ডিম টমেটোর সুপ
শীতে খাবার টেবিলে উষ্ণতা ছড়াতে রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে তৈরি করুন মজার সুপ।
উপকরণ: ডিম ১টি। টমেটো পিউরি ১ কাপ। চিকেন স্টক ৬ কাপ। মাখন ১ টেবিল-চামচ। সিরকা ২ চা-চামচ। কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ। সাদা গোলমরিচের গুঁড়া কোয়ার্টার চা-চামচ। সয়া সস লাইট ১ টেবিল-চামচ। চিনি ও লবণ পরিমাণ মতো। ধনেপাতা-কুচি পরিমাণ মতো। কাঁচা-মরিচ কুচি ১,২টি (ঐচ্ছিক, ঝাল ঝাল খেতে চাইলে দেওয়া যেতে পারে)।
পদ্ধতি: চিকেন স্টক চুলায় দিয়ে ফুটে উঠলে টমেটো পিউরি দিতে হবে। অল্প স্টক ঠাণ্ডা করে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে দিতে হবে।
তারপর ডিম ও মাখন বাদে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে জ্বাল দিন। ফুটে উঠলে ডিম ফেটিয়ে গরম সুপে আস্তে আস্তে ঢালতে হবে।
কাঁচা-মরিচের কুচি, ধনেপাতা-কুচি ও মাখন দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার ডিম টমেটোর সুপ।
আরও রেসিপি
