Published : 23 Jan 2026, 01:34 PM
চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সম্মান বলে বিবেচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে।
সেরা চলচ্চিত্র, পরিচালক, অভিনেতাসহ অস্কারের ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে একক কোনো সিনেমা হিসেবে সর্বোচ্চ মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে ভ্যাম্পায়ার হরর সিনেমা 'সিনার্স'। এর আগে রেকর্ড ছিল সর্বোচ্চ ১৪টি মনোনয়নের।
বিবিসি লিখেছে, ‘সিনার্স’ নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনার্দো ডি ক্যাপ্রিওর থ্রিলার 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'কে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে; ক্যাপ্রিওর সিনেমাটি পেয়েছে ১৩ শাখায় মনোনয়ন। যা তালিকার দ্বিতীয় অবস্থানে আছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে সরাসরি ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়।
মার্কিন অভিনয়শিল্পী ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান এই তালিকা ঘোষণা করেন।

মনোনয়নে আরও এগিয়ে রয়েছে ফ্রাঙ্কেনস্টাইন, এই সিনেমা মনোনয়ন পেয়েছে ৯ শাখায়। এছাড়া নয় শাখায় মনোনয়ন পাওয়া আরও দুইটি সিনেমা হল ‘মার্টি সুপ্রিম’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। আর ৮টি শাখায় মনোনীত হয়েছে ‘হ্যামনেট’।
চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা ছাড়াও পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, পোশাক ডিজাইন, প্রোডাকশন ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্টস, শব্দগ্রহণ, মৌলিক গান, মৌলিক সুর, রূপসজ্জা, কাস্টিং-এই ১৬টি শাখায় মনোনয়ন পেয়েছে রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’।

‘সিনার্স’ চলতি বছর যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা। গত শতকের তিরিশের দশকের মিসিসিপির পটভূমিতে বানানো ভ্যাম্পায়ার সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান।
সেরা চলচ্চিত্রেরের মনোনয়ন পাওয়া সিনেমাগুলো হল- বুগোনিয়া, এফ-ওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স, ট্রেন ড্রিমস।
সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন- ক্লোয়ি ঝাও (হ্যামনেট), জশ সাফদি (মার্টি সুপ্রিম), পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইওয়াকিম ট্রিয়ার (সেন্টিমেন্টাল ভ্যালু), রায়ান কুগলার (সিনার্স)।
সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন- টিমোথি শালামে (মার্টি সুপ্রিম), লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), মাইকেল বি জর্ডান (সিনার্স), ওয়াগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)।

সেরা অভিনেত্রীর মনোননয় পেয়েছেন- জেসি বাকলি (হ্যামনেট), রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই হ্যাড কিক ইউ), কেট হাডসন (সং সাং ব্লু), রেনাটা রেইনসভে (সেন্টিমেন্টাল ভ্যালু) এবং এমা স্টোন (বুগোনিয়া)।
আগামী ১৫ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে দেওয়া হবে চূড়ান্ত পুরস্কার।