Published : 10 Aug 2025, 05:48 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মত তফসিল ঘোষণা করল প্রশাসন।
রোববার বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসুর সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম তফসিল ঘোষণা করেন।
জাকসু গঠনতন্ত্রের ৮/খ অনুসারে ও উপাচার্যের স্মারক নম্বর উঅ/জাবি/২০২৫/১০৬২ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, ১০ অগাস্ট খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে।
১৪ অগাস্ট বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে।
১৭ অগাস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা ১৮ ও ১৯ অগাস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিতে পারবেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২১ অগাস্ট থেকে ২৪ অগাস্ট ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ অগাস্ট।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ২৬ অগাস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ অগাস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ অগাস্ট বিকাল ৪টায় ।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ অগাস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৯ অগাস্ট বিকাল ৪টায়।
১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। একইদিনে সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম।
জাকসুর তফসিল ঘোষণা শেষে ২১টি হলের হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
এ সময় জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং ২১টি আবাসিক হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন উপস্থিত ছিলেন।
এর আগের তফসিল অনুযায়ী, ৩১ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল। ২৯ জুন রাতে সেই নির্বাচনের তারিখ স্থগিত করা হয়।
আরও পড়ুন: