২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলার প্রথম দিনেই এলো শতাধিক নতুন বই

ভাষার মাস ফেব্রুয়ারিতে শুরু হল মাসব্যাপী একুশে বইমেলা, প্রথম দিনেই মেলায় এসেছে শতাধিক নতুন বই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 10:45 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

পুরনো খবর:

খুলল বইমেলার দ্বার, বেশি বেশি পড়ার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকালে বইমেলা উদ্বোধন করার পর বিভিন্ন স্টলে দর্শনার্থীদের সমাগমও ছিল বেশ। সরস্বতী পূজা উপলক্ষে বের হওয়া অনেকেই হন মেলামুখী।

নিরাপত্তা  নিয়ে সন্তুষ্টির কথা জানালেও মেলা প্রাঙ্গনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্টল নির্মাণ সামগ্রী এবং ধুলোর কারণে ক্ষোভ প্রকাশ করেন দর্শনার্থীরা।

মেলার প্রথম দিনে আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে হাসান আজিজুল হকের নতুন দুই বই ‘দুয়ার হতে দূরে’ ও ‘স্মৃতিগদ্য: বন্ধনহীন গ্রন্থি’, তার বই এনেছে ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’।

‘আগামী প্রকাশনী’ থেকে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্বাচিত প্রবন্ধ। ‘ঐতিহ্য’ থেকে এসেছে বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের সংকলন ‘ওঙ্কারসমগ্র’, যার শ্রুতিলিখন ও সম্পাদনা করেছেন নির্ঝর নৈঃশব্দ্য।

প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের অনুবাদে ‘হ্যামলেট’, সাংবাদিক মুস্তাফিজ শফির ‘মায়া মেঘ নির্জনতা’ ও মোস্তফা কামালের ‘রূপবতী’ এনেছে অন্যপ্রকাশ; মৌলি আজাদের ‘রক্তজবাদের কেউ ভালোবাসেনি’ এনেছে আগামী প্রকাশনী, ড. রশিদুন্নবী  ও শাহীনূর রেজা সম্পাদিত ‘হাজার বছরের বাংলা গান সংগ্রহ’ এনেছে অনুপম, পাপড়ি রহমান ও নিয়াজ জামানের ‘অ্যালিস মানরো নির্বাচিত গল্প’, হরিশংকর জলদাসের ‘ইরাবতী’ এনেছে মাওলা ব্রাদার্স, ইমদাদুল হক মিলনের ‘নয়মাস’ এনেছে অনন্যা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের ‘আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’ এনেছে অন্বেষা প্রকাশনী, পিয়াস মজিদের ‘নিঝুম মল্লার’ প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন্স।

অব্যবস্থাপনায় ক্ষোভ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই বিকাল সাড়ে ৫টায় মেলা প্রাঙ্গন খুলে দেওয়া হয়। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে এখানে-সেখানে ছড়িয়ে ছিল কাঠ-পেরেক আর ককশিটের স্তূপ।

মেলায় উড়েছে ধুলো। প্রস্তুতি পর্বে ওয়াসার পক্ষ থেকে পানি ছিটানোর কথা বলা হলেও এদিন তাদের কোনো উদ্যোগই দেখা যায়নি।

এ বিষয়ে বাংলা একাডেমির দ্রুত পদক্ষেপ চেয়ে রিজিয়া সুলতানা তৃষিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারের মেলায় নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। কিন্তু এই ধুলো, আবর্জনার স্তূপে মেলা ঘুরে দেখাই তো দায়। এটা নিয়ে দ্রুত উদ্যোগ নিতে হবে একাডেমিকে। নয়তো খুব ভুগতে হবে দর্শককে।”

এই অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলামও।

“এবারের মতো এত অপরিচ্ছন্নভাবে মেলা কখনও শুরু হতে দেখিনি। চরম অব্যবস্থপনার মধ্য দিয়ে মেলা শুরু হয়েছে।”

এ বিষয়ে অনুপম প্রকাশনীর মিলনকান্তি নাথ বলেন, “যেভাবে প্রস্তুত হয়ে মেলা শুরু হওয়ার কথা ছিল, তেমনটি এবার হয়নি। আমরা আশা করব, বৃহস্পতিবারের মধ্যে মেলা গুছিয়ে উঠবে।”