১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাকসু নির্বাচন: প্রার্থিতা ফেরাতে অমর্ত্যর রিট

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি মঙ্গলবার শুনানির জন্য রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 03:53 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে প্রার্থিতা ফেরানোর জন্য হাই কোর্টে রিট করেছেন সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায় জন।

সোমবার দুপুরে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের এই প্রার্থীর প্রার্থিতা বাতিলের আদেশের স্থগিতাদেশ চেয়ে রিটটি করা হয়েছে।

অমর্ত্য বলেন, “জাকসু নির্বাচন স্থগিত চেয়ে কোনো রিট করা হয়নি। রিট করা হয়েছে, অনিয়মতান্ত্রিকভাবে আমার প্রার্থিতা বাতিলের স্থগিতাদেশ চেয়ে। জাকসু নির্বাচন স্থগিত চাওয়ার যে রিটের কথা শোনা যাচ্ছিল, সেটি গুজব।”

এদিকে রিটকারীর আইনজীবী মানজুর আল মতিন হাই কোর্টে সাংবাদিকদের বলেছেন, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি মঙ্গলবার শুনানির জন্য রয়েছে।

শনিবার দুপুরে জাকসুর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অমর্ত্যর প্রার্থিতা বাতিলের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক অমর্ত্য রায় জন (রেজি নং-৪৬৯৮৪) জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে।

‘সম্প্রীতি ঐক্য’ ২৯ অগাস্ট তাদের প্যানেল ঘোষণা করে। সেখানে সাধারণ সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শরণ এহসান (সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে (এজিএস-পুরুষ) নৃবিজ্ঞান বিভাগের নুর এ তামীম স্রোত (সভাপতি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ) এবং এজিএস (নারী) পদে ফারিয়া জামান নিকি (সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি) লড়াই করবেন।

‘সম্প্রীতির ঐক্য’ নামে এই প্যানেলে ছাত্র ইউনিয়নের একাংশ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশন, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, গণকৃষ্টি, চলচ্চিত্র আন্দোলন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি, জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম, জলসিঁড়ি রয়েছে।

আরও পড়ুন:

জাকসু নির্বাচন: ভিপি প্রার্থী অমর্ত্যর প্রার্থিতা ফেরাতে আইনি নোটিস

জাকসু নির্বাচন: ভিপি প্রার্থী অমর্ত্যর প্রার্থিতা বাতিল

জাকসুতে অমর্ত্য-শরণের নেতৃত্বে লড়বে 'সম্প্রীতির ঐক্য'

জাকসু নির্বাচন বাতিল চেয়ে রিটের খবর 'গুজব', বলছেন অমর্ত্য