১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাকসু নির্বাচন: অমর্ত্যর প্রার্থিতা আটকে দিল চেম্বার আদালত

চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 06:40 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার যে আদেশ হাই কোর্ট দুপুরে দিয়েছিল, বিকালে তা স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।

এর ফলে আগাম বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাকসু নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের প্রার্থী অমর্ত্যর নির্বাচনে অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত হয়ে গেল।

মঙ্গলবার বিকালে আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাই কোর্টের আদেশ স্থগিত করে দেন বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অমর্ত্য রায় বলেন, “আমার প্রার্থিতা বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে যে যুক্তি দেওয়া হয়েছে, তা হল, এরই মধ্যে আমার নাম ছাড়া ব্যালট পেপার ছাপা হয়ে গেছে। আমার প্রশ্ন হল, আমার প্রার্থিতা বাতিলের দুই দিনের মধ্যে যদি প্রশাসন ব্যালট ছাপতে পারে, তাহলে আগামী দুই দিনের মধ্যে তারা নতুনভাবে ব্যালট ছাপতে পারবে না কেন?

“আমরা মনে করি, এটি প্রশাসনের এক ধরনের দুরভিসন্ধি। প্রশাসন আমাকে নির্বাচন করতে দিতে চায় না। এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে— তা নিয়েও আমাদের সন্দেহ রয়েছে।”   

এর আগে দুপুরে অমর্ত্যর রিট আবেদনের শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিশ্বজিৎ দেবনাথের হাই কোর্ট বেঞ্চ তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেয়।

তার আইনজীবী মানজুর আল মতিন তখন সাংবাদিকদের বলেছিলেন, এই আদেশের ফলে অমর্ত্যর প্রার্থী হতে আর বাধা থাকল না। 

এর পরপরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে। 

গত শনিবার দুপুরে জাকসুর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অমর্ত্যর প্রার্থিতা বাতিলের বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক অমর্ত্য রায় জন (রেজি নং-৪৬৯৮৪) জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে।

‘সম্প্রীতি ঐক্য’ ২৯ অগাস্ট তাদের প্যানেল ঘোষণা করে। সেখানে সাধারণ সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শরণ এহসান (সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে (এজিএস-পুরুষ) নৃবিজ্ঞান বিভাগের নুর এ তামীম স্রোত (সভাপতি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ) এবং এজিএস (নারী) পদে ফারিয়া জামান নিকি (সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি) লড়াই করবেন।

‘সম্প্রীতির ঐক্য’ নামে এই প্যানেলে ছাত্র ইউনিয়নের একাংশ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশন, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, গণকৃষ্টি, চলচ্চিত্র আন্দোলন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি, জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম, জলসিঁড়ি রয়েছে।

আরও পড়ুন:

জাকসু নির্বাচন: অমর্ত্যর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ

জাকসু নির্বাচন: প্রার্থিতা ফেরাতে অমর্ত্যর রিট

জাকসু নির্বাচন: ভিপি প্রার্থী অমর্ত্যর প্রার্থিতা ফেরাতে আইনি নোটিস

জাকসু নির্বাচন: অমর্ত্যর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ

জাকসুতে অমর্ত্য-শরণের নেতৃত্বে লড়বে 'সম্প্রীতির ঐক্য'

জাকসু নির্বাচন বাতিল চেয়ে রিটের খবর 'গুজব', বলছেন অমর্ত্য