‘উপযুক্ত সময়ের’ অপেক্ষা নয়: যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির তাগিদ কাতারের
ট্রাম্প বলেছেন, “ইরানের সঙ্গে আমরা খুব ভালোভাবে এগোচ্ছি।”
‘উপযুক্ত সময়ের’অপেক্ষায় না থেকে অবিলম্বে শান্তিচুক্তির মাধ্যমে সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, “আমরা কখনোই শতভাগ উপযুক্ত একটি শান্তিচুক্তি পাব না; কিন্তু সেই উপযুক্ত মুহূর্তের জন্য আপনি অপেক্ষাও করতে পারেন না।”
কাতারের দিক থেকে কূটনীতির এই তাগিদ এমন এক সময়ে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আমরা খুব ভালোভাবে এগোচ্ছি।”
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর তেহরানের প্রতি আগের কড়া অবস্থান থেকে ট্রাম্প কিছুটা সরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধ আরও বিস্তৃত হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে।
তিনি বলেন, “সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আপনারা শিগগিরই তা জানতে পারবেন।”
ইরানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদি করার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, “আমরা সিদ্ধান্ত নেব, আমরা কি আরও অগ্রসর হতে চাই এবং বিষয়টিকে চিরতরে এমনভাবে সিলমোহর দিতে চাই, যাতে এমনটি আর কখনো না ঘটে?”
হামলার পরিণতির ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ধ্বংসযজ্ঞ হলে দেশটি পুনর্গঠনে অন্তত ২৫ বছর সময় লাগবে।
ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে ফক্স নিউজ লিখেছে, ইরানে ফের সামরিক অভিযান শুরু করা হবে কি না, তা নিয়ে বুধ ও বৃহস্পতিবার হোয়াইট হাউজে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ট্রাম্প।
ফক্স নিউজ লিখেছে, আগামী ৯ নভেম্বর পশ্চিম এশিয়ায় অমাবস্যা থাকবে। এ সময় আকাশে চাঁদের আলো থাকবে না, যা সামরিক অভিযান পরিচালনার জন্য কৌশলগতভাবে অত্যন্ত সুবিধাজনক পরিবেশ বলে বিবেচিত হয়।
