যেভাবে বুঝবেন অবসরে যাওয়ার মতো অর্থ জমাতে পেরেছেন
অবসর জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে সময় থাকতেই টাকা জমানো উচিত।
অবসরে যাওয়ার পর আয় বন্ধ হয়ে গেলেও খরচ বন্ধ হবে না।
এই সময় যদি জমানো টাকা না থাকে তাহলে কীভাবে চলবে নিজের খরচ?
আর যদি কিছু জমানও থাকে তাহলে সেই টাকা দিয়ে কী অবসরে যাওয়ার পর বাকীটা জীবন চলবে? অবসরে যাওয়ার আগে কত টাকা জমাতে হবে? বা একটু আগেই অবসরে যেতে চাইলে কীভাবে বোঝা যাবে অবসরে যেতে পারি? এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমাদের সামনে চলে আসে।
এই বিষয়ে মার্কিন অর্থ-পরামর্শক উইলিয়াম বেঞ্জেন’য়ের ১৯৯৪ সালে প্রকাশিত ৪% রুলের উদাহরণ ব্যবহার বিস্তারিত জানিয়েছেন, ‘স্মার্ট মানি হ্যাকস: সঞ্চয় ও বিনিয়োগের সেরা প্ল্যান’ বইয়ের লেখক ও কর প্রশিক্ষক জসীম উদ্দিন রাসেল।
চার শতাংশের নিয়ম
জমানো টাকা থেকে প্রথম বছর ৪% টাকা উত্তোলন করে যদি খরচ চলে, তাহলে বুঝতে হবে অবসরকালীন ‘সেভিংস’ হয়েছে।
অন্যভাবে বলা যায়, আগে হিসাব করে দেখুন অবসরে যাওয়ার পর প্রতি মাসে কত খরচ হবে। যেহেতু এই সময়ে ছেলেমেয়ের পড়ালেখা শেষ হয়ে যাবে এবং তারা নিজেদের আয় দিয়ে নিজেরাই চলতে সক্ষম হবে তাই তাদের জন্য আর খরচ করতে হবে না।
শুধু আপনি এবং আপনার স্ত্রী/ স্বামীর চলার জন্য মাসিক যে খরচ হবে তা বিবেচনায় নিতে পারেন। এর সাথে দরকার মতো আরও কিছু খরচ বিবেচনায় নিতে পারেন। এভাবে নিয়ে দেখুন মাসিক কত লাগবে।
এভাবে মাসিক খরচের হিসাব বের করার পর এবার ১২ মাস দিয়ে গুন করুন।
যেমন- যদি দেখেন মাসে ২৫ হাজার টাকা হলেই হবে তাহলে ১২ মাসে আসে (২৫,০০০X১২) ৩ লাখ টাকা। এবার ২৫ বছর দিয়ে গুন করুন, তাহলে আসে (৩,০০,০০০X২৫) ৭৫ লাখ টাকা।
এবার এই ৭৫ লাখ টাকার ৪% হল ৩ লাখ টাকা, যা আপনার প্রথম ১২ মাসের খরচের টাকা। এই ৩ লাখ টাকা দিয়ে আপনি যেই বছর অবসরে যাবেন সে বছর চলতে পারবেন।
মাসিক খরচ যদি কম বা বেশি হয় তাহলে অবসরকালীন জমানো টাকার পরিমাণও কমবে বা বাড়বে।
১৯২৬ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এই ৪% রুল প্রকাশিত হয়েছে।
এক্ষেত্রে বলা যেতে পারে- প্রতি বছর যে ৩ লাখ টাকায় চলা যাবে সেটার কোনো নিশ্চয়তা নেই। কারণ প্রতি বছর যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে খরচের পরিমাণ বাড়বেই।
এই গবেষণায় মূল্যস্ফীতির বিষয়টা বিবেচনায় নিয়েই করা হয়েছে। প্রতি বছর ৪% মূল্যস্ফীতি ধরা হয়েছে।
প্রথম বছর ৩ লাখ টাকা, আপনার জমানো টাকা থেকে উত্তোলন করলেন। অবসরের দ্বিতীয় বছর ৩ লাখ ১২ হাজার (৩,০০,০০০X১.০৪) টাকা উত্তোলন করবেন।
এভাবে প্রতি বছর আগের বছরের থেকে ৪% বেশি উত্তোলন করবেন। তাহলে অবসরের সময়ে চলার খরচ নিয়ে চিন্তা করতে হবে না।
এখন প্রশ্ন আসতে পারে, ৭৫ লাখ টাকা জমানোর পর অবসরে গিয়ে খরচ করা শূরু করলে আস্তে আস্তে টাকা কমে যাবে না?
উত্তর হল- না, টাকা কমবে না।
এই গবেষণায় বলা হয়েছে, অবসরকালীন টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করুন যেখান থেকে নিয়মিত একটা রিটার্ন পাবেন। সেই রিটার্ন এসে আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে এবং এখান থেকেই টাকা উত্তোলন করে খরচ করবেন।
অবসরে গেলে কত টাকা লাগবে তার একটা ধারণা এখানে দেওয়া হল। তবে চিন্তার কিছু নেই, আপনি যে টাকা এখন জমানো শুরু করেছেন তা রিটার্নসহ বাড়তে থাকবে। যত আগে সঞ্চয় ও বিনিয়োগ শুরু করবেন তত দ্রুত লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
আরও পড়ুন
