২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাওনের মৃত্যু: বিএনপির মামলার আবেদন খারিজ

‘যুবদল কর্মী’ শাওন প্রধানের মৃত্যুর ঘটনায় তার ভাই একটি হত্যা মামলা করেন

শাওনের মৃত্যু: বিএনপির মামলার আবেদন খারিজ

নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 06:04 PM

Updated : 04 Sep 2022, 06:04 PM

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে ‘যুবদল কর্মী’ শাওন প্রধানের মৃত্যুর ঘটনায় বিএনপির মামলার আবেদনটি খারিজ করে দিয়েছে আদালত।

রোববার বিকেলে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে জেলার পুলিশ সুপারসহ ৪২ পুলিশ সদস্যকে আসামি করে এ মামলার আবেদন করেন।

পরিদর্শক আসাদুজ্জামান বলেন, “বিচারিক হাকিম ইমরান মোল্লা বাদীর শুনানি নিয়ে বিষয়টি আদেশের অপেক্ষায় রেখেছিলেন। পরে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় আদালত মামলাটি খারিজ করে আদেশ দেন।”

মামলার আবেদন খারিজের প্রতিক্রিয়ায় বাদীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলা আমলে নেওয়ার মতো কোনো কারণ ছিল না উল্লেখ করে আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। আমাদের মন্তব্য হলো, প্রাথমিক মামলা থাকার পরও অদৃশ্য কোনো চাপের কারণে বিজ্ঞ হাকিম অপরাধ আমলে নিলেন না। আলোচনা করে আমরা এই বিষয়ে পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করবো।”

মামলার আবেদনে বিবাদীরা দায়িত্ব অবহেলা করে স্থানীয় সরকারদলীয় নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে নিরস্ত্র ও শান্তিকামী নেতা-কর্মীদের ওপর বেপরোয়াভাবে শান্তিপূর্ণ র‌্যালিতে গুলি, টিয়ারশেল, রাবার বুলেট, লাঠিচার্জ করে শাওনকে নিহত করে, অন্যান্য নেতা-কর্মীদের আহত করে দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২/৩৪ ধারায় অপরাধ করেছে বলে বাদী উল্লেখ করেন।

মামলার আবেদনে আসামির তালিকায় ছিলেন- ডিবির এসআই মাহফুজুর রহমান কনক, সদর থানার ওসি আনিচুর রহমান মোল্লা, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) নাজমুল আলম, এসআই কামরুজ্জামান, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, কনস্টেবল শাহরুল আলম, মো. সোহাগ, মো. আরিফ দেওয়ান, ফেরদৌস দেওয়ান, সেলিম, রিপন, যুগল, মামুন, রিয়াজ, হাফিজ, এএসআই ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, সোহরাব, কনস্টেবল জাকির হোসেন, নাঈম, রাকিব, আনিস, সাইদুল, ইনজামামুল, রাসেল, খলিলুর রহমান, মোহসীন মিয়া, মোস্তাকিম, শাহাদাত হোসেন, ফখরুল ইসলাম, আরিফ দেওয়ান, দীপক সাহা, শাহীন, ফরিদ উদ্দিন, মুরাদুজ্জামান, শাহীন, কবির হোসেন, মান্নান, রুবেল, সোহাগ৷

এই ৪২ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও একশ থেকে দেড়শ পুলিশ সদস্যকে আসামি করা হয় মামলায়।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে থেকে শোভাযাত্রা বের করার প্রস্তুতি নেন। পুলিশ বাধা দিলে তা উপেক্ষা করে বিএনপির মিছিল পাঠাগারের সামনে থেকে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় যাওয়ার চেষ্টা করে।

পুলিশ লাঠিপেটা শুরু করলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দুই নম্বর রেলগেইট এলাকায় চার রাস্তার মোড়ের চারদিকে ছড়িয়ে পড়েন। তারা পুলিশের দিকে ঢিল ছুড়তে শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষ চলাকালে গুলশান হলের সামনে মারা যান ২০ বছর বয়সী শাওন প্রধান। ময়নাতদন্তের পর সেদিন গভীর রাতে পুলিশি প্রহরায় তার লাশ দাফন করা হয়।

বিএনপি নেতারা দাবি করে আসছেন, শাওন বক্তাবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শাওন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।

সংঘর্ষের পর সেদিন রাতেই শাওনের বড় ভাই মিলন হোসেন বিএনপির অজ্ঞাতপরিচয় ৫ হাজার জনকে আসামি করে একটি মামলা করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

সেখানে বলা হয়, “বিএনপি ও অঙ্গসংগঠনের আনুমানিক ৫ হাজার জনের মতো নেতা-কর্মী পুলিশের উপর ইট-পাটকেল, ককটেলের বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি করার সময় আমার ভাই শাওন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিক্ষিপ্ত ইট ও আগ্নেয়াস্ত্রের গুলির আঘাতে মাথায় ও বুকে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে।”

পরদিন পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে, যেখানে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৪০০০-৫০০০ জন বিএনপিকর্মীকে আসামি করা হয়।

আরও পড়ুন