২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়-রোমান্সের গল্পের সিনেমা ‘সেলফি’ আসছে ‘হইচই’য়ে

“নতুন জুটির পাশাপাশি এতে ভিন্নধর্মী গল্প বলার প্রয়াস রয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 11:28 PM

Updated : 22 Nov 2026, 11:59 PM

হরর, রোমান্স আর থ্রিলারের গল্প নিয়ে তৈরি ‘সেলফি’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।

ওয়েব ফিল্মটি বানিয়েছেন নির্মাতা মুশফিকা মাসুদ, যেটি এটির গল্প লিখেছিলেন নিউ ইয়র্কের ফিল্ম স্কুলে পড়ার সময়।

এক ঘণ্টার এ চলচ্চিত্রে প্রথমবারের মত জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সারিকা সাবাহ। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

এটির সঙ্গে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে যুক্ত আছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

রোববার ফেইসবুকে সিনেমাটির পোস্টার প্রকাশ করে হইচই। পরে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ ডিসেম্বর এটি মুক্তি পাবে।

গল্পের প্রেক্ষাপটের বিষয়ে নির্মাতা মুশফিকা মাসুদ বলেন, নিউ ইয়র্কে ফিল্ম স্কুলে পড়ার সময় ছোট একটি হরর ফিল্ম হিসেবে ‘সেলফি’র গল্পটি লিখেছিলেন তিনি। পরে হইচই কর্তৃপক্ষকে কয়েকটি গল্প শোনালে সেখান থেকে এটি নির্বাচিত হয়।

“হরর, রোমান্স আর থ্রিলারের মিশেলে একটি নিখাদ সম্পর্ক ও মানবিক বন্ধনের গল্প বলার চেষ্টা করেছি। এতদিন সহনির্মাতা হিসেবে অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে কাজ করেছি। ‘সেলফি’ যেহেতু আমার নিজের ভাবনা ও গল্প, তাই তিনি এবার পেছনে থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন।”

সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে খায়রুল বাসার বলেন, “‘সেলফি’র গল্প আর চরিত্র দুটোই বেশ আকর্ষণীয় মনে হয়েছে। পরিচালক মুশফিকা মাসুদ ও সহশিল্পী সারিকা দুজনের সঙ্গেই আমার প্রথম কাজ। সব মিলিয়ে ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। এখন দর্শকের কাছে কাজটি পৌঁছানোর অপেক্ষা।”

এ ওয়েব ফিল্মের মাধ্যমে হইচইয়ে যাত্রা শুরু হচ্ছে সারিকা সাবাহর।

গল্পের প্রতি ভালোলাগা থেকেই কাজটিতে যুক্ত হওয়ার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “গল্পের প্রতি নির্মাতার আন্তরিকতা ও সততা আমাকে অনুপ্রাণিত করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত কাজের জার্নিটা খুব সুন্দর ছিল।”

সিনেমাটি নিয়ে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, “দর্শকদের জন্য বৈচিত্র্যময় ও মানসম্মত বাংলা কনটেন্ট নিয়ে আসার চেষ্টার অংশ হিসেবেই ‘সেলফি’ নির্মাণ করা হয়েছে। নতুন জুটির পাশাপাশি এতে ভিন্নধর্মী গল্প বলার প্রয়াস রয়েছে।”

হাফ স্টপ ডাউনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মাহজাবিন রেজা চৌধুরী।