Published : 14 Mar 2026, 01:07 PM
চলচ্চিত্রের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আসর ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ফের হাজির থাকছেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
জনপ্রিয় তারকাদের সঙ্গে ওই আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে দেখা যাবে এই তারকাকে।
অস্কারে বিজয়ীদের হাতে যারা পুরস্কার তুলে দেবেন তাদের তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। প্রিয়াঙ্কার পাশাপাশি উইল আরনেট, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ে, পল মেসকালসহ গতবার অভিনয়ে অস্কার জেতা বিজয়ী এড্রিয়েন ব্রডি, মিকি ম্যাডিসন, জোয়ি সালদানা ও কিরেন কালকিন উপস্থিত থাকবেন পুরস্কার দেওয়ার দায়িত্বে।
এর আগে, ২০১৬ সালে প্রিয়াঙ্কা ৮৮তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে উঠেছিলেন। সেবার তিনি ও লিভ শ্রাইবার যৌথভাবে সেরা সম্পাদনার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিয়েছিলেন।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা প্রিয়াঙ্কা চোপড়া ২০০০ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব নিয়ে নেমেছিলেন বলিউডে, জনপ্রিয়তাও পেয়েছিলেন; তার পর হলিউডে পা রেখে বিয়ে করে ব্যবসা খুলে এখন আমেরিকায় থিতু প্রিয়াঙ্কা চোপড়া।
‘তামিজান’ দিয়ে ২০০২ সালে প্রিয়াঙ্কার বড় পর্দায় অভিষেক হয়। পরের বছর ‘দ্য হিরো’ দিয়ে হিন্দি সিনেমায় যাত্রা শুরু হয় প্রিয়াঙ্কার।
এরপরের দশকে একে একে উপহার দেন ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘কৃষ’, ‘ডন’, ‘আগ্নিপাথ’ ও ‘বারফি’র মত ব্যবসাসফল সিনেমা। হিন্দি সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হলিউডে মনোযোগ দেয়া শুরু করেন তিনি।
২০১৩ সালে অ্যানিমেটেড সিনেমা ‘প্লেইনস’ এ কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন প্রিয়াঙ্কা। দুই বছর পর যুক্তরাষ্ট্রের এবিসি নেটওয়ার্কের হিট টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ই তাকে হলিউডে পরিচিত করে তোলে। এরপর ২০১৭ সালে অভিনয় করেন ডোয়েইন জনসনের সঙ্গে ‘বেওয়াচ’ সিনেমায়।
২০১৮ সালে আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। এরই মধ্যে মা হয়েছেন সারোগেসির মাধ্যমে। কয়েক বছর আগে নিউ ইয়র্কে রেস্তোরাঁ খুলেছেন তিনি।
এরপর ‘দ্য মেট্রিক্স: রেসারেকশনস’সহ অনেকগুলো সিনেমাতেই নিয়মিত দেখা গেছে তাকে। হলিউডে ব্যস্ততা বাড়ায় হিন্দি সিনেমায় তার উপস্থিতি হাতোগোণা।
প্রিয়ঙ্কাকে শেষে দেখা গেছে অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘দ্য ব্লাফ’-এ। আগামী দিনে দর্শক তাকে দেখবে এসএস রাজামৌলী পরিচালিত ‘বারাণসী’ সিনেমায়।
তার সঙ্গে রয়েছেন মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। আগামী বছরের ৭ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ ছাড়াও ‘সিটাডেল’ এর পরবর্তী সিজ়নেও কাজ করবেন তিনি।