ক্যাম্পাসের পানি ভেঙে হল ছাড়ছেন শাবি শিক্ষার্থীরা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্যার পানি প্রবেশ করায় হল ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন আবাসিক শিক্ষার্থীরা; এতে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের বাস চালু আছে। শিক্ষার্থীদেরকে বাসের মাধ্যমে কদমতলী বাসস্ট্যান্ডে পৌঁছে দেওয়া হচ্ছে।"
"ছাত্রী হলের অনেক শিক্ষার্থীকে আমরা নিরাপদে পৌঁছে দিতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের কোনো খাদ্য সংকট নেই। হলের ডাইনিং ও ক্যান্টিন খোলা আছে।"
আমিনা পারভীন আরও বলেন, ''প্রথম ছাত্রী হলে ১৮ জনের মতো শিক্ষার্থী আছে। ওই হলের প্রভেস্টের সঙ্গে কথা হয়েছে। ওই শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন বাড়ি চলে যাবে। বাকিদের বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
"এ ছাড়া ছাত্রদের আবাসিক হলের মধ্যে অনেকেই চলে গেছেন। এর মধ্যে সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট জানালেন, ওই হল পুরো ফাঁকা হয়ে গেছে। সবাই চলে গেছে। শাহপরাণ হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থী আছে। তাদের মধ্যে অনেকেই চলে গেছে। তবে ছেলেদের ওই দুই হলে কতজন শিক্ষার্থী আছে সেটা বলতে পারছি না। বিকালের দিকে অনেকে যাবে বলে জানা গেছে। সন্ধ্যার দিকে সঠিক তথ্য জানা যাবে।
শিক্ষার্থীদের বাড়ি যাওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে তারা স্বেচ্ছায় হল ছাড়ছে, তাদরকে বাধ্য করা হচ্ছে না বলে জানান আমিনা পারভীন।
"পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। শিক্ষার্থীরা এ দিক বিবেচনা করে হল ছাড়ছেন। তাছাড়া ছাত্রী হলের শিক্ষার্থীরা কান্নাকাটি করছে বাড়িতে যাওয়ার জন্য।"
চলতি মৌসুমে এটা সিলেটে তৃতীয় দফা বন্যা। ভারতের মেঘালয় ও আসামে রেকর্ড বৃষ্টিপাতের কারণে এবার পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করা হচ্ছে।
পানিবন্দি মানুষদের উদ্ধারে সেনাবাহিনী ও নৌবাহিনী মাঠে নেমেছে। বানভাসি মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হলেও সেখানে মুড়ি ছাড়া খাবার ও পানি জুটছে না বলেও অভিযোগ উঠেছে।
সিলেট নগরীসহ ১৩ উপজেলায় মোট ১০ লাখ মানুষ এখন পানিবন্দি বলে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দুর্যোগপূণ আবহাওয়ায় নেই মোবাইলের নেটওয়ার্কও। পানিবন্দি জীবনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে বহু গুণ।
এর আগে গত এপ্রিলে সিলেটের নিম্নাঞ্চলে অসময়ে বন্যা দেখা দেয়। এরপর মে মাসের মাঝামাঝিতে সিলেটে ১৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়। এই রেশ না কাটতেই আবারও বন্যার কবলে পড়ল সিলেটবাসী।
বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শুরু থেকে যুক্ত এমন কয়েকজন জানান, গত প্রায় ২৫ বছর শাবি ক্যাম্পাসে বন্যার পানি প্রবেশ করেনি। ১৯৯৮ সালের পর থেকে উপচেপড়া পানি থেকে মুক্ত ছিল শাবি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম শাকিল বলেন, "বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের খালগুলোতে পানির চাপ দেখা গিয়েছিল। ওইদিন বিকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্রী হলে পানি প্রবেশ করে। ভারি বৃষ্টিপাতও ছিল।"
"হলে বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক সমস্যা, পানির সংকটের কারণে হল ছেড়ে বাড়ি যাচ্ছি। হল থেকেই বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে কদমতলী বাসস্ট্যান্ডে গিয়েছি", যোগ করেন ভোগান্তির শিকার এই শিক্ষার্থী।
প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাস শুক্রবার থেকেই শিক্ষার্থীদরকে নিরাপদ জায়গায় পৌঁছে দিচ্ছে। শনিবার বিকালেও বাস চলেছে। ছেলেদের হলের ফটক থেকেই বাস চলছে। কদমতলী বাসস্ট্যান্ড পর্যন্ত শিক্ষার্থীদরকে পৌঁছে দেওয়া হচ্ছে।
শুক্রবার গভীর রাতে আবাসিক হলে বিদ্যুৎ এলেও সকাল থেকে বিদ্যুৎ নেই বলে জানালেন আরেক শিক্ষার্থী নাঈম আহমেদ।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বৃষ্টি ও পাহাড়ি ঢল থামছেই না! সময় যতই গড়াচ্ছে বন্যার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।”
"ক্যাম্পাসে হাঁটু অবধি পানি হয়েছে, পানি আরও বাড়ছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ খোলা থাকবে। কোনো শিক্ষার্থী হলে থাকতে চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হবে", অধ্যাপক আনোয়ারুল।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জানিয়েছেন, শুক্রবার থেকে তারা শিক্ষার্থীদরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
"শনিবার বঙ্গবন্ধু হল ও শাহপরাণ হল থেকে ছাত্রদেরকে প্রশাসনের সহায়তায় বাসের মাধ্যামে বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া যেকোনো সহযোগিতার জন্য আমরা সবসময় নিয়োজিত আছি।"
