Published : 21 Aug 2025, 08:42 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ২৫টি পদের বিপরীতে মোট ২৯৯টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া ২১টি হল সংসদের জন্য মনোনয়ন তুলেছেন ৪৬৭ জন।
এ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের শেষ সময় বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সদ্যস্যসহ সাধারণ শিক্ষার্থীরা এসব মনোনয়ন সংগ্রহ করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম।
এর আগে, ১৮ আগস্ট সকাল ৯টা থেকে শুরু হয়ে জাকসু ও হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ। প্রথমে সংগ্রহ-জমার জন্য দুই দিন সময় থাকলেও পরে শিক্ষার্থীদের কথা বিবেচনায় ২১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত তা বাড়ানো হয়।
সরেজমিনে নির্বাচন কমিশন কার্যালয়ে দেখা যায়, মনোনয়ন ফরম নিতে ভিড় করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীসহ ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী আব্দুর রশীদ জিতু বলেন, “জাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের জন্য এর মধ্যেই বিপুলসংখ্যক প্রার্থী নমিনেশন পেপার তুলেছেন। সবকিছু ঠিক থাকলে আমরা আশাবাদী যে আগামী ১১ সেপ্টেম্বর সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যুক্ত হবে এক নতুন অধ্যায়।”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, “জাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের কার্যক্রম এখন পর্যন্ত সন্তোষজনক।”
গণতান্ত্রিক ছাত্র সংসেদর আহ্বায়ক ও ভিপি পদপ্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যরা আলাদা প্যানেলের চিন্তা করছি। আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করব না। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে চাই।”
ছাত্রশিবির জাবি শাখার সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, “আমাদের সংগঠনের নেতৃবৃন্দ বাদেও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি প্যানেল করতে চাই। যেখানে নারীদের ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণ থাকবে।
“সকলকে নিয়েই আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। আমাদের প্যানেলের নাম হবে সমন্বিত শিক্ষার্থী জোট।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, “আজকে (বৃহস্পতিবার) মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন ছিল, প্রার্থীদের ভিড়ও ছিল বেশি।”
উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়ার আশা জানিয়ে তিনি বলেন, মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ২১ অগাস্ট থেকে ২৪ আগস্ট ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ অগাস্ট।
এছাড়া, মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ২৬ অগাস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ অগাস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ অগাস্ট বুধবার বিকাল ৪টায়।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ অগাস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সবকিছু শেষে আগামী ২৯ অগাস্ট বিকাল ৪ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান সদস্য সচিব।
পুরানো খবর
জাকসু ভোট: সেনা মোতায়েন চেয়ে নির্বাচন কমিশনের চিঠি
জাকসু: দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩২৮ জন