২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু

ইন্দোনেশিয়া, সুদানসহ কয়েকটি দেশের তাবলিগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার থেকেই ময়দানে অবস্থান করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 10:26 PM

Updated : 20 Nov 2026, 10:26 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি মোড় এলাকায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার মাঠে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।

শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে।

জুম্মার নামাজের পর বয়ান করেন ঢাকার কেন্দ্রীয় মারকাজ মসজিদের মুরুব্বি মুফতি ওসামা। এই তিন দিনে ঢাকার মারকাজের মুরুব্বিদের পাশাপাশি বিদেশি জামাতের মুরুব্বিরাও পর্যায়ক্রমে বয়ান করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের জিম্মাদার অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ইজতেমায় অংশ নিতে ইন্দোনেশিয়া, সুদানসহ কয়েকটি দেশের তাবলিগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার থেকেই ময়দানে অবস্থান করছেন।

ইজতেমার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা প্রসঙ্গে পলাশবাড়ী উপজেলার তাবলিগ জামাতের সাথী মামুনুর রশীদ ও আহসান হাবীব জানান, নিরাপত্তার স্বার্থে তাবলিগ জামাতের পক্ষ থেকে দিনরাত পাহারার ব্যবস্থা রাখা হয়েছে।

আগতদের সুবিধার্থে মাঠ প্রস্তুত ও প্যান্ডেল নির্মাণের পাশাপাশি অস্থায়ী অজুখানা, টয়লেট, গোসলখানা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা রাখা হয়েছে।

পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে। জেলার সাতটি উপজেলার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও লক্ষাধিক মানুষ এই ইজতেমায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে আগতদের সার্বিক নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে।