২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর রোডের শতবর্ষী ‘ঝুঁকিপূর্ণ’ গাছ অপসারণের দাবি

মহাসড়কের দুপাশে শতবর্ষী রেইনট্রি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসেবে।

যশোর রোডের শতবর্ষী ‘ঝুঁকিপূর্ণ’ গাছ অপসারণের দাবি

মহাসড়কের পাশে থাকা ‘মরা বা ঝুঁকিপূর্ণ’ গাছ অপসারণের দাবিতে শার্শায় মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2022, 05:58 PM

Updated : 10 Sep 2022, 05:58 PM

যশোর-বেনাপোল মহাসড়কের দুই ধারে থাকা শতবর্ষী ‘মরা বা ঝুঁকিপূর্ণ’ গাছগুলো অপসারণের দাবিতে যশোরের শার্শায় মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

শনিবার বেলা ১১টায় শার্শা উপজেলার নাভারন বাজারের ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ব্যবসায়ী সংগঠনের নেতা মোরাদ হোসেন বলেন, “যশোর-বেনাপোল মহাসড়কের প্রায় ২০০ বছরের পুরোনো মৃত ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর কারণে পথচারীসহ সব ধরনের প্রকার যানবাহন চলছে ঝুঁকিপূর্ণভাবে। ব্যস্ততম এ মহাসড়কের গাছগুলো এখন জীবনের জন্য হুমকি। তাই সরকারের কাছে মৃতপ্রায় এসব গাছ দ্রুত অপসারণের দাবি জানিয়ে ব্যবসায়ীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।”

শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, “মহাসড়কের পাশে মরা গাছগুলো খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় গাছের ডাল ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষসহ মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকরা।”

তাই ‘ঝুঁকিপূর্ণ’ গাছগুলো জরুরিভিত্তিতে আইন ও বিধি মোতাবেক অপসারণ করার জন্য দাবি জানান এই জনপ্রতিনিধি।

মানববন্ধনে আরও বক্তৃতা দেন ব্যবসায়ী নেতা আব্দুস সবুর, নাসিম রেজা পিন্টু, মাজহারুল ইসলাম, পলাশ হোসেন, জাহিদ হোসেন, উত্তম কুমার, নাজমুল হোসেন, আনোয়ারুল ইসলাম, আব্দুল করিম ও আব্দুল হক।

Image

মহাসড়কের পাশে থাকা ‘মরা বা ঝুঁকিপূর্ণ’ গাছ অপসারণের দাবিতে শার্শায় মানববন্ধন

এর আগে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত যশোর-বেনাপোল মহাসড়কের ‘মরা বা ঝুঁকিপূর্ণ’ গাছগুলো কেটে ফেলার জন্য জেলা পরিষদকে চিঠি দিয়েছিল শার্শা ও ঝিকরগাছা উপজেলা প্রশাসন।

চিঠিতে এসব গাছ ‘জরুরি ভিত্তিতে আইন ও বিধি মোতাবেক’ অপসারণ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

তবে জেলা পরিষদ বলছে, হাই কোর্টে একটি রিটের পরিপ্রেক্ষিতে গাছ কাটা নিয়ে স্থিতাবস্থা রয়েছে এবং সেটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাছ কাটা যাবে না। এ নিয়ে তারা আইনজীবীদের সঙ্গে কথা বলছেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এই মহাসড়ক ‘যশোর রোড’ নামে পরিচিত রয়েছে।

খুলনা থেকে কলকাতার দমদম পর্যন্ত এই সড়ক ধরেই একাত্তরে লাখো মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে। তাদের দুর্দশা দেখেই আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গ লেখেন তার বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’, যা সে সময় বিশ্বকে নাড়া দেয়।

আরও পড়ুন:

যশোর রোড: শতবর্ষী গাছ কাটতে চিঠি

স্থিতাবস্থা জারি: কাটা যাবে না যশোর রোডের গাছ

যশোর রোডের শতবর্ষী গাছগুলো কাটা বন্ধে আইনি নোটিস

যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদ স্থানীয়দের

যশোর-বেনাপোল রোড: গাছ রেখেই ৪ লেন করার দাবি

যশোর রোডের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্তে বাপার প্রতিবাদ