গুলিতে জীবন গেল আরিফের, এখন ‘অন্ধকারে’ স্ত্রী-সন্তানের জীবন
কোটা আন্দোলনের মধ্যে ২০ জুলাই গাজীপুরের বোর্ড বাজারে গুলিবিদ্ধ হন চাঁদপুরের আরিফ।
গাজীপুর বোর্ড বাজার এলাকায় বসবাস করতেন মো. আরিফ হোসেন রাজিব (২৬)। নিজের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙারি দোকানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় গাজীপুর বোর্ড বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে ২০ জুলাই নিহত হন আরিফ।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টরকী এওয়াজ গ্রামের রজ্জব প্রধানের ছেলে আরিফ।
আরিফ স্ত্রী ও তিন বছর বয়সি ছেলে ইব্রাহিমকে নিয়ে গাজীপুর বোর্ড বাজার এলাকায় ভাড়ায় থাকতেন। ২১ জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরিফের বাড়ি গিয়ে দেখা যায়, শোকে স্তম্ভ আরিফের স্ত্রী শরিফা বেগম ছেলে ইব্রাহিমকে বুকে ধরে বসে আছেন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার জীবনের প্রদীপ মনে হয় নিভে গেল। আমি এখন অন্ধকারে পড়ে গেলাম। আমার স্বামী (আরিফ) দোকানে যাওয়ার কথা বলে ২০ জুলাই বিকাল ৩টার দিকে বাসা থেকে বের হয়ে যান।
“কিছুক্ষণ পরেই জানতে পারি, আরিফ গুলি খেয়ে আহত হয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।”
তিনি বলেন, “আমি এখন কী করব, কিছুই বুঝতে পারছি না। একটি ছেলে সন্তান রেখে আরিফ এভাবে চলে গেল। আমি এখন অসহায় হয়ে পড়লাম। সরকার যদি আমাকে কোনো সহযোগিতা করে তাহলে আমার অনেক উপকার হবে।”
এদিকে গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদ উল্লাহ প্রধান বলেন, “আমার জানা মতে, আরিফ একজন খুবই গরিব পরিবারের সন্তান। তিনি তার পরিবারসহ গাজীপুর থাকতেন। তার একটি শিশুসন্তান রয়েছে।
“তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিহত আরিফের পরিবারকে সাহায্য-সহযোগিতা কামনা করছি।”
আরও পড়ুন:
