২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস, গুজব নিয়ে সতর্কতা

“দেশবাসী দলে দলে নির্বাচনে অংশগ্রহণ করবে। এই অংশগ্রহণের মাধ্যমে দেখা যাবে যে হরতালকারীদের খুঁজেই পাওয়া যাবে না”, বলেন আইজিপি।

ভোটে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস, গুজব নিয়ে সতর্কতা

ফেনীতে একটি ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়ার পর সেখানে বিজিবি মোতায়েন করা হয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 11:36 PM

Updated : 05 Jan 2024, 11:36 PM

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে নাশকতার তথ্য পাওয়ার কথা জানিয়ে নিরাপত্তায় প্রস্তুতি নেওয়ার ঘোষণা এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। বলা হয়েছে, ‘ভোটে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে না।’

বিএনপি-জামায়াত ও সমমনাদের বর্জনের ভোটের এক দিন বাকি থাকতে শুক্রবার সকালে এই কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পুলিশ প্রধান ছাড়াও এদিন নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন বিজিবির ও আনসার ভিডিপির মহাপরিচালক। জানিয়েছেন, সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন আছে।

নাশকতা পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য জানালে ২০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও এসেছে, জানানো হয়েছে, গোপন থাকতে তথ্যদাতার পরিচয়।

তবে এর মধ্যেই ভোটকে কেন্দ্র করে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে ঢাকায় বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ আগুনে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে।

রোববারের ভোটকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর থেকে যে সংঘাত সহিংসতা শুরু হয়েছিল, তা কিছুটা কমে প্রচার শেষের আগের দিন দশেকে।

এই সময়টায় বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচি না দিয়ে ভোট বর্জনের আহ্বান জানিয়ে সারা দেশে লিফলেট বিতরণ করেছে। এমন বক্তব্যও এসেছে বিএনপি ‘ভোট প্রতিহত নয়, বর্জনের আন্দোলনে আছে।’

এর মধ্যে রাজশাহীতে চারটি, ফেনীতে একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। নাটোরেও একটি কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে।

উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে জানানো হয়েছে, ভোটের নিরাপত্তায় এবার পৌনে দুই লাখ পুলিশ সদস্য, পাঁচ লক্ষাধিক আনসার সদস্যের পাশাপাশি ৪০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আছে।

এছাড়া ৬২ জেলায় সেনাবাহিনী ও উপকূলীয় দুই জেলায় নৌ বাহিনীর সদস্যরা থাকছেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে।

এবারের নির্বাচনে ‘গুজব’ নিয়েও সতর্ক রয়েছে বাহিনীগুলো। প্রশাসনের কর্মকর্তাদেরও এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

তাদের তথ্য পেয়েছি: আইজিপি

সারাদেশে ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে পুরোপুরি প্রস্তুত জানিয়ে পুলিশ প্রধান বলেছেন, একটি পক্ষ মানুষের মনে ভীতি সঞ্চার করার পরিকল্পনা করছে। কিন্তু তাদের তথ্য পেয়েছেন তারা।

“বাংলাদেশ পুলিশ তাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তারা জনমনে এই ধরনের ভীতির সঞ্চার করতে পারবে না।”

Image

শুক্রবার রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ব্রিফিংয়ে আসেন আইজিপি

রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক ব্রিফিংয়ে ভোটারদের আশ্বস্ত করে আইজিপি বলেন, “দুষ্কৃতিকারীরা যত পরিকল্পনাই করুক, বাংলাদেশ পুলিশ সকলকে নিয়ে নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার প্রস্তুতি সম্পন্ন করেছে।”

নির্বাচনের জন্য মানুষ ‘উন্মুখ হয়ে আছে’ দাবি করে তিনি বলেন, “দেশবাসী দলে দলে নির্বাচনে অংশগ্রহণ করবে। এই অংশগ্রহণের মাধ্যমে দেখা যাবে যে হরতালকারীদের খুঁজেই পাওয়া যাবে না।”

