কাত্যায়নী পূজা শুরু, বর্ণিল সাজে সেজেছে মাগুরা
প্রতিবছর শারদীয় দুর্গা পূজার একমাস পরেই জাঁকজমকপূর্ণভাবে মাগুরাতে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের আয়োজন হলেও এ পূজা মাগুরার ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন প্রাণের উৎসবে রূপ নিয়েছে।
রোববার শুরু হওয়া পূজা উপলক্ষে এর মধ্যেই বর্ণিল সাজে সেজেছে সারা শহর। বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন গেট, প্যান্ডেল। আলোকসজ্জার পাশাপাশি মন্দির-পূজা মন্ডপগুলো সাজানো হয়েছে প্রাচীন ইতিহাস, ঐতিহ্যে ও স্থাপত্য শিল্পের আদলে।
নির্বিঘ্নে পূজা উদযাপনে শহরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে জেলা ও পুলিশ প্রশাসন।
জেলায় এ বছর জেলায় মোট ১০৬টি মন্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন মাগুরা জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস। ৫ দিন ব্যাপী এ পূজা শেষ হবে ২০ নভেম্বর।
অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস বলেন, প্রতিবছর শারদীয় দুর্গা পূজার একমাস পরেই জাঁকজমকপূর্ণভাবে মাগুরাতে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
তিনি জানান, ১৯৫০ সালের দিকে শহরে পারনান্দুয়ালি এলাকার জনৈক সতীশ মাঝি আনুষ্ঠানিকভাবে প্রথম এ পূজা শুরু করেন। পেশায় তিনি ছিলেন মুদি দোকানী।
আশির দশকেও এই পূজা কেবল মাগুরা শহরের ছানার বটতলা, নিজনান্দুয়ালি, নতুন বাজার, বাটিকাডাঙ্গা এবং জামরুল তলার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত চার যুগে এর ব্যাপ্তি যেমন বেড়েছে সংখ্যাও বেড়েছে অনেক। ধীরে ধীরে জেলার মানুষের অন্যতম উৎসবে পরিণত হয়েছে এই পূজা।
এমনকি মাগুরায় এ আয়োজন সনাতন সম্প্রদায়ের প্রধান উৎসব হিসেবে পরিচিত দুর্গা পূজার আমেজকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন পূজা উৎযাপন পরিষদের এ নেতা।
ইতিমধ্যে এই পূজা উপলক্ষে শহরের বাড়িতে-বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। তবে বিশেষ করে পূজার অষ্টমী ও নবমী দিনে দেশের বিভিন্ন জেলা থেকে এ পূজা ও গোটা আযোজনকে উপভোগ করতে ভিড় করবেন লাখো দর্শনার্থী।
বরাবরের মতো এবারও পূজার মূল আকর্ষণ থাকছে পৌরসভা এলাকার জামরুল তলা, নতুন বাজার, ছানার বাবুর বটতলা, বাটিকাডাঙ্গা, সাতদোহা, নিজনান্দুয়ালী, পারনান্দুয়ালীসহ শহরের ১৪টি মণ্ডপে।
এছাড়া পূজা ঘিরে শহরের নতুন বাজার ও ছানার বটতলায় বসেছে মেলা। যেখানে খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস, আসবাবসহ গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দেশের দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। পূজা শেষ হলেও এ মেলা চলবে আরো ৭ দিন।
সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্র মতে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে ঈশ্বর, বন্ধু, স্বামী, পুত্র হিসাবে পেতে আরাধনা করতেন গোপীরা। তাদের এক মাসব্যাপি আরাধনা শেষে, গোপীগণ যমুনা নদীর তীরে বালু দিয়ে কাত্যায়নী দেবীর মূর্তি তৈরি করে পূজা দিয়ে কাঙ্খিত ফল পান।
এর পর থেকে এটি ‘কাত্যায়নী পূজা’ হিসেবে পরিচিতি লাভ করে। যার সময়কাল ছিল কার্তিক ও অগ্রহায়ণ মাস।
এ পূজায় প্রতিমা স্থাপন থেকে শুরু করে সবকিছুই দূর্গা পূজার আদলে করা হতো। তবে অতিরিক্ত হিসেবে দেবী দুর্গার কোলে শ্রীকৃষ্ণের একটি মূর্তি স্থাপন করা হয়। যার অর্থ দেবী দুর্গার আরাধনার মাধ্যমে কৃষ্ণের সান্নিধ্য পাওয়া। যেটি কাত্যায়নী পূজার ধর্মীয় যোগসূত্র।
মাগুরা নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়নন্দ দাস চঞ্চল বলেন, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই উৎসবটাকে মাগুরা জেলায় উৎযাপন করে থাকেন অগণিত ভক্তবৃন্দ। এবারকার পূজায় পৌরাণিকতাকে রক্ষা করার জন্য নতুন ভাবে সাজানো হয়েছে প্রতিটি মন্দির।
ছানাবাবুর বটতলার বরেণ্য প্রতিমা শিল্পী উজ্জ্বল অধিকারী বলেন, এবারের পূজায় প্রতিমায় তিনি আধুনিকতার উৎকর্ষে সম্পূর্ণ নতুন থিম জন্ম থেকে মৃত্য রহস্য তুলে ধরেছেন।
মাগুরাসহ দেশবাসীকে শ্রী শ্রী কাত্যায়নী পূজা শান্তিপূর্ণ পরিবেশে দেখার নিমন্ত্রণ জানিয়েছেন ছানাবাবুর বটতলার সাধারণ সম্পাদক বিকাশ সাহা।
নতুন বাজার স্মৃতি সংঘের সভাপতি ও জেলা পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি কনক কান্তি সাহা বলেন, মাগুরার কাত্যায়নী পূজা সাম্প্রদায়িক সম্প্রীতির এক তীর্থস্থান। এটি হিন্দু ধর্মের পূজা হলেও এর উৎসবে অংশ নেন সকল ধর্মের মানুষ। এ বছরের পূজার ব্যাপকতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
মাগুরা পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন বলেন, কাত্যায়নী পূজা ও মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য মন্ডপগুলোর আশপাশের এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া সার্বক্ষনিক পুলিশ টহলের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া শহরে পুলিশ, এসআরবি, আনসার ব্যাটেলিয়ান, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
