০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে ১৭ ঘণ্টা পর পরিবহন ধর্মঘট স্থগিত

দাবি অনুযায়ী আগের সমস্যার সমাধান করা না হলে ৬ অক্টোবর থেকে ফের ধর্মঘট পালন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 01:45 AM

Updated : 02 Oct 2026, 01:45 AM

হবিগঞ্জে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় ১৭ ঘণ্টা পর আগামী ৫ অক্টোবর পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে শুক্রবার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ার কথা বলেছেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ফেডারেশন ও প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে। রোববার ঢাকায় এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। দাবি অনুযায়ী বিষয়টির সমাধান করা না হলে ৬ অক্টোবর থেকে ফের ধর্মঘট পালন করা হবে।

মৌলভীবাজারে গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করে জেলা মটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের ফলে সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ ছিল এবং ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত শত শত যানবাহন আটকা পড়ে।

এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অতিরিক্ত ভাড়ায় বিকল্পপথে যাত্রীদের চলাচল করতে দেখা যায়।