Published : 16 Mar 2026, 01:47 PM
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের আসরে বেশিরভাগ পুরস্কার বিজয়ী ও সঞ্চালক তাদের বক্তব্য রাজনীতি-মুক্ত রাখলেও, বেশ কয়েকজন মঞ্চে রাজনীতিবিদ, বন্দুক হামলা ও বিশ্বের চলমান যুদ্ধের সমালোচনা করেছেন।
হলিউড রিপোর্টার লিখেছে, এবারের অস্কার অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কোনান ও’ব্রায়েন। সাধারণত অন্য সঞ্চালকদের মত তিনি খুব বেশি রাজনৈতিক মন্তব্য করেন না।
তবে উদ্বোধনী বক্তব্যেই দর্শকদের সতর্ক করে তিনি বলেন, “আজকের অনুষ্ঠান কিছুটা রাজনৈতিক হতে পারে।”
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার ঘোষণার আগে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম সরাসরি বলেন, ‘যুদ্ধ নয়, ফিলিস্তিন মুক্ত হোক’। তার পোশাকে দেখা গেছে যুদ্ধবিরোধী পিন।
তার এই স্লোগানের পর উপস্থিত দর্শকদের কাছ থেকে জোরালো করতালি শোনা যায়।
নরওয়ের সিনেমা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ পেয়েছে সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার। এই সিনেমার পরিচালক ওয়াকিম ট্রিয়ার তার বক্তব্য শেষ করেন আমেরিকান লেখক জেমস বল্ডউইনের উদ্ধৃতি দিয়ে।
তিনি বলেন, “সব প্রাপ্তবয়স্কই সব শিশুর দায়িত্ব নেয়—এমন রাজনীতিবিদকে ভোট দেবেন না যারা এই দায়িত্ব গুরুত্ব সহকারে নেন না।”
অনুষ্ঠান শেষে প্রেস রুমে ট্রিয়ার আরও বলেন, “বর্তমানে আমরা যুদ্ধে শিশুদের ওপর আক্রমণের খবর আগের চেয়ে অনেক বেশি পাচ্ছি। আমার দুটি ছোট সন্তান আছে। ফিলিস্তিন, ইউক্রেইন, সুদানের শিশুদের কষ্ট দেখে আমরা প্রতিদিন কাঁদছি, অসহায়বোধ করছি। কোনো জবাবদিহিতা নেই। আমি রাজনীতিবিদ নই, কিন্তু আমি বিশ্বাস করি—শিশুদের সুরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এর আগে দুটি ডকুমেন্টারি বিভাগের বিজয়ীরাও রাজনৈতিক বক্তব্য দেন। সেরা ডকুমেন্টারি শর্ট বিভাগে জয়ী ‘অল দ্য এম্পটি রুমস’ স্কুল শুটিংয়ে নিহত শিশুদের খালি ঘর নিয়ে তৈরি। পরিচালক জোশুয়া সেফটেল মঞ্চে হ্যালি, গ্রেসি, ডমিনিক ও জ্যাকি-এই চার শিশুর নাম স্মরণ করেন।

জ্যাকির মা, গ্লোরিয়া ক্যাসালেস বলেন, “আমার মেয়ে জ্যাকি যখন উভালদেতে নিহত হয় তখন তার বয়স ছিল ৯ বছর।
“সেই দিন থেকে, তার শোবার ঘর আগের মতই রয়ে গেছে। জ্যাকি শুধু একটি শিরোনাম নয়; সে আমাদের আলো এবং আমাদের জীবন।”
ক্যাসালেস আরও বলেন, “বন্দুক সহিংসতা এখন শিশু এবং কিশোর-কিশোরীদের মৃত্যুর এক নম্বর কারণ। আমরা বিশ্বাস করি যে যদি সবাই তাদের খালি শোবার ঘর দেখতে পেত, তাহলে আমেরিকার চেহারা পালটে যেত।”
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, পরিচালক সেফটেল আরও বলেন, “আমরা আমাদের দেশে এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে স্কুলে গোলাগুলোর ঘটনা খুব সাধারণ বিষয় হয়ে গেছে, প্রতি বছর ১০০টিরও বেশি এমন ঘটনা ঘটে। যেসব শিশু আমাদের ছেড়ে চলে গেছে আমরা যদি তাদের দিকে মনোযোগ দিই, তাহলে এই বিষয়গুলো, যা আমাদের মন থেকে দ্রুত মুছে যাচ্ছে, সেগুলো মনে রাখার সম্ভাবনা বেশি।”
সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে জয়ী ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ রাশিয়ার এক শিক্ষকের গোপন ভিডিও ফুটেজ নিয়ে তৈরি, যেখানে স্কুলকে যুদ্ধে সৈন্য নিয়োগ কেন্দ্রে পরিণত করা হয়েছে।
এর সহ-পরিচালক ডেভিড বোরেনস্টাইন বলেন, “মিস্টার নোবিড অ্যাগেইনস্ট পুতিনের মূল বিষয় হলো আপনি কীভাবে আপনার দেশকে হারিয়ে ফেলেন। এই ফুটেজ নিয়ে কাজ করার সময় আমরা যা দেখেছি তা হল, অসংখ্য ছোট ছোট আপোস করার মাধ্যমে আপনি নিজের দেশ হারিয়ে ফেলেন। যখন আমরা আপোস করে নেই , যখন সরকার আমাদের প্রধান শহরগুলোর রাস্তায় মানুষ হত্যা করে, যখন আমরা কিছু বলি না, যখন অলিগার্করা গণমাধ্যম দখল করে এবং কীভাবে আমরা এটি তৈরি করতে পারি ও গ্রাস করতে পারি তা নিয়ন্ত্রণ করে। আমাদের সকলেরই একটি নৈতিক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। কিন্তু সৌভাগ্যবশত, একজন 'নোবডি' আমরা যা ভাবি তার চেয়ে অনেক শক্তিশালী।”
সিনেমার মূল চরিত্র ও সহ-পরিচালক পাভেল তালানকিন (অনুবাদকের মাধ্যমে) বলেন, “চার বছর ধরে আমরা আকাশে খসে পড়া তারা দেখে জন্য ভালো কিছু চাই। কিন্তু কোনো কোনো দেশে খসে পড়া তারার বদলে বোমা ও ড্রোন আসে। সব যুদ্ধ এখনই বন্ধ করুন—আমাদের ভবিষ্যতের নামে, সব শিশুর নামে।”
রাতে সেরা ডকুমেন্টারি শর্ট ও ফিচারের পুরস্কার উপস্থাপন করেন জিমি কিমেল।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে খ্যাত কিমেল বলেন, “কিছু দেশের নেতা বাক স্বাধীনতা সমর্থন করেন না—যেমন উত্তর কোরিয়া আর সিবিএস।” সিবিএসের প্রধান নির্বাহী ডেভিড অ্যালিসনকে কটাক্ষ করে এই রসিকতা করেন কিমেল। অ্যালিসন ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।
মেলানিয়া ট্রাম্পের ডকুমেন্টারি নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “কিছু ডকুমেন্টারিতে হোয়াইট হাউসে ঘুরে ঘুরে জুতো পরার দৃশ্যও দেখা যায়।”
পরে সেরা ডকুমেন্টারি ফিল্মের মনোনয়ন তালিকা পড়ার সময় কিমেল আরও বলেন, “ওহ, তিনি নিশ্চয়ই রাগ করবেন—তার স্ত্রী তো এই বিভাগে মনোনীতই হননি!”
আরও পড়ুন-
অস্কার: সেরা অভিনেতার ট্রফি নিয়ে পূর্বসূরীদের স্মরণে মাইকেল বি. জ
অস্কার ২০২৬: জয়ের হাসি হাসল যারা
অস্কারে সেরা সিনেমা 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'
'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার': অসন্তোষ, প্রতিবাদ আর একাকী নায়কের গল্প
অস্কার উঠছে কাদের হাতে, অপেক্ষায় ডলবি থিয়েটার
অস্কারের মনোনয়নে রেকর্ড ভেঙেছে হরর সিনেমা 'সিনার্স'
অস্কার ২০২৬: মনোনয়নে যারা এবং যেসব সিনেমা
অস্কার ২০২৬: এসব তথ্য জানেন কজনা
অস্কার ২০২৬: শ্যালামে, ডিক্যাপ্রিও নাকি জর্ডান, শেষ হাসি হাসবে কে
রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ের সঙ্গে ফের অস্কার মঞ্চে প্রিয়
অস্কার ২০২৬: তবে কি বাকলিই চমক দেখাবেন?
অস্কারের আলোচিত ১০ সিনেমা, দেখা যাবে যেখানে
'সিনার্স' যেভাবে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে উঠল
অস্কার ২০২৬: পার্শ্বচরিত্রে এগিয়ে শন পেন, অভিনেত্রী শাখায় ত্রিমুখ
অস্কার ২০২৬: কখন শুরু, কারা তুলে দেবেন পুরস্কার, সঞ্চালনায় কে
অস্কার ২০২৬: বড় পরিবর্তন 'কাস্টিং শাখার' অন্তর্ভুক্তি
অস্কারে সেরা সিনেমা 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'