২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকসু নির্বাচন: প্রচার শেষে ভোট উৎসবের অপেক্ষা

১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। একইদিনে সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 10:24 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের প্রচারের শেষ দিনে প্রার্থীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন ভোটারদের কাছে পৌঁছাতে। দিনভর তারা অনুষদ, হল, চত্বরগুলোতে গিয়ে ভোট প্রার্থনা করেছেন, ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করেছেন।  

মঙ্গলবার সকাল থেকেই প্রার্থী ও তাদের সমর্থকরা ছিলেন মাঠে। কোনো কোনো প্রার্থী ক্লাসের ফাঁকে ফাঁকে শ্রেণিকক্ষে ঢুকেও প্রচার করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক ভোটার নারী। ফলে প্রার্থীরা প্রচারের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দিয়েছেন। তারা নারী ভোটারদের নানা প্রতিশ্রুতিও দিয়েছেন। নারী প্রার্থী এবং ভোটাররাও জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা।

প্রার্থীদের প্রচারে মিশ্র প্রতিক্রিয়া

শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের সহ-সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তুজ জোহরা বৈশাখী বলেন, “আমরা ভোটারদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। দেখা যাচ্ছে, এমন একটা সময়ে জাকসু হচ্ছে যখন অনেক বিভাগে ফাইনাল পরীক্ষা চলছে, তাই আমরা অনেকের কাছেই পৌঁছাতে পারিনি। সেদিক থেকে বলা যায় আমরা ইতিবাচক সাড়া পাইনি।”

হল সংসদের প্রার্থী ইফফাত রাইসা নূহা বলেন, “জাকসু নির্বাচনের প্রচার শেষ দিকে। প্রচারের পুরো সময়ে আমরা দেখেছি চারদিকে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা নারী প্রার্থীরা এই সুযোগে হলগুলোতে গিয়েছি, সবার সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। এর মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে একটি সুসম্পর্ক তৈরি হয়েছে। 

“নির্বাচনের ফলাফল যা-ই হোক, এই সুবাদে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের প্রতি আগ্রহ তৈরি হয়েছে- এটা খুবই ভালো দিক। তবে প্রচারের জন্য যদি আরেকটু বেশি সময় পাওয়া যেত, তাহলে আরও ভালো হতো।”

বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় কথা হয় ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল মনোনীত কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী আতিকুর রহমান জনির সঙ্গে। তিনি বলেন, “স্বল্প সময়ে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। তবে আমি মনে করি, ভোটারদেরও যোগ্য প্রার্থী খুঁজে নেওয়ার এক ধরনের দায়বদ্ধতা রয়েছে। দিন শেষে একজন কবি শুধুমাত্র প্রচারের কারণে নির্বাচনে হেরে গেলেও তিনি কবিই থাকেন।”

প্রচারে নারীদের অভিজ্ঞতা

কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদপ্রার্থী ফারিয়া জামান নিকি বলেন, “আমরা গত কয়েক দিন ধরে দেখতে পাচ্ছি হলগুলোতে একটি গোষ্ঠী বিভিন্ন মানুষকে লক্ষ্য করে ‘ম্যুরাল পুলিশিং’ চালাচ্ছে, তাদের ট্যাগিং করছে।” 

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুশরিকা অদ্রি বলেন, “অতি প্রতীক্ষিত জাকসু ও হল সংসদ নির্বাচনে আমরা তাদেরকেই ভোট দেব, যারা নারীদের এগিয়ে রাখছেন, নারীর উপস্থিতিকে সামনে আনছেন। যারা নারীদের পিছিয়ে রাখতে চান, হলে সান্ধ্য আইন জারি করতে চান এবং যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তাদের আমরা সমর্থন করি না। ক্যাম্পাসে নারী নিরাপত্তার বিষয়ে যারা আমাদের পাশে থাকবেন, তাদেরকেই আমরা নির্বাচিত করে আনতে চাই।”

কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদপ্রার্থী সোহাগী সামিয়া বলেন, “বিভিন্ন সময়ে এ ক্যাম্পাসে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। নির্বাচনে তাদের কম অংশগ্রহণ আমাদের অত্যন্ত ব্যথিত করেছে।”

নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটের দিন ক্যাম্পাসে থাকবে এক হাজার ২০০ পুলিশ। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, “সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা এক হাজার ২০০ পুলিশ মোতায়েন করব। সাদা পোশাকেও অনেক পুলিশ থাকবেন, যারা আমাদের সহযোগিতা করবেন। তাছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু শহরের বাইরে এবং আশেপাশে গ্রাম-জনপদ রয়েছে, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে, এজন্য আমরা সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে চাইব।”

শেষ মুহূর্তে ডোপ টেস্ট, বিতর্ক

নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে বাধ্যতামূলক ডোপ টেস্টের জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু প্রচারের শেষ দিনে এই আয়োজনকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।

জাকসুর সহসমাজসেবা সম্পাদক (নারী) পদপ্রার্থী তাম্মি রহমান বলেন, “আজকের ব্যস্ততম দিনে আমাদের এখানে ডোপ টেস্টের জন্য সময় দিতে হচ্ছে। অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে ভেতরে যেতে হচ্ছে।”

‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী রাহাতুল ফেরদৌস রাত্রি বলেন, “এখানে আমি প্রায় দেড় ঘণ্টা সময় ব্যয় করলাম। আজ প্রচারের শেষ দিন। সময়টা হয়তো আমি প্রচারে ব্যয় করতে পারতাম। এ বিষয়টিকে আমি নেতিবাচকভাবে দেখছি।”

ডোপ টেস্টে অব্যবস্থাপনার অভিযোগ করে জাকসুর কার্যকরী সদস্য পদপ্রার্থী এরফানুল ইসলাম ইফতু বলেন, “প্রায় সাড়ে ৭০০ প্রার্থী। টয়লেটের অবস্থা ভয়াবহ। এত বিশ্রী অবস্থা আমি জীবনেও দেখিনি। টয়লেটের অবস্থা ভয়াবহ। মেয়েদের ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। কোনো ধরনের হ্যান্ড স্যানিটাইজার নেই।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলছেন, “নির্বাচন কমিশন আমাদের কাছে চিঠি পাঠায়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ডোপ টেস্টের আয়োজন করি। প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ডোপ টেস্টে অংশগ্রহণ করছেন।”

শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার

প্রচারের শেষ দিনে স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। 

তিনি বলেন, “আমি স্বতন্ত্র দাঁড়ালেও আপনারা এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাকে একা হতে দেননি। যেই ভালোবাসা এবং ভরসা নিয়ে আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য আমি যারপরনাই সম্মানিত। তবে জাকসু নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয়েছে, এই শিক্ষাঙ্গনের বৃহত্তর স্বার্থে সমমনাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত। আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। 

“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা সবাই নানা মত, নানা বিশ্বাসে আলাদা হতে পারি কিন্তু উগ্রবাদীতা ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব সময় এককাট্টা, সব সময় ইউনাইটেড। আমি অঙ্গীকার করছি, শিক্ষার্থীদের কল্যাণে আমি মাঠে থাকব।”

অমর্ত্য ভোটের বাইরেই থাকলেন

‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় ভোটের বাইরেই থাকলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার তার প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে রিট করেছিলেন তিনি।   

দুপুরে হাই কোর্টের একটি বেঞ্চ তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এতে অমর্ত্যর ভোটে লড়ার সুযোগ সৃষ্টি হয়। 

কয়েক ঘণ্টা পর বিকালে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাই কোর্টের আদেশ স্থগিত করেন। এতে তার প্রার্থিতা আটকে যায়। 

নির্বাচন সংক্রান্ত তথ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট আটবার জাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে।

গত বছরের ৫ অগাস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে বদলে যাওয়া পরিস্থিতিতে তিন দশক পরে জাকসু নির্বাচন আয়োজনে রোডম্যাপ ঘোষণার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাকসুর ২৫ পদের জন্য লড়াই করবেন ১৭৮ জন।

