Published : 20 Aug 2025, 04:20 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেনা মোতায়েন চেয়েছে নির্বাচন কমিশন।
সম্প্রতি সেনা মোতায়েন চেয়ে স্বশস্ত্র বাহিনী বিভাগে চিঠি দেওয়ার কথা বুধবার নিশ্চিত করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটগ্রহণের দিন, এর আগের দিন এবং পরের দিন সেনা মোতায়েনের জন্য সেনা প্রধানের কাছে চিঠি পাঠানো হয়েছে। মূলত সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করার কথা জানিয়েছি। এখনও সাড়া পাইনি তবে আমরা আশাবাদী।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “রাষ্ট্রে এখন বিশেষ পরিস্থিতি চলছে। পাশাপাশি সেনাবাহিনীরও ম্যাজিস্ট্র্যাসি পাওয়ার আছে। নির্বাচন কমিশন সার্বিক নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী থেকে সহযোগিতা চেয়েছে। শুধু সেনাবাহিনীই না বরং পুলিশ, র্যাব, আনসারের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে।”
জাকসু নির্বাচনের আগে পরে সেনা মোতায়েনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষার্থীরা।
জাকসুর ভোটার শোয়াইব হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ে মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেনাবাহিনী কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, সেই সংক্রান্ত বিষয়গুলো সুস্পষ্টভাবে আমাদের জানাতে হবে।
“পাশাপাশি দায়িত্ব পালনে তাদের নির্বাহী ক্ষমতা কেমন হবে সেটাও পরিষ্কার হওয়া প্রয়োজন আছে। আশা করি নির্বাচন কমিশন সবকিছু স্পষ্ট করবে।”
জাকসু: দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩২৮ জন
৫ অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত দুইবার পিছিয়ে আসে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের ৩০ ডিসেম্বর জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এরই ধারাবাহিকতায় ১০ জানুয়ারি একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে নানা ঘটনার পর ৩০ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল জুলাইয়ের ৩১ তারিখ। পরে কয়েক দফা পেছানোর পর জাকসু নির্বাচনের তারিখ ঠিক করা হয় আগামী ১১ সেপ্টেম্বর।
সে তফসিল অনুযায়ী, ১৮ ও ১৯ অগাস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারার কথা। কেন্দ্রীয় ও হল সংসদে যে কোনো পদে মনোনয়নপত্রের দাম ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জাকসু নির্বাচনের তফসিল স্থগিত, আশঙ্কাই সত্যি হল
৩৩ বছর পর জাকসুর ভোট, তবু শঙ্কা-অনিশ্চয়তা
সোমবার রাতে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে বলে জানান সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম।
এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৮৭টি এবং হল সংসদের জন্য ২৪১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম।