তুরাগ তীরে জুমার নামাজে ‘৪০ লাখ’ মানুষ
ময়দানে জায়গা না পেয়ে অনেককে যানবাহনের উপরে, বহুতল ভবনের ছাদে ও আশপাশের খালি জায়গাগুলোতে অবস্থান নিতে দেখা গেছে।
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরুর দিন ৪০ লাখ মানুষ একসঙ্গে জুমার নামাজে শামিল হয়েছিলেন বলে তথ্য দিয়েছেন আয়োজকরা।
বিশ্ব ইজতেমার প্রথম দফার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার বলেন, “এবার জুমায় প্রায় ৪০ লাখ মানুষ অংশ নিয়েছেন; যা বিগত সময়ের চাইতে অনেক বেশি।”
ইজতেমা ময়দানে জুমার নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে। নামাজ শুরু হয় ১টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করেন বাংলাদেশে তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ও ঢাকার কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের।
ইজতেমার প্রথম দিনের প্রধান আকর্ষণ শুক্রবারের জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই ইজতেমা ময়দানমুখী বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্রোত শুরু হয়। নামাজ শুরুর আগেই বাসে, ট্রাকে, পিকআপ ভ্যান, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে তুরাগ তীরে হাজির হতে থাকেন তারা।
নামাজের সময় ময়দানে জায়গা না হওয়ায় যানবাহনের উপর, বহুতল ভবনের ছাদে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে, কামারপাড়া রোড, ব্যাংক, বস্তি, বাজার ও বাটা রোডসহ আশপাশের খালি জায়গাগুলোতে লোকজনদের অবস্থান নিতে দেখা গেছে। এ সময় যতদূর চোখ যায়, কেবল টুপি আর পাঞ্জাবি দেখা যাচ্ছিল।
এর আগে ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের তিনদিনের কার্যক্রম শুরু হয়।
অন্যান্য বছরের মতো এবারও যথারীতি ময়দানে উপস্থিত ধর্মপ্রাণ মানুষের উদ্দেশে তাবলিগের ছয় উসুল অর্থাৎ কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহীহ নিয়ত ও তাবলিগ বিষয়ে আম বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়।
জুমার নামাজে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লাহ খান ও গাজীপুরের পুলিশ কমিশনার মো. মাহবুব আলম অংশ নেন।
তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে বিশ্ব ইজতেমা হচ্ছে দুই পর্বে, দুপক্ষের অনুসারীদের নিয়ে আলাদাভাবে।
শুক্রবার শুরু হওয়া ইজতেমার প্রথম পর্ব আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
ইজতেমার ময়দানে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
