১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাকসু: দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩২৮ জন

সোমবার রাতেই মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে বলে জানান সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 10:10 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু এবং হল সংসদ নির্বাচন অংশ নিতে দুই দিনে ৩২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৮৭টি এবং হল সংসদের জন্য ২৪১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম।

এর আগে ৫ অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত দুইবার পিছিয়ে আসে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের ৩০ ডিসেম্বর জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

এরই ধারাবাহিকতায় ১০ জানুয়ারি একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে নানা ঘটনার পর ৩০ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল জুলাইয়ের ৩১ তারিখ। 

পরে কয়েক দফা পেছানোর পর জাকসু নির্বাচনের তারিখ ঠিক করা হয় আগামী ১১ সেপ্টেম্বর।

সে তফসিল অনুযায়ী, ১৮ ও ১৯ অগাস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারার কথা। কেন্দ্রীয় ও হল সংসদে যে কোনো পদে মনোনয়নপত্রের দাম ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কিন্তু সোমবার (১৮ অগাস্ট) রাতেই মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে বলে জানান সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম।

তিনি বলেন, তবে বুধবার আখেরি চাহার সোম্বা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ২১ আগস্ট, বৃহস্পতিবার শেষ দিনের মতো জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণ ও জমা কার্যক্রম চলবে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেদিন দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং বিকাল ৪টার মধ্যে জমা দেওয়া যাবে।

জাকসু নির্বাচনের তফসিল স্থগিত, আশঙ্কাই সত্যি হল

৩৩ বছর পর জাকসুর ভোট, তবু শঙ্কা-অনিশ্চয়তা