পরিবহন ধর্মঘটে অচল সিরাজগঞ্জ
বৃহস্পতিবার সিরাজগঞ্জ থেকে কোনো গন্তব্যে বাস ছেড়ে যায়নি।
বিএনপির সমাবেশের দুদিন আগে থেকে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট ডাকায় বিভাগের অন্যান্য জেলার মতো সিরাজগঞ্জের যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে জেলার কোনো বাস ছেড়ে যায়নি, অন্য কোথাও থেকে জেলায় আসেওনি।
বাস না পেয়ে দূরগামী অনেক যাত্রী বাড়ি ফিরে যাচ্ছেন; আবার কেউ কেউ বিকল্প যানবাহনে বাড়তি ভাড়ায় ছুটছেন গন্তব্যে। বেশি বেকায়দায় পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ থেকেও বৃহস্পতিবার কোনো বাস চলেনি।
বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশের আগে এমন কর্মসূচির কারণে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগ নেতারা।
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি সুলতান তালুকদার বলেন, “১০ দফা দাবিতে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট পালন করা হচ্ছে। দাবি মানা না হলে এ কর্মসুচি চলবে।”
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ রয়েছে। এ উপলক্ষে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে সেখানে বিএনপি নেতা-কর্মীদের সমাগম ঘটবে।
“তাই ১০ দফা মূল বিষয় নয়, মূলত দেশের অন্যান্য গণসমাবেশের মতো রাজশাহীর গণসমাবেশে মানুষকে আসতে বাধা দিতেই কৌশলে এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।”
তবে বিএনপির যে সকল নেতা-কর্মীর সমাবেশে যাওয়ার কথা তারা ইতোমধ্যে বিকল্প পথে চলে গেছেন বলে তিনি জানান।
বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বলেন, এই ধর্মঘটের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। বাস মালিক-শ্রমিক সমিতিতে বিএনপি-আওয়ামী লীগ-জাতীয় পার্টি সব দলেই লোক আছে। তারা তাদের দাবি আদায়ে ধর্মঘট ডেকেছে। এর সঙ্গে আওয়ামী লীগকে জড়ানোর সুযোগ নেই।
রাজশাহীতে হবে বিএনপির সাংগঠনিক বিভাগীয় নবম সমাবেশ। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর [সাংগঠনিক বিভাগ], সিলেট ও কুমিল্লায় [সাংগঠনিক বিভাগ] সমাবেশ হয়ে গেছে। রাজশাহীতে নবম সমাবেশের পর ১০ ডিসেম্বর ঢাকায় হবে শেষ সমাবেশ।
ময়মনসিংহ ও কুমিল্লা ছাড়া সব সমাবেশ ঘিরেই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। ময়মনসিংহে ধর্মঘট না থাকলেও সমাবেশের দিন বাস চলাচল করেনি। এতে সমাবেমগামী বিএনপি নেতা-কর্মী-সমর্থকসহ জনসাধারণের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।
আরও পড়ুন:
