১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাকসু নির্বাচন: ভিপি প্রার্থী অমর্ত্যর প্রার্থিতা ফেরাতে আইনি নোটিস

প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান বলেন, “আমরা এখনো নোটিস পাইনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। 

নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই নোটিস পাঠিয়েছেন প্রার্থীর আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। 

রোববার দুপুরে পাঠানো এই নোটিসে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা পুনর্বহালের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, “আমরা এখনো নোটিস পাইনি। নোটিস হাতে পেলে লিগ্যাল অ্যাডভাইজারের মাধ্যমে আইনগতভাবে ব্যবস্থা নেব।”

শনিবার দুপুরে জাকসুর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অমর্ত্যর প্রার্থিতা বাতিলের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক অমর্ত্য রায় জন (রেজি নং-৪৬৯৮৪) জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে।

‘সম্প্রীতি ঐক্য’ ২৯ অগাস্ট তাদের প্যানেল ঘোষণা করে। সেখানে সাধারণ সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শরণ এহসান (সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে (এজিএস-পুরুষ) নৃবিজ্ঞান বিভাগের নুর এ তামীম স্রোত (সভাপতি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ) এবং এজিএস (নারী) পদে ফারিয়া জামান নিকি (সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি) লড়াই করবেন।

‘সম্প্রীতির ঐক্য’ নামে এই প্যানেলে ছাত্র ইউনিয়নের একাংশ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশন, ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, গণকৃষ্টি, চলচ্চিত্র আন্দোলন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জাহাঙ্গীরনগর ফটোগ্রাফি সোসাইটি, জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়াম, জলসিঁড়ি রয়েছে।

আরও পড়ুন:

জাকসু নির্বাচন: ভিপি প্রার্থী অমর্ত্যর প্রার্থিতা বাতিল

জাকসুতে অমর্ত্য-শরণের নেতৃত্বে লড়বে 'সম্প্রীতির ঐক্য'