টঙ্গীতে ইজতেমায় আসা আরও একজনের মৃত্যু
সকালে থেকে ইজতেমা ময়দানে বমি হচ্ছিল আব্দুস সাত্তারের।
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় তিনজনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় দিকে তার মৃত্যু হয় বলে ইজতেমার প্রথম পর্বের লাশের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান।
মৃত আব্দুস সাত্তার (৭০) নেত্রকোনার সদর উপজেলার কুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
লাশের জিম্মাদার গিয়াস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে ময়দানে বমি হলে তাৎক্ষণিকভাবে আব্দুস সাত্তারকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
“হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন।”
এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমায় তিনজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