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সে সব বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। একটি গ্রুপ যেহেতু নাশকতা করার চেষ্টা করছে আমরাও আছি যাতে না করতে পারে।”

পুলিশের পক্ষ থেকে এমন বক্তব্যের মধ্যেই রাত ৯ টার পর যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার খবর আসে। কমলাপুর স্টেশনে ঢোকার কিছুক্ষণ আগে সায়দাবাদের গোলাপবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

৪৮৭ ক্যাম্পে ৪০ হাজার বিজিবি সদস্য

নির্বাচনের নিরাপত্তা দায়িত্ব পালনে ৪০ হাজার বিজিবি সদস্য মাঠে আছেন। শুক্রবার মিরপুরে মোতায়েন করা সদস্যদের অবস্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

তিনি জানান, সারা দেশে ৪৮৭ টি ক্যাম্প থেকে ১ হাজার ১৫৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

Image

শুক্রবার ভোটের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন বিজিবির মহাপরিচালক নাজমুল হাসান।

বিজিবির ৭০০ টহল দল কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “যে কোনো প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুততম সময়ে কোনো দুর্ঘটনাস্থলে পৌঁছাতে আমরা প্রস্তুত আছি।”

বিজিবির গোয়েন্দা ইউনিটের সদস্যরা সাদা পোশাকে তথ্য সংগ্রহের পাশপাশি অনলাইনে গুজব ঠেকাতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

প্রতি কেন্দ্রে আনসার-ভিডিপি সদস্য ১২ জন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক সংবাদ সম্মেলন করে জানান, ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় ৫ লাখ ৫ হাজার ৭৮৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

Image

শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আসেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক

প্রতিটি কেন্দ্রে মোট ১২ জন করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন জানিয়ে তিনি বলেন, “একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও একজন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) এর নেতৃত্বে ৬ জন পুরুষ ও ৪ জন নারী ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন।”

উপকূলের ১৩টি উপজেলা বাদে সকল উপজেলায় আনসার ব্যাটালিয়ন এর একটি করে স্ট্রাইকিং টিম থাকবে বলেও জানান বাহিনীটির প্রধান।

গুজব নিয়ে সতর্কতা

৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সাধারণ ছুটির কতা উল্লেখ করে গত বুধবার একটি ভুয়া প্রজ্ঞাপন ছড়িয়ে পড়ে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। তারা জানায়, কেবল ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা আছে।

অনলাইনে আরও গুজব আসতে পারে এবং তা মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে আইজিপি বলেন, “সাইবার স্পেসে আমাদের বিভিন্ন ইনটেলিজেন্স ইউনিটগুলো সতর্ক রয়েছে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।”

গত মঙ্গলবার নির্বাহী হাকিমদের প্রশিক্ষণ কর্মশালায় তাদেরকেও গুজবের বিষয়ে সতর্ক থাকতে বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।

তিনি সেদিন বলেন, “এই গুজবগুলো দুই ধরনের। একটা হচ্ছে ইন্সট্যান্ট ফোন আসবে আপনার কাছে। ‘ওই এলাকায় মার্ডার হয়েছে, পাঁচজন আটকে রাখছে- এদিকে মুভ করেন’।

“আরেকটা গুজব হচ্ছে-সাইবারভিত্তিক। গুজব ছড়ালে জেলা প্রশাসক জানেন- কোথায় জানাতে হবে, সোশাল মিডিয়ায় আসা লিংকটা কার কাছে পাঠাতে হবে।”

আরো পড়ুন:

পুরনো খবর:

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত: ডিজি
সংসদ নির্বাচন: মোতায়েন থাকছে ৫ লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য
ভোটের দিনের নাশকতার পরিকল্পনা জেনে গেছি: আইজিপি
নাশকতাকারীদের তথ্য দিলে পুরস্কার