্ধুর সেই ভাষণ ‘কেউ আমাদের দাবায়া রাখতে পারবা না’। আমি এখানে দেখতে পাই বাঙালির স্পিরিট।”
মেলামঞ্চের আয়োজন
মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘আহসান হাবীব জন্মশতবর্ষ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি তুষার দাশ। আলোচনায় অংশগ্রহণ করেন ড. অনু হোসেন ও ড. তারেক রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জুলফিকার মতিন।
সোমবারের আয়োজন
গ্রন্থমেলার ষষ্ঠ দিনে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সার্ধশত জন্মবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন স্বরোচিষ সরকার।