চূড়ান্ত প্রার্থী তালিকায় সহসভাপতি (ভিপি) পদে নয়জন, সাধারণ সম্পাদক পদে নয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নয়জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে ছয়জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আটজন, সাংস্কৃতিক সম্পাদক পদে আটজন, সহসাংস্কৃতিক সম্পাদক পদে আটজন, নাট্য সম্পাদক পদে পাঁচজন, ক্রীড়া সম্পাদক পদে তিনজন, সহক্রীড়া সম্পাদক পদে ছয়জন, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে সাতজন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আটজন, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে সাতজন, সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (পুরুষ) পদে সাতজন, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে সাতজন, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে সাতজন, কার্যকরী সদস্য (নারী) পদে ১৬ জন ও কার্যকরী সদস্য (পুরুষ) পদে ২৬ জন লড়ছেন।

এ ছাড়া ছেলেদের ১১টি হলে ১৬৫টি পদের বিপরীতে লড়ছেন ৩১৬ জন। এর মধ্যে ৬১টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, ফলে তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আর বিভিন্ন হলে সাতটি পদের কেউ প্রার্থী হননি। ফলে সেগুলো ফাঁকা রয়ে গেছে। ফলে ছেলেদের হলের ৯৭ পদে ভোট হবে।

অপরদিকে ১০টি নারী হলের দেড়শ পদের মধ্যে মাত্র ৩৪টিতে ভোটাভুটির প্রয়োজন পড়বে।

৫৮টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন। আর ৫৮টি পদে কোনো প্রার্থী নেই, সেগুলো ফাঁকা আছে।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা হল ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১০২ জন এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৮১৭ জন।

১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। একইদিনে সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন:

জাকসুতে ভিসি-ট্রেজারারকে কেন চায় না ছাত্রফ্রন্ট

জাকসু নির্বাচন: অমর্ত্যর প্রার্থিতা আটকে দিল চেম্বার আদালত

শিক্ষার্থীদের দাবি নিয়ে লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞ সোহাগী সামিয়া

সব কাজের জবাবদিহিতা নিশ্চিত করব: জাকসু ভিপি প্রার্থী আরিফ

জাকসুতে দলীয় রাজনীতির প্রভাব থাকা উচিত না: ভিপি প্রার্থী উজ্জ্বল

জাকসুর নারী প্রার্থীর কারো চিন্তায় ‘ব্রেস্ট ফিডিং’ কর্নার, আছে ‘উদ্যোক্তা প্ল্যাটফর্ম’

জাকসু: বৃষ্টিস্নাত ক্যাম্পাসে ভোটের প্রচার শুরু

জাকসুতে ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের 'সংশপ্তক পর্যদ'

জাকসু: নারী হলে দেড়শ পদের মধ্যে মাত্র ৩৪টিতে ভোট

জাকসু ভোটে সেনা চেয়ে চিঠি, নিরাপত্তা ঘাটতি আসলে কতটা?

জাকসু নির্বাচনে ছাত্রীরা 'কোণঠাসা', কেমন হবে ভোট?

জাকসু নির্বাচনে প্রথমবারের মত প্রার্থী নেপালি শিক্ষার্থী

জাকসুতে জিতু-শাকিলের নেতৃত্বে 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন' প্যানেল

জাকসুতে অমর্ত্য-শরণের নেতৃত্বে লড়বে 'সম্প্রীতির ঐক্য'

জাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা, ২৫ পদে ১৭৯ জনের লড়াই

জাকসুতে ছাত্রশিবির ও বাগছাসের প্যানেলে যারা লড়ছেন

জাকসু নির্বাচন: 'শিক্ষার্থীবিরোধী পদক্ষেপের' নিন্দা ছাত্র ইউনিয়নের

জাকসুতে ছাত্রদল লড়বে সাদী-বৈশাখীর নেতৃত্বে

জাকসু ভোট: সেনা মোতায়েন চেয়ে নির্বাচন কমিশনের চিঠি

জাকসু: দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩২৮ জন

জাকসুর ২৫ পদের বিপরীতে মনোনয়ন সংগ্রহ ২৯৯টি

ফের জাকসুর তফসিল, ভোট ১১ সেপ্টেম্বর