২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের মামলায় ১০ জন রিমান্ডে

আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করে

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের মামলায় ১০ জন রিমান্ডে

নারায়ণগঞ্জে ১ সেপ্টেম্বর বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 08:16 PM

Updated : 04 Sep 2022, 08:16 PM

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুর মোহসীনের আদালত প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, “আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।”

আসামিরা হলেন- ফতুল্লার মধ্য নরসিংহপুর এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুস সাত্তার (২২), আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর হাজী মোস্তফা সরদারের ছেলে মজিবুর রহমান (৫২), শহরের পালপাড়া মৃত যুগেশ চন্দ্র দেবনাথের ছেলে রঞ্জন কুমার দেবনাথ (৩৬), রূপগঞ্জের সিংলাবো এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে রাজিব (৩৮), সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকার আলী আক্কাসের ছেলে মো. জনি (৩৮), একই এলাকার মৃত আলী মোস্তফা খানের ছেলে রিমন (২২), ঈমান হোসেনের ছেলে ইমন (১৮), মদনপুরের উত্তর চানপুর এলাকার মৃত আমান উল্লাহর ছেলে মো. বাদল (৩৩), আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকার মৃত রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে আবুল কালাম ভূঁইয়া (৪৮) এবং ময়নাবাজ এলাকার আব্দুল মালেকের ছেলে মো. সোহান (১৯)।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা সকাল ১০টায় নগরীর ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে থেকে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নেন। এতে পুলিশ বাধা দিলে বাধা উপেক্ষা করে বিএনপির মিছিল পাঠাগারের সামনে থেকে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় যাওয়ার চেষ্টা করেন।

পুলিশ লাঠিপেটা শুরু করলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দুই নম্বর রেলগেইট এলাকায় চাররাস্তার মোড়ে চারদিকে ছড়িয়ে পড়েন। রেললাইনের পাশে থাকা ইট-পাটকেল সংগ্রহ করে তারা পুলিশের উপর ছুড়তে শুরু করেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ১০ জনকে আটক করে পুলিশ।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় চলে এই সংঘর্ষ। একদিক থেকে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল ছোড়ে, বিপরীতে পুলিশ টিয়ারশেল ও গুলি ছুড়তে থাকে। সংঘর্ষ চলাকালে গুলশান হলের সামনে মারা যান শাওন প্রধান।

ওইদিন রাতে সংঘর্ষে নিহত শাওন প্রধানের বড়ভাই মিলন প্রধান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় বিএনপির অজ্ঞাত পরিচয় ৫০০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

পরদিন শুক্রবার সদর থানার এসআই কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় বিএনপির ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৪০০০-৫০০০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন