যে কারণে দোকানের কফি বেশি ভালো লাগে
উন্নত সরঞ্জাম ও তাজা কফি বীজের ওপর নির্ভর করে ভালো কফির স্বাদ।
ঘরে যতই আধুনিক যন্ত্র ও দামী কফি ব্যবহার করা হোক না ‘কফি শপ’য়ের মতো সুস্বাদু হয় না।
কারণ পেশাদার কফি বিক্রেতারা আদর্শ কফি তৈরির নিয়ম সাধারণের চেয়ে ভালো জানেন বলেই তাদের কফি ঘরের চেয়ে ভালো হয়।
ওয়েলঅ্যান্ডগুড ডটকমে প্রকাশিত প্রতিবেদনে কফি বিশেষজ্ঞদের তথ্যের ভিত্তিতে জানানো হয়, নিখুঁত ও সুস্বাদু এক কাপ কফি বানাতে কিছু সঠিক কফি নির্বাচনের পাশাপাশি কিছু উপায় মেনে চলতে হয়।
যেসব কারণে দোকানের কফি বাসার চেয়ে ভালো হয়
‘বারিস্তা’ অর্থাৎ যারা পেশাদার কফি তৈরি করেন তাদের দক্ষতা ও জ্ঞান সাধারণের চেয়ে ভালো হওয়া স্বাভাবিক।
লন্ডনের কফি শপ ‘রোস্টিং প্ল্যান্ট কফি’র রোস্ট মাস্টার এবং ‘ব্রিউইং’ বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ জেনেভিয়েভ কাপলার বলেন, “পেশাদার বারিস্তাদের জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতার পাশাপাশি, কফি শপগুলোতে থাকা উন্নত সরঞ্জাম ভালো কফি প্রস্তুতে সহায়ক।”
কফি তৈরিতে আরও কিছু বিষয় মাথায় রাখা গুরুত্বপূর্ণ যেমন- পানির তাপমাত্রা। আদর্শ পানির তাপমাত্রা হয় ৯০ থেকে ৯৬ ডিগ্রি সেলসিয়াস।
কাপলার আরও বলেন, “যারা বাড়তি স্বাদযুক্ত কফি খোঁজেন তাদের জন্য দোকানে নানান রকমের সিরাপ ও ফ্লেইভার যোগ করার সুযোগ থাকে যা বাড়িতে হয়ে ওঠে না।”
তাজা কফি বীজ ব্যবহার
উন্নত মানের ‘কফি শপ’গুলোতে তাজা কফির বীজ ব্যবহার করা হয়।
কাপলার বলেন, “যদি খুব ভালো মানের কফি পান করতে চান তাহলে এমন কফি শপে যেতে হবে যেখানে উন্নমানের তাজা কফির বীজ ব্যবহার করা হয়।”
নিজেই কফির বিন রোস্ট করা
কফি বিন কতটা তাজা তা নির্ভর করে কত আগে তা রোস্ট করা হয়েছে তার ওপর।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা’র খাদ্য বিজ্ঞানী ম্যাকেঞ্জি ব্রাইসন জ্যাকসন ওয়েলঅ্যান্ডগুড’য়ে প্রকাশিত একটি প্রতিবেদনে বলেন, “যদিও কফির কোনো মেয়াদউত্তীর্ণ তারিখ নেই। তবে ভালো স্বাদের কফি পাওয়া যায় রোস্ট করার সাত থেকে ২১ দিনের মধ্যে। এই সময়ের মধ্যে কফি তার ঘ্রাণ ও স্বাদ ছড়াতে থাকে।”
তাজা বিন বা বীজ পাওয়ার একটা সহজ উপায় হল ঘরে বসেই কফির বিন রোস্ট করা।
“কফি বিন সবচেয়ে ভালো রোস্ট করা যায় দোকানে। তাই যেসব দোকানে এর সুব্যবস্থা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়া যেতে পারে”, বলেন কাপলার।
তিনি ব্যাখ্যা করেন, “যদিও এমনটা খুব একটা দেখা যায় না। সেক্ষেত্রে, দোকানে জিজ্ঞেস করা যেতে পারে, কতদিন আগে কফি বিন রোস্ট করা হয়েছে “
দেখা গেছে, রোস্টেড কফি সহজাতভাবেই উদ্বায়ী। রোস্ট করার দুয়েক সপ্তাহ পর থেকে তা ৭০ শতাংশ পর্যন্ত স্বাদ ও ঘ্রাণ হারাতে থাকে।
পরে অক্সিজেনের সংস্পর্শে এর প্রাকৃতিক তেল নষ্ট করে ফেলে। যে কারণে সেটা তিতা স্বাদযুক্ত হয়। কফি রোস্ট করা হয়েছিল এই বিষয়ে যদি দোকান বলতে না পারে তাহলে হয়ত তা বাসী।
যেভাবে ঘরে সুস্বাদু কফি বানানো যায়
ঘরে সুস্বাদু কফি বানানোর প্রথম ধাপ হল তাজা কফি সংগ্রহ করা।
এই বিষয়ে কাপলার বলেন, “দোকানের মতো কফি বানাতে হলে স্থানীয় বা অনলাইনের মাধ্যমে তাজা কফি রোস্টেড বীজ সংগ্রহ করতে হবে। অনেক কফি প্রতিষ্ঠান বাজারে তাজা রোস্টেড কফি বিক্রি করে। সেখান থেকেও মেয়াদ দেখে কফি সংগ্রহ করা যায়।”
তিনি ভালো গ্রাইন্ডার ব্যবহারের পরামর্শ দেন। উন্নত গ্রাইন্ডার ভালো মতো কফি গুঁড়া করতে পারে এবং সতেজভাব বজায় রাখ।
কাপলারের মতে, কফির দানার সতেজভাব বজায় থাকা ভালো কফির লক্ষণ।
কাপলার আরও বলেন, “এমন পরিমাণ কফি সংগহ করা উচিত যেন তা দুয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়। খুব বেশিদিন থাকলে এর স্বাদ নষ্ট হয়ে যায়।”
ঘরে কফি বানানোর আরেকটি বড় ভুল হয় দীর্ঘদিন কফি সংরক্ষণ করে রাখা।
কাপলার বলেন, “লন্ডনের কফি শপ ‘রোস্টিং প্ল্যান্ট’য়ে রোস্ট করা কফি সাত থেকে ১০ দিন পর্যন্ত তাজা থাকে, এরপর থেকে স্বাদ কমতে থাকে।”
অধিকাংশ মানুষই কফিকে অন্যান্য খাবারের মতো বিবেচনা করে যত্ন করেন না। তবে কফি বিন সহজেই গুণাগুণ হারাতে থাকে। তাই যারা কফিপ্রেমী তাদের উচিত কফির সতেজভাব বজায় রাখা। এতে স্বাদ অটুট থাকবে।
আরও পড়ুন
